ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি আরবে স্ট্রোক করে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী আতাউর রহমানের মৃত্যু


সৌদি আরবে স্ট্রোক করে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী আতাউর রহমানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের নিয়াজপুর গ্রামের সন্তান ও সৌদি আরবের রিয়াদপ্রবাসী মো. আতাউর রহমান মারা গেছেন। প্রবাসে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

জীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আতাউর রহমান। সেখানে কর্মরত অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: শিয়ালের হামলায় মারা গেল বিজলী

পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রবাসে গিয়ে এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

মাদারীপুরের কালকিনিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় কালকিনি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশালয় বিদ্যানিকেতন কেজি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিশালয় বিদ্যানিকেতনের মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইন্সট্রাক্টর মো. ফিরোজ মিয়া এবং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা হেমায়েত।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশালয় বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নারী শূকরের কিডনি প্রতিস্থাপন করে এক বছর বেঁচে রেকর্ড গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


মার্কিন নারী শূকরের কিডনি প্রতিস্থাপন করে এক বছর বেঁচে রেকর্ড গড়লেন

যুক্তরাষ্ট্রের ৫৮ বছর বয়সী মলি ফ্যালকো জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর ধরে সুস্থ জীবনযাপন করছেন। এই ঘটনাটি শূকরের কিডনি প্রতিস্থাপনের পর সবচেয়ে দীর্ঘ সময় বেঁচে থাকার রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দুই সন্তানের এই মা চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা এবং অঙ্গ প্রতিস্থাপনের সংকট মোকাবেলায় বিশেষজ্ঞদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

২০২৫ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালটির তথ্য অনুযায়ী, ফ্যালকোর কিডনি শৈশবে শনাক্ত হওয়া একটি রোগের কারণে বিকল হয়ে যায়। ২০২৪ সাল থেকে কিডনি রোগের শেষ পর্যায়ে পৌঁছানোর পর তাকে প্রায় ১১ মাস ধরে ডায়ালাইসিস নিতে হয়েছিল।

ফ্যালকো জানিয়েছেন, তিনি ডায়ালাইসিস থেকে মুক্তি পেতে প্রতিস্থাপনের সুযোগের জন্য অপেক্ষা করছিলেন। অস্ত্রোপচারের প্রস্তাব পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যান। চিকিৎসা নিয়ে তার মধ্যে কোনো ভয় বা উদ্বেগ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

অস্ত্রোপচারের এক বছর পর ফ্যালকো তার শারীরিক অবস্থার বিষয়ে সন্তুষ্ট। তিনি বলেন, "এখন আমি বেশ ভালো আছি এবং অসুস্থ বোধ করছি না।" তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে। এ কারণে বাইরে গেলে মাস্ক পরাসহ বিভিন্ন সতর্কতা মেনে চলতে হচ্ছে। তিনি আশা করছেন, শীতকালে সন্তানদের সঙ্গে স্কি করতে পারবেন এবং আগের চেয়ে বেশি সক্রিয় জীবনযাপন করতে পারবেন।

ফ্যালকোর শরীরে প্রতিস্থাপিত কিডনিটি তৈরি করেছে জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনেসিস। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কার্টিস এই ঘটনাকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে অঙ্গের সংকট কমানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিভাগের চিকিৎসক লিওনার্দো ভি. রিয়েলা বলেন, "কয়েক বছর আগে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানুষের শরীরে কাজ করবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল।" বর্তমানে গবেষকদের লক্ষ্য হলো এই কিডনি কতদিন কার্যকর রাখা যায়, তা খুঁজে বের করা।

চিকিৎসকদের চূড়ান্ত লক্ষ্য হলো, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনকে ডায়ালাইসিসের নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে গড়ে তোলা। এর ফলে কিডনি প্রতিস্থাপনের জন্য বছরের পর বছর অপেক্ষা করা রোগীরা উপকৃত হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীরা

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে অন্তত ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীদের একটি দল। নগদ অর্থ পরিবহনের কাজে ব্যবহৃত একটি সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা সুপারমার্কেটটিতে প্রবেশ করে এবং লোকজনকে জিম্মি করে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই ঘটনার তথ্য দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ ও প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, কার্তাহেনার একটি শপিং মলে নগদ অর্থ পরিবহনের জন্য ব্যবহৃত সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারীরা। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পাশের আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন ‘এক্সিতো’র একটি শাখায় ঢুকে পড়ে। পরে সেখানে উপস্থিত লোকজনকে জিম্মি করে।

কর্তৃপক্ষ জানায়, প্রথমে সুপারমার্কেটের ভেতরে থাকা ৩০ জনকে জিম্মি করা হয়েছিল। পরে তাঁদের মধ্যে ১০ জনকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে বাকি ২০ জন অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছেন।

ঘটনার পর সুপারমার্কেটটির বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জিম্মিদের নিরাপদে উদ্ধারে বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ।

এখন পর্যন্ত জিম্মি কিংবা জিম্মিকারীদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের দাবি, অস্ত্রধারীরা মাদক পাচারকারী কোনো গোষ্ঠীর সদস্য। এদিকে কার্তাহেনার পাশাপাশি দেশটির ভিলাভিসেনসিও শহরেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে এর আগের রাতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। সরকারের ধারণা, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহীদের একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার সঙ্গে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে সুপারমার্কেটের ভেতরে কয়েকজনকে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় এক বিবৃতিতে সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রুপো এক্সিতো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ছিনতাইকারীদের ধাক্কায় ট্রেনযাত্রীর প্রাণ গেল, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


নাটোরে ছিনতাইকারীদের ধাক্কায় ট্রেনযাত্রীর প্রাণ গেল, আটক ৪

ঢাকায় চাকরির পরীক্ষা শেষে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মনোয়ারুল ইসলাম, যিনি মনোয়ার নামেও পরিচিত (২৭)। কিন্তু তার বাড়ি ফেরা হলো না। অভিযোগ রয়েছে, ট্রেনের ছাদে অবস্থানকালে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি ওরফে হৃদয় (২০) এবং নারায়ণগঞ্জের ১৬ বছর বয়সি এক কিশোরী।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা জেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নওশেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্টেশনে চা পান করতে গেলে স্থানীয় লোকজন চারজনের সন্দেহজনক চলাফেরা সম্পর্কে তাকে অবহিত করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় কনস্টেবল আব্দুস সালাম স্থানীয় লোকজনের সহযোগিতায় কৌশলে তাদের আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান।

এ সময় আটক আকাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে ফোনটি চোরাই বলে স্বীকার করে এবং জানায় যে, মনোয়ারুল ইসলামের কাছ থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মোবাইল ছিনতাই করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পরে উদ্ধার করা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মনোয়ারের বাবা নওশের আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি তার ছেলের বলে শনাক্ত করেন।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আটক চারজনকে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঘটেছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানার পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%