ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের


হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত শনিবার অভিযোগ করেছে যে, হরমুজ প্রণালীতে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির একটি ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে।

এদিকে, এই গুরুত্বপূর্ণ নৌপথ পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে উভয় দেশই ইঙ্গিত দিয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরান কার্যত হরমুজ প্রণালীর ওপর অবরোধ আরোপ করেছে এবং এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে চলাচলের জন্য ফি বা টোল আদায় করতে চায়। ইরান নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করছেÑএমন অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে বারবার হামলাও চালিয়েছে।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

হরমুজ প্রণালীতে ইরানের কোনো ধরনের জাহাজ চলাচল ফি আরোপের তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে জুনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে হওয়া একটি চুক্তিতে হরমুজ প্রণালীর ‘ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা’ নিয়ে উপকূলীয় দেশ ওমানের সঙ্গে আলোচনা করে সমঝোতার এই সুযোগ তেহরানকে দেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর আগে যে প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচল করতেন, সেখানে একের পর এক হামলার কারণে এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুনের সমঝোতার শর্তে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় এডিএনওসি (আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি)-এর একটি ট্যাংকারকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে চালানো ইরানের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে যে, হামলায় কেউ হতাহত হয়নি।

পরে শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালীতে ওমানের উপকূলের কাছে একটি জাহাজে কোনো একটি বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। পরে আগুন নেভানো হয় এবং এতে কেউ হতাহত হয়নি। তবে ইউকেএমটিও যে জাহাজটির কথা বলেছে, সেটিই একই জাহাজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

শুক্রবার এডিএনওসি এক বিবৃতিতে জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই তিনটি জাহাজে হামলা হয়েছে বলে জানানো হয়।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ‘বারবার হামলার’ নিন্দা জানালেও এ ঘটনায় ইরানের নাম উল্লেখ করেনি।

মন্ত্রণালয় আরও জানাচ্ছে, ‘হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগিয়ে চলেছে।’ একই সঙ্গে আলোচনার অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয়, এ জন্য এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের পূর্বের চুক্তিটিÑযেটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা পরিচালনা করার ভিত্তি হিসেবে কাজ করার কথা ছিলÑতাতে বলা হয়েছিল যে, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করবে এবং তা ‘প্রযোজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের নৌপথে সাধারণত চলাচলের জন্য ফি বা টোল আরোপের সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় সড়কে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের অর্থ আদায়ের কারণে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ,ব্যস্ত সড়কে পথচারীদের রাস্তা পারাপার এবং যানবাহনে ওঠা-নামার সময় অর্থ আদায়ের জন্য গাড়ির কাছে গিয়ে দাঁড়ানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে অনেক সময় যাত্রী ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

স্থানীয়দের দাবি,অতীতে এ ধরনের পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনায় সাধারণ পথচারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে ভরাডোবা এলাকায় বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে এনে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী ভালুকার সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন,হিজড়া সম্প্রদায়ের সদস্যদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করা হলে একদিকে যেমন তাদের জীবিকার সুযোগ সৃষ্টি হবে,অন্যদিকে সড়কে অর্থ আদায়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগও কমবে।

জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভরাডোবার স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, বিল-রিচার্জে মিলবে ডিজিটাল ঋণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, বিল-রিচার্জে মিলবে ডিজিটাল ঋণ

সংসারের ছোটখাটো জরুরি খরচের জন্য বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানি কিংবা মোবাইল ফোনের বিল পরিশোধ বা প্রয়োজনীয় রিচার্জের জন্য ডিজিটাল ঋণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন এই ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ঋণ নেওয়ার পর গ্রাহকদেরকে ৩০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে।

এছাড়া, এই ঋণের ওপর কোনো সুদ আরোপ করা হবে না, যা একটি বড় সুখবর। তবে, ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংকগুলোর জন্য নির্দিষ্ট হারে সেবামূল্য নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন খসড়া নীতিমালায় এই ডিজিটাল ঋণ চালুর কথা উল্লেখ করা হয়েছে। জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার জন্য খসড়াটি প্রকাশ করা হয়েছে। মতামত এবং পরামর্শ পর্যালোচনা শেষে চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ ধরনের ব্যবস্থা দেশের নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে। এটি বড় অঙ্কের ভোগ্যঋণ নয়, বরং দৈনন্দিন জীবনের খুব ছোট ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটানোর জন্য একটি স্বল্পমেয়াদি ঋণব্যবস্থা। ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা বা ব্যাংক থেকে প্রচলিত ঋণ নেওয়ার সুযোগ না পাওয়া অনেক মানুষও এর আওতায় আসতে পারেন।

খসড়া নীতিমালায় ঋণের পরিমাণ সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঋণের অঙ্ক যত বাড়বে, নির্ধারিত সেবামূল্যও তত বাড়বে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ১৫ টাকা, ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত ২৫ টাকা, ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ৩৫ টাকা, এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০ টাকা সেবামূল্য ব্যাংকগুলো নিতে পারবে। এর বাইরে কোনো সুদ বা অতিরিক্ত চার্জ নেওয়ার সুযোগ থাকবে না।

তবে, ঋণ নিলে গ্রাহকদেরকে ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে।

নতুন ব্যবস্থায় ঋণ নিতে গ্রাহকদেরকে ব্যাংকের শাখায় গিয়ে কাগজপত্র জমা দিতে হবে না। কারণ পুরো প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

কাগজে স্বাক্ষরের পরিবর্তে গ্রাহকের বায়োমেট্রিক পরিচয় যাচাই এবং ডিজিটাল সম্মতি নেওয়া হবে। অর্থাৎ গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পর ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই ঋণের আবেদন, অনুমোদন, অর্থ ছাড় এবং পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

অবশ্য, নতুন এই সুবিধা এখনই চালু হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বর্তমানে খসড়া নীতিমালা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিচ্ছে। মতামত ও পরামর্শ পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

চূড়ান্ত নীতিমালায় ঋণ দেওয়ার যোগ্যতা, গ্রাহকের সীমা, ঋণ পরিশোধের পদ্ধতি, তথ্য সংরক্ষণ, গ্রাহক সুরক্ষা এবং ঋণ খেলাপি হলে করণীয়সহ বিভিন্ন বিষয় আরও স্পষ্ট হতে পারে।

সবকিছু ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ক্ষুদ্র অঙ্কের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ এক ডিজিটাল সেবা হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পালানোর সময় পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, উদ্ধারে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


পালানোর সময় পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, উদ্ধারে ফায়ার সার্ভিস

ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রীটি ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচিত।

পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়াশোনার প্রতি এই ছাত্রীর অনীহা ছিল। এর আগে সে একবার মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে গিয়েছিল। শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় দিয়ে যান। কিছু সময় পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে, মাদ্রাসার পাঁচতলার একটি জানালার পাশে সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। সেখানে সে আটকা পড়েছিল। বিষয়টি জানার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। কার্নিশে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা ২টার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

মাদ্রাসার মুহতামিম জানান, ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। পড়াশোনার প্রতি অনীহা থাকার কারণে এর আগে সে কয়েকবার বাড়িতে চলে গিয়েছিল। শনিবার (৮ আগস্ট) আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর সাথে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানলে ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


কানাডার পশ্চিমাঞ্চলে দাবানলে ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দাবানলের কারণে শনিবার দ্রুত ছড়িয়ে পড়ার ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার রাতারাতি ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে প্রবল বাতাসের কারণে বাল্ড রেঞ্জ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামারল্যান্ড এলাকায় প্রবেশ করে। এর ফলে আশপাশের বিভিন্ন উপত্যকায় বিভিন্ন সম্প্রদায় প্রভাবিত হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি একটি বিবৃতিতে শনিবার বলেন, আমরা ভালোভাবে জানি অনেক বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটাও জানি যে, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং কিছু মানুষ আটকায় পড়ে আছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, আগুনের ঘেরাটোপে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য বিমানযোগে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রদেশের জরুরি ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতি বিষয়ক মন্ত্রী কেলি গ্রিন এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

সিটিভি নিউজের তথ্য অনুযায়ী, ফাউল্ডার সম্প্রদায় থেকে আগুনের অগ্রগতির কারণে ৫০ জনেরও বেশি মানুষকে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দমকলকর্মী ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা ‘মানুষকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করছেন’।

তিনি আরও বলেন, ফেডারেল সরকার ব্রিটিশ কলাম্বিয়া সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমি গৃহহারা মানুষদের কথা ভাবছি এবং আশা করছি তারা দ্রুত নিরাপদে ঘরে ফিরতে পারবেন।

আগুন প্রথম শনাক্ত হয় শুক্রবার সন্ধ্যায়। শনিবার সতর্ক করে জানিয়েছেন ইবি, দাবানল ‘এখনও অত্যন্ত সক্রিয় এবং বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%