ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীরা


কলম্বিয়ায় সুপারমার্কেটে ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীরা

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে অন্তত ২০ জনকে জিম্মি করেছে অস্ত্রধারীদের একটি দল। নগদ অর্থ পরিবহনের কাজে ব্যবহৃত একটি সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা সুপারমার্কেটটিতে প্রবেশ করে এবং লোকজনকে জিম্মি করে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই ঘটনার তথ্য দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ ও প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, কার্তাহেনার একটি শপিং মলে নগদ অর্থ পরিবহনের জন্য ব্যবহৃত সুরক্ষিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারীরা। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পাশের আন্তর্জাতিক সুপারমার্কেট চেইন ‘এক্সিতো’র একটি শাখায় ঢুকে পড়ে। পরে সেখানে উপস্থিত লোকজনকে জিম্মি করে।

কর্তৃপক্ষ জানায়, প্রথমে সুপারমার্কেটের ভেতরে থাকা ৩০ জনকে জিম্মি করা হয়েছিল। পরে তাঁদের মধ্যে ১০ জনকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে বাকি ২০ জন অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছেন।

আরও পড়ুন: মালয়েশিয়া গুগলের বিরুদ্ধে ইউটিউবে ক্ষতিকর কনটেন্টের অভিযোগে ১৪৬ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

ঘটনার পর সুপারমার্কেটটির বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জিম্মিদের নিরাপদে উদ্ধারে বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ।

এখন পর্যন্ত জিম্মি কিংবা জিম্মিকারীদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের দাবি, অস্ত্রধারীরা মাদক পাচারকারী কোনো গোষ্ঠীর সদস্য। এদিকে কার্তাহেনার পাশাপাশি দেশটির ভিলাভিসেনসিও শহরেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে এর আগের রাতে একটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। সরকারের ধারণা, ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্ক বিদ্রোহীদের একটি বিচ্ছিন্ন অংশ ওই হামলার সঙ্গে জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে সুপারমার্কেটের ভেতরে কয়েকজনকে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মন্ত্রী: ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি

এ ঘটনায় এক বিবৃতিতে সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্রুপো এক্সিতো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ছিনতাইকারীদের ধাক্কায় ট্রেনযাত্রীর প্রাণ গেল, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


নাটোরে ছিনতাইকারীদের ধাক্কায় ট্রেনযাত্রীর প্রাণ গেল, আটক ৪

ঢাকায় চাকরির পরীক্ষা শেষে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মনোয়ারুল ইসলাম, যিনি মনোয়ার নামেও পরিচিত (২৭)। কিন্তু তার বাড়ি ফেরা হলো না। অভিযোগ রয়েছে, ট্রেনের ছাদে অবস্থানকালে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মোরদহ গ্রামের মৃত মোজাফফরের ছেলে মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. রাব্বি ওরফে হৃদয় (২০) এবং নারায়ণগঞ্জের ১৬ বছর বয়সি এক কিশোরী।

নিহত মনোয়ারুল ইসলাম পাবনা জেলার টেবুনিয়া এলাকার ঘরনাগড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের নওশেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্টেশনে চা পান করতে গেলে স্থানীয় লোকজন চারজনের সন্দেহজনক চলাফেরা সম্পর্কে তাকে অবহিত করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় কনস্টেবল আব্দুস সালাম স্থানীয় লোকজনের সহযোগিতায় কৌশলে তাদের আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যান।

এ সময় আটক আকাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে ফোনটি চোরাই বলে স্বীকার করে এবং জানায় যে, মনোয়ারুল ইসলামের কাছ থেকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেনের ছাদে মোবাইল ছিনতাই করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পরে উদ্ধার করা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মনোয়ারের বাবা নওশের আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি তার ছেলের বলে শনাক্ত করেন।

এদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আটক চারজনকে আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্র থেকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঘটেছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানার পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে বেহাল সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আলী বাজার বণিক কমিটির সেক্রেটারি জামসেদুল ইসলাম, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সেক্রেটারি মফিজুর রহমান দুলাল।

বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই পানি ও কাদা জমে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ লাঘব ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারিতে উন্নত প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, নজরদারিতে উন্নত প্রযুক্তি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নজরদারি বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, থার্মাল ডিভাইস ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে, চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

তিনি বলেন, "আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন গুজব ছড়াচ্ছে।" তবে, তিনি উল্লেখ করেন যে, এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, "ডিসেম্বর আমাদের বিজয়ের মাস।" এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ২০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আধুনিক স্বয়ংক্রিয় সরঞ্জামে সজ্জিত রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, "দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।" ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিয়ালের হামলায় মারা গেল বিজলী

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


শিয়ালের হামলায় মারা গেল বিজলী

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দ্বীপে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুত্বর আহত হয় বিজলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ী ভাবে বনে ফিরে যায়নি। গত ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিত। লোকালয়ে ঘুরে বেড়াত সে।  

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%