ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনা


ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনা

দীর্ঘ দুই বছর পর গত ২৮ জুন ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা পুনরায় চালু করেছে। ভিসা চালুর পর থেকেই দেশজুড়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশন ঢাকা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরের দিকে হাইকমিশন একটি বার্তায় জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে তারা উৎসাহিত।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

বার্তায় আরও বলা হয়, ভিসা পরিষেবা আরো বিস্তৃত করতে এবং আবেদন প্রক্রিয়াকে অধিক সাবলীল ও সুবিধাজনক করতে তারা কাজ করে যাচ্ছেন। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো নিবিড় করার প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় আয়োজন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


সুইফট-কেলসির বিয়ের উৎসব শুরু, ভক্তদের চোখে ‘রাজকীয় আয়োজন’

পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের মূল আয়োজনের সূচনা হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনেক তারকা জড়ো হয়ে আছেন।

৩৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার গায়িকা এবং তিনবারের সুপার বোলজয়ী কেলসি বৃহস্পতিবার রাতে একটি বিশেষ ডিনারের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতার শুরু করেন। এই বিশেষ অনুষ্ঠানে মাত্র ১০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।

গত আগস্টে কেলসির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিল সুইফট, তবে বছরের সবচেয়ে আলোচিত এ বিয়ের আয়োজন সম্পর্কে সুইফট কিছু বলেননি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অতিথিদের গোপনীয়তা রক্ষার জন্য চুক্তিতে সই করানো হয়েছে।

তবে সবকিছু ইঙ্গিত করে যে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময়ে অনুষ্ঠিত এ আয়োজনটি বিশ্বের অন্যতম আলোচিত এই জুটির মর্যাদা এবং জাঁকজমকের সঙ্গে মানানসই হবে।

এএফপির এক সাংবাদিক বৃহস্পতিবার গভীর রাতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে একটি ব্যক্তিগত তাবুর সামনে একের পর এক কালো এসইউভি গাড়ি ঢুকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, এই গাড়িগুলোতে অতিথিরা এসেছিলেন। এ সময় এক ঝলক দেখার আশায় সেখানে ভিড় করেছিলেন ভক্তরাও।

ম্যানহাটনের ২৪ বছর বয়সী অ্যালিসা হাইনেন বলেছেন, ‘টেইলর এখন আমেরিকার সবচেয়ে বড় তারকা। তিনি আমাদের রাজপরিবারের সদস্যের মতো, আমাদের রানি, আমাদের সবকিছু।’

হাইনেন এও বলেন, ‘তিনি তার জীবনের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন, এবং তিনি নিজেও এত বড় একজন তারকা। আমাদের কাছে এটি রাজকীয় বিয়ের মতো মনে হচ্ছে।’

মার্কিন গণমাধ্যমের খবর অনুসারে, শুক্রবারের মূল অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। তাদের মধ্যে সুইফটের ঘনিষ্ঠ বন্ধু মডেল জিজি হাদিদ ও কারা ডেলেভিন, গায়িকা সেলেনা গোমেজ এবং অভিনেত্রী জোয়ে ক্রাভিট্সের উপস্থিত থাকার কথা রয়েছে।

কেলসির দল কানসাস সিটি চিফসের সতীর্থরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গুঞ্জন রয়েছে যে, সুইফটের ঘনিষ্ঠ স্টিভি নিকস এবং টিম ম্যাকগ্রো অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। এছাড়া সুইফটের আরেক ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ শিল্পী এড শিরান এবং পল ম্যাককার্টনি মঞ্চে উঠতে পারেন। বিকেলের ককটেল পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সংবর্ধনা চলবে।

কয়েক সপ্তাহ ধরেই এই জুটির বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে গত এক সপ্তাহ ধরে ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায় ছিল ব্যাপক উত্তেজনা।

সাংবাদিকেরা লবস্টারের মাংস এবং ডোনাট বহনকারী খাবারবাহী ট্রাক সেখানে ঢুকতে দেখেছেন। পুলিশও স্টেডিয়ামের আশপাশের কয়েকটি সড়ক বন্ধের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই দম্পতি ইতোমধ্যেই নিউইয়র্কে অবস্থান করছেন।

মঙ্গলবার সুইফটের ব্যক্তিগত বিমান কাছাকাছি অবতরণ করেছে। শহরে তার গাড়িও দেখা গেছে। অন্যদিকে ম্যানহাটনে দৌড়ানোর সময় কেলসির একটি ছবি তোলা হয়েছে। বড় দিনের আগে এ দম্পতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দুই কোটি ৬০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি আলোচকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইসরাইলকে ঘিরে উত্তেজনা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


ইরানি আলোচকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইসরাইলকে ঘিরে উত্তেজনা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুদ্ধের অবসানে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল তেহরানের শীর্ষ আলোচক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার পরিকল্পনা করছিল। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মধ্যে এমন ধারণা রয়েছে এবং তারা ইরানি কর্মকর্তাদের জন্য এই বিষয়ে পরোক্ষ সতর্কতা প্রদান করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কিছু কর্মকর্তার বিশ্বাস ছিল ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পরবর্তী সপ্তাহগুলোতে ইসরাইল সম্ভবত শীর্ষ ইরানি আলোচকদের হত্যার উদ্দেশ্যে কাজ করছিল।

টাইমস জানায়, এই উদ্বেগের প্রেক্ষিতে মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা তেহরানকে সময়মতো জানান যে, ইসরাইল তাদের দুই প্রধান আলোচককে হত্যা করার জন্য লক্ষ্যবস্তু বানাতে পারে।

টাইমসের উদ্ধৃত কর্মকর্তারা এও উল্লেখ করেন, ২৮ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় এবং ইসরাইল ইরানের শীর্ষ নেতৃত্বের বেশিরভাগ সদস্যকে নাশকতার শিকার করতে থাকে, তখন আরাঘচি ও গালিবাফ উভয়েই বৈধ লক্ষ্যবস্তু হতে পারতেন।

ইসরাইল ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও হত্যা করেছে, যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে পারে। তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি ছিলেন।

মার্কিন কর্মকর্তারা বলেন, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর, আরাঘচি ও গালিবাফ যখন যুদ্ধবিরতি আলোচনায় ইরানের অবস্থান তুলে ধরতে শুরু করেছিল, তখন তাদের হত্যার যেকোনো প্রচেষ্টা সম্ভবত আলোচনাকে ব্যাহত করতো এবং নতুন করে লড়াই শুরু করে দিত।

এর আগে, গত মার্চ মাসে যুদ্ধ চলাকালীন, এক পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানান যে, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন তারা তাদের লক্ষ্যবস্তু হিসেবে তুলে না ধরে। এরপর ইসরাইল আরাঘচি ও গালিবাফকে তাদের ‘হিট লিস্ট’ থেকে সরিয়ে দিয়েছিল।

সেই সময় পাকিস্তানি কর্মকর্তাটি বলেন, ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল যে, যদি এই দুইজনের কেউ বা উভয়ই মারা যায়, তাহলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার আর কোনো সুযোগ থাকবে না। তাছাড়া তিনি বলেন, ‘সেই জন্য যুক্তরাষ্ট্র ইসরাইলিদের অগ্রসর হতে বলেছে।’

টাইমস জানিয়েছে, গালিবাফ দুই বার জীবনে বেঁচে গিয়েছেন, একবার ২০২৫ সালে ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সময় এবং অন্যবার চলতি বছরের যুদ্ধে। উভয় ক্ষেত্রেই তাকে হামলার সময় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

প্রতিবেদন অনুসারে, ১২ এপ্রিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনার পর, ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ যখন ইসলামাবাদ থেকে ইরানে ফিরছিলেন, তখন তার ওপর একটি সুনির্দিষ্ট ইসরাইলি হুমকি আবারও দেখা দেয়।

টাইমস জানিয়েছে, ইরান একটি ইসরাইলি গুপ্তহত্যার চেষ্টার আশঙ্কা করেছিল এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছিল। এর ফলে পাকিস্তানি যুদ্ধবিমান দিয়ে ইরানি প্রতিনিধিদলকে ইসলামাবাদ থেকে ইরান সীমান্তে এসকর্ট বা পাহারা দেওয়া হয়।

কিন্তু ফেরার পথে, ইরানের নিরাপত্তা বাহিনী গালিবাফের বিমানকে এমন গোয়েন্দা তথ্য জানায় যে, ইসরাইল হামলা চালানোর পরিকল্পনা করছে। দুজন মার্কিন কর্মকর্তা টাইমসকে জানান যে, দুটি ইসরাইলি যুদ্ধবিমান ইরাক থেকে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানটি উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জরুরি অবতরণ করে এবং গালিবাফ ও তার প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা আট ঘণ্টার সড়কপথ পরে তেহরানে ফিরে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার এবং পাঁচ পাচারকারীকে আটক করার ঘটনা ঘটেছে কোস্টগার্ডের পক্ষ থেকে।

আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গতকাল গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময়, ঐ এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে নজর কাড়ছে মিশর, বিতর্কে কোচ হোসাম হাসান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


বিশ্বকাপে নজর কাড়ছে মিশর, বিতর্কে কোচ হোসাম হাসান

মিশর ২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করেছে। ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো তারা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং এখন তারা শেষ ৩২-তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু মাঠে অর্জিত এই সাফল্যের পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানকে ঘিরে ফুটবল ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে।

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করার পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠান। এর প্রতিক্রিয়ায়, হোসাম হাসান এক বিবৃতিতে প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, আল-সিসির অভিনন্দন বার্তা তার কাছে ‘বুকে ঝোলানো একটি পদকের’ মতো মনে হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, প্রেসিডেন্টের নেতৃত্বে মিশরের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

৫৯ বছর বয়সী হোসাম হাসান মিশরের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও পরিচিত। তিনি খেলোয়াড়ী জীবনে আফ্রিকা কাপ অব নেশনস তিনবার জিতেছেন। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও তিনি বেশ কিছু সফলতা দেখিয়েছেন। তার কোচিংয়ের অধীনে মিশর বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত থেকে মূল পর্বের জন্য স্থান নিশ্চিত করেছে। এরপর বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে আসরের ইতিহাসে নিজেদের প্রথম জয় পেয়েছে এবং পরবর্তীতে নকআউট পর্বে স্থান নিশ্চিত করে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, হোসাম হাসানের অনেক বক্তব্য ও কর্মকাণ্ড ফুটবল এবং রাজনীতির মধ্যে সীমারেখা অস্পষ্ট করে দেয়। প্রতিবেদনে বলা হয়, তিনি প্রায়ই জাতীয় দলের কোচ হিসেবে নিজের অবস্থান থেকে রাষ্ট্রের নেতৃত্বের প্রতি প্রকাশ্যে সমর্থন ও কৃতজ্ঞতা জানান।

এছাড়া প্রতিবেদনে ২০১৯ সালের আফ্রিকা কাপ অব নেশনসের পরে একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সে সময় মিশরের হতাশাজনক পারফরম্যান্সের পর প্রেসিডেন্ট আল-সিসি বলেছিলেন, বিদেশি কোচের পরিবর্তে দেশীয় কোচদের প্রতি আস্থা রাখার প্রয়োজন। পরে ২০২৪ সালে পর্তুগিজ কোচ রুই ভিতোরিয়াকে সরিয়ে হোসাম হাসানকে জাতীয় দলের দায়িত্ব দেয় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

বিশ্বকাপ চলার সময় হোসাম হাসান সাংবাদিকদের নিশ্চিত করেন, তার চুক্তির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। তবুও তিনি এখনও জাতীয় দায়িত্ববোধ থেকেই দল পরিচালনা করে চলেছেন।

প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের শেষ দিকে আফ্রিকা কাপ অব নেশনসের ট্রফির প্রদর্শনী অনুষ্ঠানে মিশরের ক্রীড়ামন্ত্রী আশরাফ সোবহি সাংবাদিক ও বিশ্লেষকদের কাছে জাতীয় দলের কোচিং স্টাফকে প্রকাশ্যে সমালোচনা না করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের পাশে যেমন দাঁড়ানো হয়, তেমনি জাতীয় দলের কোচিং স্টাফেরও পাশে থাকা উচিত।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পরেই হোসাম হাসানও মন্তব্য করেছেন, সাফল্য আসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে এবং প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া তার সবচেয়ে বড় পুরস্কার হবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, দেশের নেতৃত্ব এমন দায়িত্ব পালন করছে, যা অন্য কারও পক্ষে করা সম্ভাব নয়।

প্রতিবেদনটি আরো বলেছে, ২০২৫ সালের জুনে হোসাম হাসান এবং তার যমজ ভাই, জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান ৩০ জুনের বিক্ষোভের বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি দেন। সেখানেও তারা দিনটিকে ‘মর্যাদার প্রতীক’ হিসেবে উল্লেখ করেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত এক দশকে মিশরের ফুটবলের গুরুত্বপূর্ণ বিভাগগুলো যেমন স্পনসরশিপ, টিকিটিং ব্যবস্থা, সম্প্রচার, স্টেডিয়াম পরিচালনা এবং বিশ্বকাপ ফ্যান জোন রাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ফলে জাতীয় দল ও সমর্থকদের মধ্যে যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%