০৪:৫৯ পি.এম
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) ভোররাতে এ মাদক পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুজ্জা খাল লক্ষ্মণের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার সময় মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে থাকা পাঁচজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় ওই ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের বহন করা পাঁচটি প্যাকেট ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলোর ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা মোট ৫৫ কাট বা ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান চালক আজিজুল হক নিহত
বিজিবি জানায়, উদ্ধার অভিযানের পর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি। উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের ফলে একের পর এক সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়ে উঠছে। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন