০৯:৩৬ পি.এম
গাজীপুরের টঙ্গীতে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তার অভিযানে দুই যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অপহরণের শিকার ওই দুই যুবককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া ফকির মার্কেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে তারেক হোসেন (১৯), ওই এলাকার আতাউর রহমানের মেয়ে আফসানা আক্তার আঁখি (২৮) এবং তার বোন নদী (২৬)।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর জেলার ফটিয়ামারী এলাকার বাসিন্দা সালেহীন মিয়া (২৮) বর্তমানে টঙ্গীর বড় দেওড়া এলাকায় বসবাস করেন। বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি বন্ধু টিটু মিয়ার সঙ্গে আশুলিয়ার গৌরিপুরে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
গত ১৬ জুন রাতে প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার পথে, টিটু মিয়ার ফোন পেয়ে বড় দেওড়ার একটি ভবনের কক্ষে যান সালেহীন। সেখানে প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিনি কক্ষে টিটুকে আহত অবস্থায় দেখতে পান। পরে অভিযুক্তরা সালেহীন এবং টিটুর চোখ বেঁধে ভবনের ছাদে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখায় এবং তাদের কাছে উপস্থিত নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এরপর সালেহীনের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা এবং টিটু মিয়ার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাদের ওপরে নির্যাতন চালানো হয়। শর্তানুযায়ী, দুই পরিবার থেকে মোট ৪০ হাজার টাকা আদায় করা হয়। তবে আরো টাকার জন্য চাপ অব্যাহত ছিল।
পরদিন ১৭ জুন সকালে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে সালেহীনকে আশুলিয়ার গৌরিপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে সুযোগ বুঝে সালেহীন চিৎকার শুরু করেন যে তিনি অপহরণের শিকার। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এবং ট্রেনিং সেন্টারের কর্মীরা এগিয়ে এসে সঙ্গে থাকা এক অভিযুক্তকে আটক করেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালেহীন মিয়া ও আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার হওয়া তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন