প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মো. জামাল আকন (৫৮) নামে এক কৃষককে কুপিয়ে দুই পায়ের রগ ও হাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
আহত জামাল আকন উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একই এলাকার অসুস্থ গ্রামপুলিশ সদস্য শহিদুলকে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান জামাল আকন। চিকিৎসা শেষে রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত জামাল আকনের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, তাঁর বাবার সঙ্গে থাকা গ্রামপুলিশ সদস্য শহিদুল এ ঘটনার বিষয়ে জানেন। তাঁর দাবি, বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সুমনের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত না হওয়ার কারণে চেয়ারম্যানের লোকজন তাঁর বাবার ওপর হামলা চালিয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার সময় জামাল আকনের সঙ্গে থাকা গ্রামপুলিশ সদস্য শহিদুল বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং এ নিয়ে কিছু বলতে পারবেন না।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন