আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিননিধি
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৬:২১ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত এক কূপ থেকে ছাগল তুলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারি ভাবে জিআর প্রকল্পের মাধ্যমে নগদ এক লক্ষ টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণায়ের বরাদ্দকৃত নগদ অর্থ নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের নিহত বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্রাব্রিয়েল নকরেক (৪৫) পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অর্থ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রমুখ। উল্লেখ্য, গত ২০ জুন শনিবার উপজেলার জলই গ্রামে পরিত্যক্ত কূপ থেকে একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের মৃত দেহ উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদানের ঘোষনা অনুযায়ী এ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশিষ্ট বেলজিয়ান-বংশোদ্ভূত এবং ফ্রান্স-ভিত্তিক অভিনেত্রী ভার্জিনি এফিরা আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘লোকার্নো চলচ্চিত্র উৎসব’-এ সম্মানিত হতে যাচ্ছেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা পর্বের দুটি সিনেমা—রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ এবং আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এফিরাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইস উৎসব কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর উৎসবের ঐতিহ্যকে বজায় রেখে তাকে ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ দিয়ে বিশেষ স্বীকৃতি জানানো হবে।
আগামী ৭ আগস্ট লোকার্নোর বিখ্যাত পিয়াজ্জা গ্র্যান্ডে, যেখানে প্রায় সাড়ে ছয় হাজার আসন রয়েছে, উন্মুক্ত লেকসাইড ভেন্যুতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ একই সন্ধ্যায় রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাটি প্রদর্শিত হবে, যা সিনেমাটির জন্য ভার্জিনি এফিরা কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছিলেন।
এফিরা সিনেমাটির জন্য কিছুটা জাপানি ভাষাও শিখেছিলেন। উৎসব কমিটি একটি বিবৃতিতে জানায়, ওলন্দাজ পরিচালক পল ভেরহোভেন এবং অস্কারজয়ী চলচ্চিত্র ‘অ্যানাটমি অব আ ফল’-এর নির্মাতা জুস্টিন ত্রিয়েতের মতো নামী পরিচালকদের সঙ্গে এফিরার ক্যারিয়ারে কিছু দুর্দান্ত কাজ রয়েছে। বিশেষ করে ভেরহোভেনের ‘এল’ (২০১৬) এবং ‘বেনেদেত্তা’ (২০২১) সিনেমার জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে তার সাহসী অভিনয়ের জন্য তাকে আধুনিক ইউরোপীয় সিনেমার অন্যতম শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
লোকার্নো উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজ্জারো ভার্জিনি এফিরার অভিনয়শৈলীর প্রশংসা করে বলেন, এফিরা প্রতিটি চরিত্রে এক অনন্য সংবেদনশীলতা ফুটিয়ে তোলেন। তিনি সাহসী, চিন্তাশীল, স্বতঃস্ফূর্ত ও রসাত্মক; যার ফলে তিনি সমসাময়িক চলচ্চিত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। ভেরহোভেন থেকে হামাগুচি পর্যন্ত তার কাজের মাধ্যমে প্রতিনিয়ত এফিরা তার শৈল্পিক প্রতিভাকে স্বাধীন ও প্রাণবন্ত রূপ দিয়েছেন। তিনি সিনেমার একজন প্রকৃত অভিনেত্রীর সৌন্দর্যকে নিখুঁতভাবে ধারণ করেছেন।
চলচ্চিত্র দুনিয়ায় বিশেষ অবদানের জন্য দেওয়া এই লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ডের তালিকায় এর আগে যুক্ত হয়েছেন ফে ডানাওয়ে, মিয়া ফারো, অ্যান্ডি গার্সিয়া, অ্যাড্রিয়েন ব্রডি, মেগ রায়ান, হিলারি সোয়াঙ্ক এবং ডেইজি এডগার-জোন্সের মতো বিশ্বখ্যাত তারকারা। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ উৎসবের ৭৯তম আসর আগামী ৫ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের মঞ্চে কাতারের বিপক্ষে ম্যাচটি বসনিয়া ও হার্জেগোভিনার জন্য একাধিক রেকর্ড ও পরিসংখ্যান তৈরি করেছে। তবে সকল অর্জনের কেন্দ্রে ছিলেন তরুণ উইঙ্গার কেরিম আলাজবেগোভিচ, যিনি ভেঙে দিয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের একটি বিশ্বকাপ রেকর্ড।
ম্যাচের শুরুতেই সুলতান আল-ব্রাকের আত্মঘাতী গোলে কাতার পিছিয়ে পড়ে। চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের সংখ্যা এখন ১০, যা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এক আসরে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ড রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ১২টি আত্মঘাতী গোল।
তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত এসেছিল আলাজবেগোভিচের গোলের মাধ্যমেই। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে তিনি ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই কীর্তি গড়া সবচেয়ে কম বয়সি ফুটবলার হয়ে যান। গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ২৬৭ দিন।
এর আগে এই রেকর্ডটি কিলিয়ান এমবাপ্পের দখলে ছিল। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে গোল করার সময় এমবাপ্পের বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন। ফলে প্রায় এক বছর কম বয়সে গোল করে আলাজবেগোভিচ এমবাপ্পেকে পেছনে ফেলে দিয়েছেন।
বসনিয়ার আরেকটি অর্জনের নায়ক ছিলেন এরমিন মাহমিচ। তিনি বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে বেঞ্চ থেকে উঠে এসে একাধিক গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হয়েছেন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন দেনিস উন্দাভ ও ইয়োয়ান মানজাম্বি।
অন্যদিকে, কাতারের হয়ে সান্ত্বনার গোল করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অধিনায়ক হাসান আল-হাইদোস। তিনি বিশ্বকাপে গোল করা মাত্র দ্বিতীয় কাতারি ফুটবলার। এর আগে ২০২২ বিশ্বকাপে দেশের হয়ে বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় এর মর্যাদা পেয়েছিলেন মোহামেদ মুন্তারি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের কাউনিয়া থানা এলাকার শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড একটি অবৈধ ড্রেজার, চারটি বাল্কহেড এবং ১২ জনকে আটক করেছে।
কোস্ট গার্ডের সূত্র মতে, গত বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন বরিশাল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার, চারটি বাল্কহেড এবং সংশ্লিষ্ট ১২ জনকে আটক করা হয়।
এছাড়া, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সে আদালত অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে আটককৃত ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি, নদীতীর এবং আবাসস্থল হুমকির মুখে পড়ছে। এই ধরনের অপতৎপরতা রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।
আটককৃত ব্যক্তিরা হলেন:
১. মো. সেলিম (৬৫), কালকিনি, মাদারীপুর।
২. মো. সুজন (২০), ভোলা সদর, ভোলা।
৩. মো. ইব্রাহিম সাগর (২৭), ভোলা সদর, ভোলা।
৪. মো. সোহেল (৩৫), ভোলা সদর, ভোলা।
৫. মো. আবু বকর (৫০), ইন্দুরকানী, পিরোজপুর।
৬. মো. আনোয়ার (৪০), ভোলা সদর, ভোলা।
৭. সাইফুল (২০), পাতারহাট, বরিশাল।
৮. আবু তাহের (১৮), চরমোনাই, বরিশাল সদর।
৯. পরশ হাওলাদার (৪০), বাকেরগঞ্জ, বরিশাল।
১০. জাকির ফকির (৫০), কলাপাড়া, পটুয়াখালী।
১১. মো. নেসার (৪০), কালকিনি, মাদারীপুর।
১২. কবির মাহমুদ, বাকেরগঞ্জ, বরিশাল।
বাংলাদেশ কোস্ট গার্ড নিশ্চিত করেছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ জেলা যুবদল অপপ্রচার এবং শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। জেলা যুবদলের উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের সময়ে জেলা শহরের বিসিক ব্রীজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটনের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান এবং কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, সহ সভাপতি মনিরুল ইসলাম সোহাগ, আর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ।
বক্তারা গোপালগঞ্জের উন্নয়নের ধারা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অপপ্রচার করে এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এসব অপকর্ম করবে তাদেরকে ধরে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ