ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবাকে নির্যাতনের অভিযোগে মাদকাসক্তের কারাদণ্ড প্রদান


ব্রাহ্মণবাড়িয়ায় মা-বাবাকে নির্যাতনের অভিযোগে মাদকাসক্তের কারাদণ্ড প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলার আমিনপুর গ্রামে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে এনায়েতুল্লাহ (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে অভিযোগের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সদর মডেল থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। আদালত এনায়েতুল্লাহকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করে। দণ্ডিত এনায়েতুল্লাহ ফেরদৌস মিয়ার পুত্র।

এনায়েতুল্লাহর বাবা ফেরদৌস মিয়া জানান, মাদক ক্রয়ের জন্য তার ছোট ছেলে এনায়েতুল্লাহ তাদের উপর নির্যাতন চালাত এবং গ্রামে চুরি করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করে আদালত ওই যুবককে সাজা প্রদান করে কারাগারে পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কোচ স্কোয়াড থেকে বাদ দিলেন ৬ ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বাংলাদেশ কোচ স্কোয়াড থেকে বাদ দিলেন ৬ ফুটবলার

বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোচ থমাস ডুলি টুর্নামেন্টের জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ ফুটবলারকে প্রাথমিক স্কোয়াডে ডেকেছিলেন। পরে কয়েকজন প্রবাসী ফুটবলারকে অনুশীলনে যুক্ত করা হয়। কয়েক দিনের অনুশীলনের পর কোচ এবার প্রাথমিক স্কোয়াড থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসির তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে আজকের অনুশীলনের পর বাদ দেবেন। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জনকে নিয়ে যাবেন, সেটা এখনও জানাননি।"

বাদ পড়া ফুটবলারদের মধ্যে ইসা ফয়সাল বাংলাদেশের পরীক্ষিত ফুলব্যাক। তিনি হ্যাভিয়ের ক্যাবরেরার সময়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। তবে থমাস ডুলির অধীনে বাংলাদেশ দলের প্রথম ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। এবার সেই ইসা আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা পেলেন না।

সান মারিনো সফরে বাংলাদেশের দলে ছিলেন মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। তারাও এবার কোচের চূড়ান্ত পরিকল্পনা থেকে বাদ পড়েছেন।

এদিকে, দুই প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিত সরকার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবে অনুশীলনে তারা কোচের নজর কাড়তে পারেননি। আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ অবশ্য এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করছেন বলে জানা গেছে।

বাদ পড়া ফুটবলারদের মধ্যে কাজেম, ইসা ও তাজ উদ্দিন ইতোমধ্যে দলের হোটেল ছেড়েছেন। রাহুল এখনও হোটেলে অবস্থান করছেন। তবে ঠিক কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোচ কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট পজিশনে একাধিক বিকল্প থাকায় কোচ ডুলি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে। এর আগে আগামীকাল ঢাকায় ফর্টিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পে গ্যাসসংকট মোকাবিলায় সরকারের নানা পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


শিল্পে গ্যাসসংকট মোকাবিলায় সরকারের নানা পরিকল্পনা

 

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার শিল্প খাতে গ্যাস সংকট প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০৩০-৩১ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পাশাপাশি ২ডি ও ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনা এবং সমুদ্র অঞ্চলের ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘অনশোর মডেল পিএসসি ২০২৬’ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গড়ে দৈনিক ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

ভবিষ্যতের গ্যাস সংকট মোকাবেলার জন্য মহেশখালীর কুতুবজোমে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ চলছে।

পরিকল্পনা অনুযায়ী, কুতুবজোমের টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়ীর টার্মিনাল থেকে ২০৩০ সালের ডিসেম্বর নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। ভোলার গ্যাস এলএনজি আকারে এনে শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে।

গ্যাসের প্রাপ্যতা সাপেক্ষে অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড ও বিসিকের মতো পরিকল্পিত শিল্পাঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


হাইকোর্টের নির্দেশে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ এই রায় প্রদান করে। আদালত এ বিষয়ে জারি করা রুল খারিজ করে এই সিদ্ধান্ত নেন। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর, হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআর কর্তৃক দাবি করা ৬৬৬ কোটি টাকার রায় প্রত্যাহার করে নেয়।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার এবং বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রত্যাহার করে। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয় এবং পরে নতুন বেঞ্চে মামলাটি পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একটি দেশের বড় সম্পদ হল তার জনসংখ্যা : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


একটি দেশের বড় সম্পদ হল তার জনসংখ্যা : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, একটি দেশের বড় সম্পদ হলো সে দেশের জনসংখ্যা। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার প্রয়োজন রয়েছে। জনমিতিক লভ্যাংশের সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে। তিনি উল্লেখ করেন, উন্নয়ন শুধুমাত্র অর্থের পরিবর্তন নয়; মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা আবশ্যক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে ইউএনএফপিএ- এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের আওতায় আয়োজিত ‘থ্রি ডিভিডেন্ডস, ওয়ান উইনডো: অ্যা পার্লামেন্টারি ডায়ালগ অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, জনমিতিক লভ্যাংশ, জেন্ডার লভ্যাংশ এবং দীর্ঘায়ু লভ্যাংশ প্রত্যেকটি একে অপরের সাথে সম্পর্কিত। এর জন্য প্রয়োজন নীতিগত পরিকল্পনার বাস্তবায়ন। তিনি বলেন, পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে শুধু নীতি প্রণয়ন করলেই হবে না। বরং আইন প্রণয়ন ও সংস্কার, বাজেটের কার্যকর ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করাও প্রয়োজন।

স্পিকার উল্লেখ করেন, সংসদ সদস্যদের নিজেদের এলাকায় পলিসি প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। প্রতিটি নাগরিকের উন্নয়ন সুযোগ নিশ্চিত করা আবশ্যক। নারীদের শিক্ষার সুযোগ, প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের কাজের ব্যবস্থা করতে হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ জনগোষ্ঠী। তরুণদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। তরুণদের দক্ষতা এবং প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে জনপ্রতিনিধিগণ পলিসি লেভেলে কাজ করে থাকে। রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে দক্ষ জনসংখ্যা ও মানবসম্পদ বিদেশে প্রেরণে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউএনএফপিএ ও এসপিসিপিডি প্রকল্পের প্রতিনিধি, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%