ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শেবাচিম হাসপাতালে চোর আটক: উদ্ধারকৃত টাকা ফেরত দিল আনসার


শেবাচিম হাসপাতালে চোর আটক: উদ্ধারকৃত টাকা ফেরত দিল আনসার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক সেবাগ্রহীতার পকেট থেকে চুরি হওয়া ৫ হাজার টাকাসহ আরিফ জোমাদ্দার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে হাসপাতালের ওটিপি ভবনের নিচতলায় বহির্বিভাগের ওষুধ কাউন্টারের সামনে এ চুরির ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ওষুধ কাউন্টারের সামনে প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে ওই সেবাগ্রহীতার পকেট থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেয় আরিফ। ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের অবহিত করেন। আনসার সদস্যরা কোনো বিলম্ব না করে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফ জোমাদ্দারকে ধরে ফেলেন এবং তার কাছ থেকে চুরি হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার করেন।

আরও পড়ুন: ​মিথ্যা মামলায় সাংবাদিক জয়নালকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সামনে মানববন্ধন

পরবর্তীতে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। হাসপাতাল চত্বরে এমন দ্রুত ও কার্যকর ভূমিকার জন্য আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী ও উপস্থিত সাধারণ মানুষ।

এ বিষয়ে দায়িত্বরত আনসার পিসি (ক্যাম্প কমান্ডার) জানান, "হাসপাতালের শৃঙ্খলা ও রোগীদের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা তৎপর। চুরির ঘটনাটি জানার সাথে সাথেই আমাদের টিম অ্যাকশনে যায় এবং আসামিকে টাকা Dossier সহ আটক করতে সক্ষম হয়।"

আটককৃত আরিফ জোমাদ্দারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও পড়ুন: রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার সমাজে থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার সমাজে থাকবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, তার জায়গা সমাজে হবে না। তিনি উল্লেখ করেন, 'আমরা জিয়াউর রহমানের দল করি, যিনি বলেছেন- ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়।' তাই দল ও দেশের ভাবমূতির স্বার্থে কে কত বড় নেতা, তা দেখার সুযোগ নেই। তিনি আরও বলেছেন, 'যত প্রভাবশালীই হোক, অন্যায় করলে এই সমাজে তার থাকার সুযোগ হবে না।' পুলিশ তাকে ধরে আইনের আওতায় আনবে, এ ব্যাপারে কোন কম্প্রোমাইজ নেই।

শনিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রোথ সেন্টার (জিসি) থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার, চান্দুটিয়া পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের কাজ শুরু হয়েছে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, 'এসব উন্নয়ন কাজের ঠিকাদার যেই হোক না কেন, আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন, সঠিক কাজটি আদায় করে নেবেন।'

সড়ক উদ্বোধনের পর প্রতিমন্ত্রী সড়কটির দুই পাশে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন। পরে তিনি যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে চলমান সিরিজ খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ১০০ পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


জামালপুরে ১০০ পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ

জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের এইচএসসি বা সমমানের ১০০ পরীক্ষার্থী।

শুক্রবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা সকলেই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষার্থী তিলা জামালি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পরীক্ষা দেওয়ার পর আমি লক্ষ্য করেছি যে আমার প্রশ্নের ওপরে '২০২৫ সালের সিলেবাস অনুযায়ী' লেখা রয়েছে। এর মানে এই প্রশ্ন আমাদের জন্য নয়। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমি ২ বছর ধরে এই ৩ ঘণ্টার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে যে আমার এ-প্লাস কেটে যাবে না, সেটির নিশ্চয়তা কি?'

নুসরাত জাহান নামে আরেক পরীক্ষার্থী আক্ষেপ করে বলেন, 'সারা বাংলাদেশ একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আমরা ১০০ জন ভিন্ন একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছি। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে সেটি আর বিষয় নয়। আমরা এখন পাস করবো নাকি ফেল করবো, সেটি নিয়ে সন্দেহ রয়েছে। পাস করেও এ-প্লাস আসবে কিনা জানি না।'

তবে এসব বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বলেন, 'আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রের একটি বান্ডেল প্রস্তুত করা হয়। ৪২০২ নম্বর কক্ষে যে ৫টি বান্ডেল খোলা হয়, সেসবের প্রতিটি বান্ডেলের ওপরে '২০২৬ সালের প্রশ্নপত্র' লেখা ছিল। কিন্তু ভিতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন ছিল। পরীক্ষা শুরুর আগে বিষয়টি যাচাই করার সুযোগ না থাকায় শিক্ষকেরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণ করেন। পরীক্ষা শেষে জানা যায় যে, যারা মূলত অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্ন ছিল।'

মীর শওকত আলম মীর আরো বলেন, 'বিষয়টি জানাজানির পর আমরা বোর্ডে যোগাযোগ করি। বোর্ড থেকে বলা হয়েছে যে, এসব ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে হবে। তাদের উত্তরপত্রগুলো নমনীয়ভাবে এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী দেখা হবে।'

উল্লেখ্য, সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন মোট ৬৯ জন। এছাড়াও সব মিলিয়ে এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নয় শতাধিক পরীক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাউচারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেয় মাসুম। পথে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক নারী ও দুই শিশুসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার, এখনো নীরব ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার, এখনো নীরব ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্টে রাশিয়া বড় অগ্রগতির দাবি করেছে। দীর্ঘদিনের লড়াইয়ের পর দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা নিজেদের নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশের সামরিক কর্মকর্তারা। তবে ইউক্রেন এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিং নিচ্ছেন। সেখানে কস্তিয়ানতিনিভকা দখলকে তিনি রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন। পুতিন জানান, ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় এবং বিশেষ করে রাশিয়ার তেলশিল্পকে লক্ষ্য করে হামলা বাড়ানোর কারণে দেশের নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

তবে রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, দক্ষিণাঞ্চলীয় বাহিনী পুরো দোনেৎস্ক অঞ্চল ‘মুক্ত’ করার লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে। যুদ্ধের শুরু থেকেই পুরো ডনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়া রাশিয়ার অন্যতম প্রধান সামরিক লক্ষ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে। গেরাসিমভ বলেন, স্লোভিয়ানস্ক-ক্রামাতোরস্ক-কস্তিয়ানতিনিভকা প্রতিরক্ষা বলয়ের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে কস্তিয়ানতিনিভকা শহর এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে রুশ সেনাবাহিনী দাবি করেছিল, শহরটির বিভিন্ন অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় কস্তিয়ানতিনিভকা দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ দুর্গনগরী হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এদিকে, শহরটির কৌশলগত গুরুত্ব তুলে ধরে পুতিন বলেন, “আমরা সবাই জানি, এই শহরটি ডনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও বৃহৎ শিল্পকেন্দ্র।” পুতিন জানান, দীর্ঘদিন ধরেই দোনেৎস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে কস্তিয়ানতিনিভকা দখলে রুশ বাহিনী চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ তাদের এই দাবি যুদ্ধের পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তথ্য সূত্র- আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%