০১:২৮ পি.এম
পুরোনো গানের সুরে নতুন আবেশ তৈরি হয়েছে, যেখানে দুই বাংলার শিল্পী ও সংগীতস্রষ্টাদের একটি অনন্য মেলবন্ধন দেখা যাচ্ছে। কলকাতা থেকে বাংলাদেশের প্রথিতযশা সংগীতশিল্পী রাজিয়া মুক্তির কণ্ঠে প্রকাশিত হয়েছে বাংলা গানের দুই কালজয়ী সৃষ্টি ‘যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম’ ও ‘উন্মনা মন স্বপ্ন মগন’। গান দুটি নতুন সংগীতায়োজন ও আধুনিক আবহে কাভার সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়েছে, মূল সুর ও আবেগ অক্ষুণ্ন রেখে।
‘উন্মনা মন স্বপ্ন মগন’ গানটির গীতিকার হলেন প্রখ্যাত গীতিকার মোহিনী চৌধুরী। অপরদিকে, ‘যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম’ গানটির রচয়িতা তার স্ত্রী লীলা চৌধুরী। রাজিয়া মুক্তির কণ্ঠের স্বাতন্ত্র্য ও গায়কিতে মুগ্ধ হয়ে মোহিনী চৌধুরীর অপর পুত্র ও চিত্রপরিচালক দিগ্বিজয় চৌধুরী তার মাধ্যমে কালজয়ী গান দুটি কাভার করার উদ্যোগ গ্রহণ করেন। গান দুটি কলকাতার প্রাইম পিক্সেল স্টুডিও থেকে প্রকাশিত হয়েছে।
গান দুটি সম্পর্কে দিগ্বিজয় চৌধুরী মন্তব্য করেন, ‘গীতসংগীত’ চলচ্চিত্রে কুমার শানুর কণ্ঠে ‘যখন রাত্রি নিঝুম’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। অন্যদিকে, ‘উন্মনা মন স্বপ্ন মগন’ কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে এক অনবদ্য ক্লাসিক হিসেবে পরিচিত। রাজিয়া মুক্তি তার নিজস্ব স্বকীয়তা দিয়ে গান দুটিকে নতুনভাবে প্রাণবন্ত করে তুলেছেন। তার স্পষ্ট উচ্চারণ, আবেগ ও কোমল গায়কিতে গান দুটি ভিন্নমাত্রা পেয়েছে।
আরও পড়ুন: বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় শেহতাজের ছবি
তিনি আরো বলেন, এটি নিছক কোনো পুনর্নির্মাণ নয়; বরং দুই বাংলার সংগীতপ্রেমীদের জন্য ভালোবাসার একটি নিবেদন। রাজিয়া মুক্তি পুরুষ কণ্ঠে গাওয়া গানের আবেগকে নিজের স্বতন্ত্র গায়কিতে নতুনভাবে তুলে ধরেছেন।
কাভার গান দুটি প্রসঙ্গে রাজিয়া মুক্তি জানান, ‘কালজয়ী গান দুটি নতুনভাবে গাওয়ার জন্য দিগ্বিজয় দাদা অনেক আগেই আমাকে অনুরোধ করেছিলেন। মোহিনী চৌধুরী পরিবারের স্নেহধন্য হতে পেরে নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করছি। তিনিই প্রথম বাংলাদেশের কোনো শিল্পী, যিনি ‘মুক্তির মন্দির সোপান তলে’র মতো কালজয়ী গানের রচয়িতার লেখা মৌলিক গান গাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘সংগীতকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রতিটি গানে নিজের স্বকীয়তা ধরে রাখা জরুরি। আমি চেষ্টা করেছি গান দুটির মূলভাব ও আবেগ অক্ষুণ্ন রেখে নিজের মতো করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে।’
এর আগে কলকাতা থেকে মোহিনী চৌধুরীর লেখা এবং তার জ্যেষ্ঠপুত্র ভবিষ্যৎ চৌধুরীর সুরে রাজিয়া মুক্তির কণ্ঠে প্রকাশিত হয়েছিল দুটি মৌলিক গান ‘সূর্য এবার নতুন আকাশে জাগো’ ও ‘সাগরে যে ঘর বেঁধেছে’। শ্রোতামহলেও গান দুটি প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে
দীর্ঘদিন ধরে মেলোডিনির্ভর গানকে প্রাধান্য দিয়ে সংগীতচর্চা করে আসছেন রাজিয়া মুক্তি। এর আগে জি সিরিজ থেকে তার ‘আমি একা’ ও ‘আমার ভিতর বাহির’ শিরোনামে দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তার অসংখ্য মৌলিক গান ও নজরুলসংগীত পরিবেশনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন