প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ আবারো প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে যাচ্ছেন আন্তর্জাতিক পরিসরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার জন্য। তার গবেষণার বিষয় হচ্ছে নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই এবং কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে তার প্রতিধ্বনি।
তিনি সোমবার (২৩ নভেম্বর) ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। পরের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) একই স্থানে তিনি ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পার্সিয়ান কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন অধ্যাপক ড. মুমিত। এবার তার গবেষণার কেন্দ্রবিন্দু হচ্ছে ওমর খৈয়াম। মূলত ফারসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বাংলা সাহিত্যের যোগসূত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্দেশ্যেই তার এই গবেষণা ও উপস্থাপনা।
অধ্যাপক ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বিশ্ব পরিসরে পরিচিত করে তোলা। নজরুল ছাড়াও তিনি লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত এবং হেলাল হাফিজকে নিয়ে তুলনামূলক সাহিত্যচর্চা করেছেন। বিশেষ করে এসব গবেষণা ফারসি ভাষায় উপস্থাপন করার মাধ্যমে বাংলা সাহিত্যকে ভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
অধ্যাপক মুমিত আল রশিদ ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান। তার জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে তিনি ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বাংলা, ইংরেজি এবং ফারসি ভাষায় দেশে-বিদেশে তার ২৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান এবং ভারতে প্রকাশিত হয়েছে তার গবেষণাকর্ম। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর ছাড়াও চীনের সাংহাই ও বেইজিং এবং ইরান, তুরস্ক, ভারত, আজারবাইজান ও তাজিকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন তিনি।
ওমর খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও তার গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এ পুরস্কার দেয়া হয়।
ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। তিনি ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র এবং প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন। কাকলী প্রকাশনী থেকে ‘ইরানের পথে-প্রান্তরে’ প্রকাশিত হয়েছে। নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’ এবং ‘মটকা ও দামেস্কের দিনলিপি’। অ্যাডর্ন প্রকাশনী থেকে ‘ইরানি প্রেমের গল্প’ প্রকাশিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন