০৬:২১ পি.এম
নওগাঁর বদলগাছীতে হায়দার আলী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ দিন পর গত ১২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. সামসুদ্দিন (৪১) ও সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বারাতৈল গ্রামে নিজ বাড়ি থেকে সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতায় রাত পৌনে দুইটার দিকে দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে হায়দার আলীকে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজার থেকে হায়দার আলীকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, তাঁকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নেওয়ার পর বদলগাছী সদর ও থানা-সংলগ্ন এলাকায়ও নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিহতের স্বজনরা অভিযোগ করেছিলেন, তাঁরা ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশকে জানালেও দীর্ঘ সময়েও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশেষ করে হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত সামসুদ্দিন ও তাঁর ছেলে সৌমিক বাবুর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হায়দার আলী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সামসুদ্দিন ও সোহেল রানাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা কী উদ্দেশ্যে হায়দার আলীকে তুলে নিয়ে নির্যাতন করেছিল এবং ঘটনায় আর কারা জড়িত, তা উদ্ঘাটনের দাবি এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ জেলা প্রতিনিধি
আরও পড়ুন: এক যুগপূর্তি উৎসব পালন করল সন্দ্বীপ মেডিকেল সেন্টার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন