০৭:৪৪ পি.এম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশকে আর ‘আমিত্বের দেশ’ বানাতে দেওয়া হবে না।
তিনি শনিবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব-২০২৬’-এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেন, “দেশকে আর কখনো আমিত্বের দেশ আমরা বানাতে চাই না। এই দেশ আমাদের। কেউ যেন বলতে না পারে—আমি এই করেছি, আমার বাবা এই করেছে। কোনো একক ব্যক্তির মাধ্যমে এই স্বাধীনতা আসেনি।”
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
তিনি গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকার—এখানে 'আমাদের' কথাটা আনতে হবে, 'আমার' নয়। আমিত্ব বাংলাদেশে আর চলবে না।”
ডেপুটি স্পিকার দীর্ঘদিনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, “আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি; আর নয়, এবার জেগে ওঠার সময় হয়েছে।” এ সময় তিনি বিপথগামীদের প্রতি আহ্বান জানান, যারা এখনো বিপথে আছেন, তাদের প্রতি অনুরোধ—“আসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি।”
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, গান ও সংস্কৃতি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি এম. এ. খায়ের, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন