মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৬ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ আবারো প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে যাচ্ছেন আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার জন্য। তার গবেষণার বিষয় হচ্ছে নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই এবং কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে তার প্রতিধ্বনি।
তিনি সোমবার (২৩ নভেম্বর) ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। পরের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে তিনি ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পার্সিয়ান কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন অধ্যাপক ড. মুমিত। এবার তার গবেষণার কেন্দ্রবিন্দু হচ্ছে ওমর খৈয়াম। মূলত ফারসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্যের যোগসূত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্দেশ্যেই তার এই গবেষণা ও উপস্থাপনা।
অধ্যাপক ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বিশ্ব পরিসরে পরিচিত করে তোলা। নজরুল ছাড়াও তিনি লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত এবং হেলাল হাফিজকে নিয়ে তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন। বিশেষ করে এসব গবেষণা ফারসি ভাষায় উপস্থাপন করার মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
অধ্যাপক মুমিত আল রশিদ ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে তিনি ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বাংলা, ইংরেজি এবং ফারসি ভাষায় দেশে-বিদেশে তার ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান এবং ভারতে প্রকাশিত হয়েছে তার গবেষণাকর্ম। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর ছাড়াও চীনের সাংহাই ও বেইজিং এবং ইরান, তুরস্ক, ভারত, আজারবাইজান ও তাজিকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন তিনি।
ওমর খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও তার গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেয়া হয়।
ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। তিনি ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র এবং প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন। কাকলী প্রকাশনী থেকে ‘ইরানের পথে-প্রান্তরে’ প্রকাশিত হয়েছে। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। অ্যাডর্ন প্রকাশনী থেকে ‘ইরানি প্রেমের গল্প’ প্রকাশিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে জানালার গ্লাসে গুলির আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তার ব্যবসায়িক অফিস রয়েছে। তিনি জানান, এর আগে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারা এবং কী কারণে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে উপস্থিত হয়েছেন। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের আসরে তার উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। কালো রঙের পোশাকের সঙ্গে নকশা করা ব্লেজারে বিজয়ের আলাদা আভিজাত্য ফুটে ওঠে।
বিজয় সেতুপতি ওই দিন কালো প্যান্ট, কালো শার্ট এবং কালো ব্লেজার পরিধান করেছিলেন। পুরো পোশাকটি একই রঙের ছিল। তবে ব্লেজারের ওপরের সূচিকর্মের নকশা সাধারণ পোশাকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্য অনেক তারকাকে ঝলমলে ও ব্যতিক্রমী পোশাকে দেখা গেলেও, বিজয় সাদামাটা সাজে আলাদা করে নজর কাড়েন।
এমিতে ভারতের দুটি মনোনয়ন
এই বছর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে দুটি মনোনয়ন ছিল। কৌতুকশিল্পী ও অভিনেতা বীর দাস কমেডি বিভাগে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলেন। তার বিশেষ অনুষ্ঠান ‘বীর দাস: ফুল ভলিউম’ এই বিভাগে মনোনীত হয়।
অন্যদিকে, সেরা ড্রামা সিরিজ বিভাগে সনি লিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ মনোনীত হয়েছিল। সিরিজটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে একটি ফুটবল ক্লাব গড়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে তৈরি।
তবে, ভারতীয় এই দুই মনোনয়ন শেষ পর্যন্ত কোনো পুরস্কার জিততে পারেনি। কমেডি বিভাগে পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘ডিভিশন পালারমো’। সেরা ড্রামা সিরিজের পুরস্কার গেছে অ্যাপল টিভির ফরাসি সিরিজ ‘কারেম’-এর কাছে।
পুরস্কারের রাতে যুক্তরাজ্যের দাপট
এবারের আসরে যুক্তরাজ্যের প্রযোজনাগুলো সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। মোট ১৬টি বিভাগের মধ্যে ৯টিতে পুরস্কার জিতেছে যুক্তরাজ্য। বিবিসির নাটক ‘আনফরগিভেবল’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ববি স্কোফিল্ড। ‘দ্য সেটলার্স’ প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পেয়েছেন লুই থেরু।
এছাড়া, সংবাদ বিভাগে পুরস্কার জিতেছে স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড: ২৪ আওয়ার্স ইন দ্য কিল জোন’। চলতি ঘটনা বিভাগে পুরস্কার পেয়েছে আইটিভির ‘এক্সপোজার’। শিশুদের তিনটি বিভাগেও পুরস্কার গেছে যুক্তরাজ্যের ঝুলিতে।
অন্যদিকে, ফ্লেমিশ ড্রামেডি ‘হোলি শিট’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের মোনা মিনা লিওন।
নয় মনোনয়নে নেটফ্লিক্সের এক জয়
নেটফ্লিক্স এবারের আসরে সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়েছিল। তবে, তারা শেষ পর্যন্ত মাত্র একটি পুরস্কার অর্জন করেছে। কমেডি বিভাগে ‘ডিভিশন পালারমো’ এই পুরস্কার জিতে নিয়েছে।
অনুষ্ঠানে নেটফ্লিক্সের সাবেক প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাবেক আন্তর্জাতিক প্রেসিডেন্ট গেরহার্ড জেইলার।
নিউইয়র্ক হিলটনে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন ‘শ্রিংকিং’ তারকা মাইকেল ইউরি। এবারের আসরে ২২টি দেশের মোট ৬৪ জন মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনাটি মঙ্গলবারের। নিহত রাফিউল শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার অটোরিকশাচালক আশরাফুল ইসলামের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার খেলার সময় রাফিউল বাড়ির কাছেই করতোয়া নদীর পাড়ে চলে যায়। এক পর্যায়ে সে অসাবধানতাবশত নদীতে পড়ে যায়।
এই ঘটনা জানার পর তার সঙ্গে থাকা অন্যান্য শিশুরা দ্রুত বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের অবহিত করে। পরে তার স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
আশঙ্কাজনক অবস্থায় রাফিউলকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, নদীতে পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর সামনে ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পথ উন্মুক্ত হয়। তবে, কোন পথে এগোলে নিজের যোগ্যতা ও আগ্রহের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক শিক্ষার্থী দ্বিধায় পড়েন। বাংলাদেশে বিসিএস, সরকারি চাকরি ও ব্যাংকের চাকরির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকলেও, এর বাইরেও ক্যারিয়ার গড়ার অসংখ্য সুযোগ বিদ্যমান। গবেষণা, প্রযুক্তি, উদ্যোক্তা হওয়া কিংবা নতুন কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের বিস্তারে কর্মক্ষেত্রের চাহিদা পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়জীবন থেকেই নিজের দক্ষতা চিহ্নিত করা, কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া এবং সময়োপযোগী প্রস্তুতি গ্রহণের গুরুত্ব বেড়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং ও ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল মোমেন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, চাকরিনির্ভর মানসিকতা, নতুন কর্মক্ষেত্র ও ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে আলোচনা করেছেন।
প্রশ্ন : কখন থেকে এবং কীভাবে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার পরিকল্পনা শুরু করা উচিত?
উত্তর : বিশ্ববিদ্যালয়জীবন হলো একাডেমিক ও কারিকুলামভিত্তিক জ্ঞানের পাশাপাশি পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা অর্জনের শ্রেষ্ঠ সময়। বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ার পরিকল্পনা শুরু করা উচিত। শুরুতে নিজের আগ্রহের জায়গাগুলো চিহ্নিত করতে হবে। এরপর স্নাতকজীবনের পুরো সময় ধাপে ধাপে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা সবচেয়ে কার্যকর উপায়।
প্রশ্ন : অনেকের কাছে ক্যারিয়ার মানেই বিসিএস, সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরি। এই চাকরিকেন্দ্রিক মানসিকতার পেছনে কী কী কারণ রয়েছে?
উত্তর : বাংলাদেশে বিসিএস বা সরকারি চাকরির প্রতি অতিরিক্ত ঝোঁকের মূল কারণ হলো চাকরির নিরাপত্তা। এর বাইরেও চিন্তা করার প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে মূলধনের অভাব, ঝুঁকি নেওয়ার মানসিকতার ঘাটতি এবং বিকল্প পেশা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব।
প্রশ্ন : একজন শিক্ষার্থী কীভাবে নিজের আগ্রহ, যোগ্যতা ও বিশেষ দক্ষতা চিহ্নিত করে সেই অনুযায়ী ক্যারিয়ার বেছে নিতে পারবেন?
উত্তর : শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাবের কার্যক্রম, স্বেচ্ছাসেবী কাজ, খণ্ডকালীন চাকরি এবং অনলাইন কোর্সের মাধ্যমে নিজেদের আগ্রহ ও বিশেষ দক্ষতা যাচাই করতে পারেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের সুযোগ রয়েছে। কোন কাজে আনন্দ পাওয়া যায় এবং কোনটি সহজে করা যায়, তা মূল্যায়ন করা জরুরি। এ ক্ষেত্রে পরিবারের উচিত সন্তানের ওপর নির্দিষ্ট পেশা চাপিয়ে না দিয়ে তার নিজস্ব পছন্দকে সমর্থন দেওয়া ও প্রয়োজনীয় সহায়তা করা। পাশাপাশি শিক্ষকদের উচিত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা মূল্যায়ন করে সঠিক ক্যারিয়ার বেছে নিতে পরামর্শ দেওয়া।
প্রশ্ন : শুধু একাডেমিক ফলাফল ভালো হলেই কি কর্মজীবনে সফল হওয়া সম্ভব?
উত্তর : বাংলাদেশের বর্তমান করপোরেট ও বেসরকারি খাতে শুধুমাত্র ভালো সিজিপিএ দিয়ে সফল হওয়া সম্ভব নয়। এটি শুধুমাত্র প্রাথমিক বাছাইয়ে সাহায্য করে। কর্মক্ষেত্রে টিকে থাকতে ও উন্নতি করতে বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগের দক্ষতা, নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিক প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য। এছাড়া স্নাতক পর্যায়ে ইন্টার্নশিপ বা খণ্ডকালীন কাজের বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখে। ইন্টার্নশিপের সুযোগ প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে বর্তমানে ইউজিসি বাংলাদেশ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টিতে কাজ করছে।
প্রশ্ন : বিসিএস বা প্রচলিত চাকরির বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্তমানে কী কী সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্র রয়েছে?
উত্তর : বর্তমানে বাংলাদেশে প্রচলিত চাকরির বাইরেও বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের তরুণরা বিশ্ববাজারে সফলভাবে কাজ করছেন, যা অনেক সময় আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি। এছাড়া দেশীয় স্টার্টআপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ছে। বহুজাতিক কোম্পানি, করপোরেট খাত, ডিজিটাল মার্কেটিং, গণমাধ্যম এবং উন্নয়ন সংস্থায় (এনজিও) দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিভিন্ন গবেষণা এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এসব বিষয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। কারিকুলামভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করা উচিত।
প্রশ্ন : আগামীতে কোন পেশাগুলোর চাহিদা বাড়বে এবং শিক্ষার্থীদের কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন?
উত্তর : কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ফলে প্রচলিত অনেক রুটিনমাফিক কাজ কমে যাচ্ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট নতুন ধারার পেশার চাহিদা বাড়ছে। ভবিষ্যতে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং এবং সৃজনশীল কনটেন্ট তৈরির পেশাগুলোর চাহিদা থাকবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে এআই টুলের ব্যবহার, ডেটা বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধানের মতো মানবিক ও কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতা পাঠ্যক্রমেও বাধ্যতামূলকভাবে যুক্ত করা উচিত।
প্রশ্ন : শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য কতটা প্রস্তুত করছে?
উত্তর : দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পাঠ্যক্রম অধিকাংশ ক্ষেত্রেই তাত্ত্বিক ও মুখস্থনির্ভর, যা আধুনিক শিল্প খাতের চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে স্নাতক শেষ করেও শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যথেষ্ট প্রস্তুত হতে পারছেন না। এই পরিস্থিতি বদলাতে পাঠ্যক্রমে ব্যবহারিক ও গবেষণামূলক শিক্ষা বাড়ানো, শিল্প খাতের চাহিদা অনুযায়ী কারিকুলাম হালনাগাদ করা এবং প্রতিটি বিভাগে বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও কারিগরি প্রশিক্ষণ যুক্ত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ পেশাজীবনে যথাযথভাবে দায়িত্ব পালনে সহায়ক হবে।
প্রশ্ন : আগামী ১০ বছরে বাংলাদেশের চাকরির বাজার ও কর্মসংস্থানের সম্ভাবনা কেমন হতে পারে?
উত্তর : আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতের প্রসারের সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদা বহুগুণ বাড়বে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব নীতিনির্ধারককে এ বিষয়ে এখনই প্রস্তুতি নিতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা ইতোমধ্যে অনেক পিছিয়ে পড়েছি। আমাদের মনে রাখতে হবে, সাধারণ ডিগ্রিধারীদের জন্য প্রতিযোগিতা আরো কঠিন হবে। বর্তমান শিক্ষার্থীদের প্রতি পরামর্শ হলো—শুধু একটি চাকরির আশায় বসে না থেকে নিজেকে বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ করুন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির বিপ্লবের এই যুগে পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করুন। ডিগ্রির পাশাপাশি উদ্ভাবনী ও সৃজনশীল কাজ করুন এবং বাস্তব সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করে নিজেকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত রাখুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ