০৭:৫০ পি.এম
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার প্রয়াসে বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি বন্ধ করতে নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রোববার (১২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের পর অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, দেশের পাটভিত্তিক শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করতে কাঁচা পাট রফতানিকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে। গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন, এমনটিও তিনি নিশ্চিত করেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে আরও ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন