ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে আগুনে পুড়েছে ৭টি দোকান, ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা


সিরাজগঞ্জে আগুনে পুড়েছে ৭টি দোকান, ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা

সিরাজগঞ্জের কামারখন্দে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ঝলক মারার কারণে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুনের দোকানদার রতন দাস, মনোহারী দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া, ভাতের হোটেলের লাল মিয়া, ইলেকট্রনিকের দোকানদার রিপন এবং মিষ্টির দোকানদার শাহজাহান। খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষনে সব দোকানই পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানের মালামাল এবং নগদ অর্থসহ সবকিছু আগুনের মাধ্যমে ভস্মীভূত হয়ে গেছে। ভাতের হোটেল এবং মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, ‘আমাদের দুইটি দোকান ছিল। প্রায় ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সব পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই।’ ইলেকট্রনিকস দোকানদার রিপন বলেন, ‘ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল, সব শেষ হয়ে গেছে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

মনোহারি এবং বিকাশের দোকানদার রেজাউল করিম বলেন, ‘বিকাশের টাকা, কার্ড এবং মালামাল সব পুড়ে গেছে। আমার প্রায় ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ তার ভাষ্যমতে, প্রায় ৭টি দোকানে ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। সেলুন এবং আসবাবপত্র দোকানের মালিক লাল মোহন জানান, তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ, সব শেষ হয়ে গেছে।’ কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি : সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি : সংস্কৃতিমন্ত্রী

কোনো সংস্কৃতি বা সভ্যতা একে অপরের চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়। বরং সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি।

আজ বুধবার, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে আয়োজন করা এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ বিষয়টি পরিষ্কার করেন।

এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জাতিসংঘ ঘোষিত প্রথম 'আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস' উপলক্ষ্যে ঢাকাস্থ গণচীন দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাইয়ের যৌথ উদ্যোগে 'ডায়ালগ অব কাইন্ডেড স্পিরিট : চায়না-বাংলাদেশ স্কলার্স ডায়ালগ' শীর্ষক একটি বিশেষ বৈশ্বিক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণচীনের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব জাহির করার মানসিকতা বিশ্বজুড়ে ভাঙন সৃষ্টি করছে। এই সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘের আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস একটি স্পষ্ট বার্তাই দেয়। সভ্যতার মাঝে কোনো সংঘাত নেই, বরং পারস্পরিক মেলবন্ধন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে মানবসভ্যতা এগিয়ে যায়।

এখন তিনি বলেন, বাংলাদেশ সর্বদা অন্তর্ভুক্তিমূলক, বহুমাত্রিক ও জাতীয়তাবাদী দর্শনের আলোকে সমৃদ্ধ উন্নয়ন সংস্কৃতিতে বিশ্বাসী। এই লক্ষ্যে গণচীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রস্তাবিত 'গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ'কে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করে। এই উদ্যোগটি সভ্যতার বৈচিত্র্য রক্ষা এবং জনগণের সাথে জনগণের মেলবন্ধনকে অগ্রাধিকার দেয়, যা আমাদের নিজস্ব উন্নয়ন রূপরেখার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমরা সংঘাতের বদলে সহযোগিতা এবং শ্রেষ্ঠত্ব জাহির করার চেয়ে অন্তর্ভুক্তিমূলক নীতিকে বেছে নিই।

বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে নিতাই রায় চৌধুরী বলেন, চীন ও বাংলাদেশ কোনো নতুন পরিচিত বন্ধু নয়। নদী, পাহাড় এবং হাজার বছরের অংশীদারিত্বের ইতিহাস আমাদের যুক্ত করে রেখেছে। প্রাচীন সিল্ক রোডসহ মহৎ বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্করের আধ্যাত্মিক ও জ্ঞানতাত্ত্বিক অবদান, দুই দেশের গভীর সম্পর্কের চিরন্তন স্মারক। বর্তমানে এই ঐতিহাসিক সম্পর্ক এক অনন্য 'ব্যাপক কৌশলগত সমবায় অংশীদারত্বে' রূপ নিয়েছে।

অনুষ্ঠানের পর মন্ত্রী এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অতিথিদের নিয়ে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক মেলবন্ধন, প্রত্নতত্ত্ব, ঐতিহ্য এবং চিত্রকর্মের ওপর আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে চিত্রগুলোতে প্রতিফলিত বিভিন্ন দিক দেখতে পান। প্রদর্শনী পরিদর্শনকালে তিনি ঐতিহ্যবাহী চীনা ক্যালিগ্রাফি এবং বইয়ের প্রদর্শন প্রত্যক্ষ করেন।

সেমিনারে উপস্থিত সুধীসমাজ, গবেষক ও শিক্ষাবিদদের উদ্দেশ্যে মন্ত্রী মুক্তচিন্তার প্রসার ও দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকার চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু ঘটেছে। এই ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়, যখন নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

আব্দুল কাদির জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা উভয়েই সপরিবারে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করতেন।

ঘটনাস্থলে দায়িত্বরত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বাসস’কে বলেছেন, ‘নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ডাম্পট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় তারা দু’জনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এমনটাই জানান ওই পুলিশ কর্মকর্তা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এই বিষয়ে বাসস’কে জানিয়েছেন, নিহতদের মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বাসস’কে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দুইজনের পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেখানে প্রয়োজন সেখানেই দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়া হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


যেখানে প্রয়োজন সেখানেই দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়া হবে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কূটনীতি এবং সামরিক শক্তি পরস্পরের পূরক হিসেবে কাজ করছে। প্রয়োজনে দেশের সশস্ত্র বাহিনী শত্রুর বিরুদ্ধে শক্তিশালী ও দৃঢ় প্রতিক্রিয়া জানাতে কোনও ধরনের দ্বিধা করবে না বলেও তিনি সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

এক সংবাদ ব্রিফিংয়ে বাঘাই অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী বার্তা প্রদান, অবস্থানের ঘনঘন পরিবর্তন, নতুন নতুন দাবি উত্থাপন এবং যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।

তার ভাষ্য হল, কার্যকর কূটনীতি পরিচালনার জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান থাকা প্রয়োজন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তিনি বলেন, “কূটনীতি কোনও শূন্যতার মধ্যে পরিচালিত হয় না। আলোচনা এগিয়ে নিতে হলে ন্যূনতম অনুকূল পরিস্থিতি নিশ্চিত করা আবশ্যক। কিন্তু বিভিন্ন পক্ষের কর্মকাণ্ড সেই পরিবেশকে ক্ষুণ্ন করছে।”

বাঘাই আরও অভিযোগ করেন যে, ইসরায়েল লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তার মতে, “যেকোনও কূটনৈতিক প্রক্রিয়া বলপ্রয়োগ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়।”

ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, কূটনৈতিক উদ্যোগ এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সম্পূর্ণ আলাদা বিষয় নয়; বরং উভয়ই দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে। তিনি ব্যাখ্যা করেছেন, “কূটনীতি এবং যুদ্ধক্ষেত্র পরস্পর বিচ্ছিন্ন নয়। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় উভয়ই গুরুত্বপূর্ণ হাতিয়ার।”

একই সময়, তিনি ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী অতীতেও প্রয়োজনীয় সময়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। তার দাবি, দেশের প্রতিরক্ষার প্রশ্নে ইরানি বাহিনী কখনও দ্বিধাগ্রস্ত হয় না।

বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেখানে প্রয়োজন হবে, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর বিরুদ্ধে শক্তি ও দৃঢ়তার সঙ্গে জবাব দেবে।”

বিশ্লেষকদের মতে, ইরানের এ ধরনের বক্তব্য একদিকে চলমান কূটনৈতিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ করছে, অন্যদিকে সম্ভাব্য সামরিক হুমকির মুখে দেশটির প্রতিরক্ষা প্রস্তুতির বার্তাও প্রদান করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরানের এই অবস্থান আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫নং রশিদপুর ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপসের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


১৫নং রশিদপুর ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপসের অঙ্গীকার

জামালপুর জেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে আসছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপস (এম.এ, এলএল.বি)।
তিনি বর্তমানে জেলা আইনজীবী সমিতি, জামালপুরের সহ-সভাপতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুরের আহ্বায়ক কমিটির সদস্য এবং রশিদপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন।
এডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপস বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি রশিদপুর ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও সুশাসনভিত্তিক ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন। তাঁর মূল লক্ষ্য হবে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা।
তিনি জানান, ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের শিক্ষা ও ক্ষমতায়নেও গুরুত্ব দেওয়া হবে।
সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে স্থানীয় জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর বিশ্বাস, মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনের মাধ্যমেই একটি নিরাপদ ও উন্নত রশিদপুর ইউনিয়ন প্রতিষ্ঠা করা সম্ভব।
এছাড়া কৃষকদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা, গ্রামীণ সড়ক উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
স্থানীয় জনগণ মনে করছেন, শিক্ষিত, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ১৫নং রশিদপুর ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ইউনিয়নের সর্বস্তরের জনগণ এডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপসের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রশিদপুর ইউনিয়ন গড়ে ওঠার প্রত্যাশা করছেন।
"উন্নয়ন, শিক্ষা, সুশাসন ও মাদকমুক্ত সমাজ গড়াই আমার অঙ্গীকার" — এ প্রতিশ্রুতি নিয়েই জনগণের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%