০১:৫৬ পি.এম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। মঙ্গলবার নিহতদের স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত ও গ্রহণ করেছেন।
গত রোববার রাতে দেশটির রাজধানীর রং বিয়ার না লাট ফ্রাও বার ও রেস্তোরাঁয় লাইভ মিউজিক চলাকালে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়লে আতঙ্কে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় কয়েকজনের পোশাকে আগুন ধরে যায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র। সোমাবার ভোরে ২৭ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে একই দিনে আরও একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য
মঙ্গলবার সকালে ব্যাংককের চাতুচাক জেলা কার্যালয় জানায়, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৫ জন, যাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে পুলিশ জেনারেল হাসপাতালে জড়ো হন। এএফপির এক প্রতিবেদক জানান, এক ব্যক্তিকে একটি কফিনের ওপর ধূপকাঠি ধরে প্রার্থনা করতে দেখেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
অগ্নিকাণ্ডের পরপরই ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপান্ট বলেছেন, বেশিরভাগ মানুষ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কেন তা এত প্রাণঘাতী হয়ে উঠেছিল, তা জানতে ফরেনসিক পুলিশ ধ্বংসস্তূপ পরীক্ষা করছে। তদন্তে সম্ভাব্য বৈদ্যুতিক ত্রুটি এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের আগে তারা ভেতরে ধোঁয়া দেখতে পান এবং হঠাৎ আলো নিভে যায়। এরপর বিস্ফোরণ ও তীব্র আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উনসিত সামপুনথারাত মঙ্গলবার জানিয়েছেন, ওই বারের লাইসেন্স নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে সেখানে লাইভ মিউজিক আয়োজনের অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন