১০:৩৬ এম
ব্রাহ্মণবাড়িয়ার পাওয়ার হাউস রোড এলাকা থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময়ে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলায় সিঁড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড কিনা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের পুত্র। বর্তমানে তারা সকলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসা করে বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পুলিশ ও পরিবারের সূত্র অনুযায়ী, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই খুনের মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তাদের পরিবার শহরে ভাড়া বাসায় বসবাস করতে বাধ্য হয়।
শুক্রবার রাতে স্থানীয়রা ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবার অভিযোগ করে বলে, এই ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে এটি দুর্ঘটনা। কিন্তু এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: চাঁদাবাজির কালো টাকায় কুয়াকাটায় আলিশান পাঁচতলা হোটেল: অন্তরালে থেকে সরকারবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত নিষিদ্ধ আ.লীগ নেতা শেখর চন্দ্র দাস
পুলিশ সুপার আরও বলেন, মরদেহটি রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন