০১:১৩ পি.এম
ফাইনালের লড়াইটি টাইব্রেকারে গড়িয়েছে। সেখানে স্নায়ুচাপের মধ্যে বাজিমাত করেছে ডেডলাইন স্কোয়াড। ক্যাপিটাল স্ট্রাইকার্সকে পরাজিত করে রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর অ্যাথলেটস হাব বাই এমজিআই মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন রিমার্ক-হারলান গ্রুপের কর্মীরা।
ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ডেডলাইন স্কোয়াড এবং ক্যাপিটাল স্ট্রাইকার্স ছাড়াও মাঠে নামে সাইবার প্রাঙ্ক, রিমার্ক রেঞ্জার্স, এফসি স্পার্টান এবং হারল্যান ভাইকিংস।
গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হয় শিরোপার লড়াই। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ডেডলাইন স্কোয়াড এবং ক্যাপিটাল স্ট্রাইকার্সের কেউই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। পরে টাইব্রেকারে ক্যাপিটাল স্ট্রাইকার্সকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে ডেডলাইন স্কোয়াড। শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলের খেলোয়াড়েরা। রানার্সআপ হিসেবে ক্যাপিটাল স্ট্রাইকার্সের নাম উঠে আসে।
আরও পড়ুন: জুরেলের লড়াইয়ের পরও নিউজিল্যান্ডের চালকের আসন ক্রাইস্টচার্চে
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম শুভ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফারিহা আলম প্রভা, পরিচালক আলিসা নাওয়ার এবং পরিচালক কে এম সাদমান সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম শুভ মন্তব্য করেন, ‘আমরা বিশ্বাস করি, একটি প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি হলো কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও দলগত সংহতি। কর্মক্ষেত্রের বাইরেও এমন ক্রীড়া আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখে। কাজের পাশাপাশি খেলাধুলা ও আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত, ইতিবাচক ও ঐক্যবদ্ধ কর্মসংস্কৃতি গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।’
চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে শাহরিয়ার আলম শুভ উভয় দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা খেলোয়াড়দের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগায়।
দিনভর মাঠের লড়াই, ফাইনালের রোমাঞ্চ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রিমার্ক প্রিমিয়ার লিগের এবারের আসর।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়লেন প্রসিধ কৃষ্ণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন