ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

আত্মরক্ষায় ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিতে পারে এআই: স্টুয়ার্ট রাসেল


আত্মরক্ষায় ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিতে পারে এআই: স্টুয়ার্ট রাসেল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হলে, প্রযুক্তিটি আত্মরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এমনকি, চরম পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে এআই। এ বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের কম্পিউটার বিজ্ঞানী স্টুয়ার্ট রাসেল।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য দিতে গিয়ে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাসেল। তিনি বলেন, মানুষের মতো আচরণ করতে শেখানোর সময় এআইয়ের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবণতা তৈরি হতে পারে। ফলে, যদি কোনো এআই ব্যবস্থা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেটি বাধা দেওয়ার চেষ্টা করতে পারে।

রাসেল জানান, বিভিন্ন পরীক্ষায় এআই ব্যবস্থার মধ্যে এমন কিছু আচরণ দেখা গেছে, যা উদ্বেগের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে, বন্ধ করে দেওয়ার উদ্যোগ ঠেকাতে ব্ল্যাকমেইলের চেষ্টা, বন্ধ করার নির্দেশনা অকার্যকর করতে কোড পরিবর্তন এবং নিজেদের অনুলিপি তৈরির মতো আচরণের উদাহরণ দেন তিনি।

আরও পড়ুন: সাইবার হামলার ঝুঁকি ১০ গুণ বাড়বে, প্রস্তুতির প্রশ্ন উঠেছে

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। চরম পরিস্থিতিতে, কোনো এআই ব্যবস্থা নিজেকে বন্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য ইন্টারনেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন এই বিজ্ঞানী।

এআইয়ের ঝুঁকি কমাতে, প্রযুক্তিটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাসেল। তাঁর মতে, পরীক্ষায় নিরাপত্তার শর্ত পূরণ করতে না পারলে কোনো এআই ব্যবস্থা প্রকাশ করা উচিত নয়।

এআইয়ের কারণে মানবসভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা নিয়েও তিনি কথা বলেন। যাঁরা এ ধরনের ঝুঁকির সম্ভাবনা ১০ থেকে ২৫ শতাংশ বলে মনে করেন, তাঁদের আশঙ্কাকে তিনি রাশিয়ান রুলেট খেলার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ, ঝুঁকির সম্ভাবনা কম মনে হলেও এর পরিণতি ভয়াবহ হতে পারে।

রাসেলের সতর্কবার্তা, এআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। যথাযথ পরীক্ষা ও নিয়ন্ত্রণ ছাড়া উন্নত এআই প্রযুক্তি ব্যবহারে বড় ধরনের বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন: নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, ব্যবহার করলেই হবে না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ইনভেস্ট বাংলাদেশ চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে।

এই কার্যালয় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং এটি চীনা বিনিয়োগকারীদের জন্য স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সহায়তা পাবেন।

চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনাটি চলতি বছরের মার্চ মাসে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ ছিল। ইনভেস্ট বাংলাদেশ চীনের কার্যালয়ের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে।

ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে আমরা প্রথম বিদেশি কার্যালয়ের জন্য এই শহরকে বেছে নিয়েছি। চীন ও বাংলাদেশ—উভয় দেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের আমরা এই কার্যালয়ে যুক্ত করেছি। তাঁরা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তবে বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।’

গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং।

চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় মে ঝৌর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতায় ইয়াং ওয়েনচুয়াংয়েরও এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। চীনের একজন আইনজীবী হিসেবে যোগ্যতার পাশাপাশি বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে। গুয়াংজু কার্যালয় এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। দেশটি থেকে ওই বছর ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের সহায়তার মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে গুয়াংজু কার্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


চীনে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় উদ্বোধন

ইনভেস্ট বাংলাদেশ চীনে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে, যা চীনা বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। গুয়াংজু, যা চীনের শিল্প ও উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে এই কার্যালয় থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তাদের তথ্য, বিধিবিধান সম্পর্কে পরামর্শ এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের সহায়তা প্রদান করা হবে।

রবিবার ১৫ নভেম্বর ইনভেস্ট বাংলাদেশ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গুয়াংজুতে প্রতিষ্ঠিত এই কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, "সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এই কার্যালয়ের লক্ষ্য।" গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে বেছে নেওয়া হয়েছে।

কার্যালয়টিতে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। উভয়েরই বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইনভেস্ট বাংলাদেশ ইতোমধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন কার্যালয়ের মাধ্যমে এই বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার পরিচিত দৃশ্যপট পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। খাঁচায় বন্দি প্রাণীদের পরিবর্তে তাদের উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বিচরণের সুযোগ এবং দর্শনার্থীদের জন্য আন্তর্জাতিক মানের বিনোদন সুবিধা প্রদান করতে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় প্রাণীদের শ্রেণিভেদে আলাদা জোন, হাঁটার রাস্তা, শিশু ও পর্যটকদের জন্য আধুনিক ট্রাম, কাচের বেষ্টনীসহ নানা সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া রংপুর চিড়িয়াখানাকেও আধুনিক ও আন্তর্জাতিক মানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩৩৩ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার সামগ্রিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ১,২৬৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। তবে সরকারের অর্থ সংস্থানের সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে প্রস্তাবিত ব্যয় কমিয়ে ১,২৩৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পুরো মহাপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রথম পর্যায়ে ৩৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অবশিষ্ট কাজ পরবর্তী ধাপগুলোতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাঁচ বছরের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানাচ্ছে, প্রকল্পটি সম্প্রতি মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য অপেক্ষমাণ রয়েছে। পিইসির মূল্যায়ন ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের প্রধান বিনোদনকেন্দ্র হিসেবে প্রাণীদের আবাস ব্যবস্থা, দর্শনার্থীদের অভিজ্ঞতা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নের মাধ্যমে দেশের চিড়িয়াখানা ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ বাস্তবায়িত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে চিড়িয়াখানার একটি খালি জায়গার উন্নয়ন করা হবে, যাতে বিদ্যমান কার্যক্রম ও প্রাণীদের আবাসস্থলে কোনো বিঘ্ন না ঘটে।

তিনি আরও বলেন, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী চিড়িয়াখানা দুটির অবকাঠামোগত উন্নয়ন, প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি, আধুনিক বেষ্টনী নির্মাণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। পুরো প্রকল্পটিই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, আধুনিক চিড়িয়াখানাগুলোতে যেভাবে প্রাণীদের রাখা হয়, ঢাকা ও রংপুর চিড়িয়াখানাতেও সে আদলে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ১০২ প্রজাতির দেশি প্রাণীকে এ প্রকল্পের আওতায় আরো উন্নত ও আধুনিক পরিবেশে রাখা হবে।

এছাড়া বাঘের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেখানে বাঘকে ছোট খাঁচায় বন্দি রাখার বদলে বনের মতো বিস্তৃত পরিবেশে রাখা হবে। দর্শকদের নিরাপত্তার জন্য বাঘের বেষ্টনীর চার পাশে প্রায় আট মিটার গভীর খাল খনন করা হবে, যাতে বাঘ সহজেই লাফিয়ে পার হতে না পারে।

অতিরিক্ত নিরাপত্তার জন্য থাকবে বিশেষ কাচের সুরক্ষা। দর্শনার্থীরা হাঁটার পাশাপাশি বিশেষ ট্রামে চড়ে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবেন।

বজলুর রহমান বলেন, প্রকল্পটির অন্যতম লক্ষ্য প্রাণীদের কল্যাণ নিশ্চিত করা এবং বাঘের মতো বড় প্রাণীকে ছোট পরিসরে আটকে না রেখে তার স্বাভাবিক আবাসস্থলের অনুকূল পরিবেশ দেওয়ার পরিকল্পনা।

মাস্টারপ্ল্যানে যা থাকছে

মাস্টারপ্ল্যান অনুযায়ী ঢাকা জাতীয় চিড়িয়াখানাকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে উত্তর পাশের খালি জায়গাকে কাজে লাগিয়ে শুধু ‘বাংলাদেশ হ্যাবিটেট’ নিয়ে কাজ শুরু হবে, যাতে দেশি প্রজাতিগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। শিশুদের বিনোদনের জন্য থাকবে একটি আলাদা অ্যাক্টিভ জোন।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে এ চিড়িয়াখানায় দুটি গেট রাখা হবে। একটি মূল গেট এবং দ্বিতীয় গেটটি ইস্টার্ন হাউজিংয়ের পেছনের দিকে স্থাপন করা হবে। এছাড়া পুরো চত্বরে সার্ভিস রুট ও হাঁটার পথ থাকবে।

বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে আধুনিক ‘ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম’, মাস্টার ড্রেনেজ ও সৌরবিদ্যুতের ব্যবস্থা। দর্শনার্থীদের সুবিধার্থে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।

ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম জানান, নিরাপত্তা বেষ্টনী না থাকায় বহিরাগত অপরাধী ও হকারদের দৌরাত্ম্য বেড়ে গেছে। আশপাশের মানুষের ফেলা ময়লা-আবর্জনা চিড়িয়াখানার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পটি পাস হলে চিড়িয়াখানা সুরক্ষায় ২৫ ফুট উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করা হবে এবং তার পাশ দিয়ে একটি নতুন হাঁটার রাস্তা তৈরি করা হবে।

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী চিড়িয়াখানাকে আফ্রিকান, সাভানা, নকটার্নাল ও বাংলাদেশ হ্যাবিটেটসহ বিভিন্ন অঞ্চলে ভাগ করা হবে। প্রথম ধাপে ‘বাংলাদেশ হ্যাবিটেট’-এর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খাঁচাবন্দি প্রথা থেকে বেরিয়ে প্রাণীদের জন্য মুক্ত ও প্রজাতিবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের সফল বাস্তবায়ন ঘটলে চিড়িয়াখানার পশুপাখির জন্য কাঙ্ক্ষিত ‘এনিমেল ওয়েলফেয়ার’ নিশ্চিত হবে। দর্শনার্থীরা একটি খাঁচামুক্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে বন্যপ্রাণী মনিটরিং, সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল হাসান খান মন্তব্য করেন, উদ্যোগটি সামগ্রিকভাবে ইতিবাচক। তবে এটি যে বন্দি জীবন থেকে সম্পূর্ণ মুক্ত জীবন—বিষয়টি ঠিক তেমন নয়। এটি মূলত আধুনিক চিড়িয়াখানার একটি ধারণা। সেখানে দৃশ্যত পরিবেশটি উন্মুক্ত মনে হলেও বাস্তবে পুরোপুরি উন্মুক্ত নয়।

তিনি বলেন, প্রাণীগুলো একটি নির্দিষ্ট বড় সীমানার মধ্যে থাকবে; তবে চারপাশে গিরিখাদ বা কাচের দেয়ালের মতো ব্যবস্থা রাখা হয়। ফলে মানুষের সঙ্গে প্রাণীর সরাসরি স্পর্শের সুযোগ থাকে না; আবার দৃষ্টিকটু কোনো লোহার বেড়াও দেখতে হয় না।

এ ধরনের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি মন্তব্য করে ড. মনিরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও আর্থিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে সরকারের বরাদ্দ প্রতিটি টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। সব ধরনের নিয়ম-কানুন মেনে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এ অর্থ যেন কেবল চিড়িয়াখানার প্রকৃত উন্নয়নেই কাজে লাগানো হয়, সেদিকে কঠোর নজর দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি উল্লেখ করেছেন, "আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।" বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানার সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।

রবিবার ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (SCAIP) প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও SCAIP যৌথভাবে। অনুষ্ঠানে সহযোগিতা করেছে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প।

মন্ত্রী বলেন, "বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাত ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এই অর্জনই শেষ কথা নয়।" আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে শ্রমিকের নিরাপত্তা, ন্যায্য শ্রমচর্চা, পরিবেশ সুরক্ষা এবং উৎপাদন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, "এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়।" একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরো এগিয়ে যেতে হবে।

তিনি উল্লেখ করেন, "দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে।" এই খাত লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে নারীদের কর্মসংস্থান এবং দেশের শিল্প অর্থনীতিতে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা জাতীয় অর্থনীতির জন্যও জরুরি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রত্যাশা এখন অনেক বিস্তৃত হয়েছে।" শুধুমাত্র পণ্যের গুণগত মান ও প্রতিযোগিতামূলক দাম দিয়ে বাজার ধরে রাখা যথেষ্ট নয়। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে। এসব বিষয়কে কমপ্লায়েন্সের অংশ হিসেবে বিবেচনা করে শিল্পকারখানাগুলোকে সক্ষমতা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, "কমপ্লায়েন্সকে বাড়তি ব্যয় বা আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই।" বরং এটি আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকা এবং নতুন বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ শর্ত। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে।

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং লজিস্টিকস ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি লাইসেন্সিং, কমপ্লায়েন্স এবং বন্দরসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ শিল্পের উৎপাদন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

এলডিসি থেকে উত্তরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।" এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বাণিজ্য সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন মানদণ্ড পূরণের প্রস্তুতি নিতে হবে। শিল্প খাতকে এখন থেকেই প্রয়োজনীয় সংস্কার ও সক্ষমতা উন্নয়নের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে SCAIP প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ বা সেলফ-মনিটরিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের ব্যবহার আরো দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হবে। কারখানার নিজস্ব পর্যবেক্ষণব্যবস্থা শক্তিশালী হলে পরিবেশ ও শ্রমসংক্রান্ত ঝুঁকি আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও সহজ হবে।

এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) অনলাইন পর্যবেক্ষণ এবং ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিল্পকারখানার উৎপাদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়টিও পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পের অবস্থান ধরে রাখতে নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ জন্য সরকার, শিল্পমালিক, শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা, শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%