০৯:০৪ এম
দিনাজপুর পৌর এলাকার হঠাৎপাড়ায় ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার কাঞ্চন ব্রিজের ওপর দিনাজপুর-বিরল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করেন এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে কাঞ্চন ব্রিজ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে ব্রিজের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি কাজে বের হওয়া যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
আরও পড়ুন: চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী এবং পৌরসভার কর্তৃপক্ষের দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাসে মানববন্ধন ও বিক্ষোভ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানি রাস্তাঘাট ও বসতবাড়িতে প্রবেশ করে। ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। তারা আরও জানান, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন