০৭:০৬ পি.এম
জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের এইচএসসি বা সমমানের ১০০ পরীক্ষার্থী।
শুক্রবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষায় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা সকলেই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
পরীক্ষার্থী তিলা জামালি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পরীক্ষা দেওয়ার পর আমি লক্ষ্য করেছি যে আমার প্রশ্নের ওপরে '২০২৫ সালের সিলেবাস অনুযায়ী' লেখা রয়েছে। এর মানে এই প্রশ্ন আমাদের জন্য নয়। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমি ২ বছর ধরে এই ৩ ঘণ্টার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে যে আমার এ-প্লাস কেটে যাবে না, সেটির নিশ্চয়তা কি?'
নুসরাত জাহান নামে আরেক পরীক্ষার্থী আক্ষেপ করে বলেন, 'সারা বাংলাদেশ একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আমরা ১০০ জন ভিন্ন একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছি। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে সেটি আর বিষয় নয়। আমরা এখন পাস করবো নাকি ফেল করবো, সেটি নিয়ে সন্দেহ রয়েছে। পাস করেও এ-প্লাস আসবে কিনা জানি না।'
তবে এসব বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বলেন, 'আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রের একটি বান্ডেল প্রস্তুত করা হয়। ৪২০২ নম্বর কক্ষে যে ৫টি বান্ডেল খোলা হয়, সেসবের প্রতিটি বান্ডেলের ওপরে '২০২৬ সালের প্রশ্নপত্র' লেখা ছিল। কিন্তু ভিতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন ছিল। পরীক্ষা শুরুর আগে বিষয়টি যাচাই করার সুযোগ না থাকায় শিক্ষকেরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণ করেন। পরীক্ষা শেষে জানা যায় যে, যারা মূলত অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্ন ছিল।'
মীর শওকত আলম মীর আরো বলেন, 'বিষয়টি জানাজানির পর আমরা বোর্ডে যোগাযোগ করি। বোর্ড থেকে বলা হয়েছে যে, এসব ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে হবে। তাদের উত্তরপত্রগুলো নমনীয়ভাবে এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী দেখা হবে।'
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
উল্লেখ্য, সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন মোট ৬৯ জন। এছাড়াও সব মিলিয়ে এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নয় শতাধিক পরীক্ষার্থী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন