০৭:৩৮ এম
জুলাই মাসের অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এসেছে নতুন রাষ্ট্রপতি। ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার, ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
২০২৪ সালের জুলাইয়ে ঐতিহাসিক ক্ষমতার পটপরিবর্তনের পর নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের আবহ ভিন্ন হয়ে ওঠে। সাড়ে তিন দশকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।
ভোটগ্রহণের শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোট দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।
আরও পড়ুন: সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, আসামির জামিন
টানা তিন ঘণ্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। তারপর প্রায় ২০ মিনিট ভোট গণনার পর ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হয়। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট এবং অব্যবহৃত থাকে ৬টি ব্যালট। বিভিন্ন ত্রুটির কারণে আইনগত প্রক্রিয়া মেনে চারটি ব্যালট প্রতিস্থাপনও করা হয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও তারই প্রতিফলন প্রতিভাত হয়েছে।
ফল ঘোষণা করার পর সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরাও একে একে তাঁকে অভিনন্দন জানান।
পরে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা একটি সরকারি গেজেটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বইয়ে শেখ মুজিবের নাম, ক্ষুব্ধ অভিভাবকরা
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ধারা ১১ এবং ‘রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১’-এর বিধি ১২(৬) অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, বর্তমানে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল তিনিই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, সংবিধান অনুসারে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।
এর আগে, ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য
পরে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন