ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার


রাজশাহীতে ম্যাগাজিনসহ ২ টি বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতার
 
গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রাম হতে রাত ০৮:২০ ঘটিকায় ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
 
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছাঃ রোজিনা খাতুন (৪৫)। মোছাঃ রোজিনা খাতুন রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের স্ত্রী। 
 
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৭:৫০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী  বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ মোছাঃ রোজিনা খাতুন (৪৫), পিতা-মোঃ আলতাব হোসেন, স্বামী-মোঃ রুবেল হোসেন এর বসত বাড়ীতে অবৈধ অস্ত্র ও গুলি মওজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০৮:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:২০ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বসত বাড়ি বিধি মোতাবেক তল্লাশিকালে অভিযুক্তের নিজ শয়ন কক্ষের খাটের নিচ হতে একটি সাদা বড় পলিথিনে মোড়ানো শপিং ব্যাগের মধ্য হতে ০২ টি কাঠ সাদৃশ্য বাটযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল, ০৩ টি খালি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। 
 
উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেন (৪৮), গ্রেফতারকৃত অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের স্বামী, পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-আলাইপুর (নাপিতপাড়া) থানা-বাঘা জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 
 
গ্রেফতারকৃত অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ০১টি এবং পলাতক অভিযুক্ত মোঃ রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ১৩ টি, নরসিংদী জেলায় ০১টি এবং কুষ্টিয়া জেলায় ০১টি মামলা রয়েছে। 
 
এ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় 19 A, The Arms Act. 1878 একটি মামলা রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত ফারিয়া ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নুসরাত ফারিয়া ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। গত বছর নুসরাত ফারিয়া এই সিনেমায় যুক্ত হন। তাঁর অভিনয় করার কথা ছিল ব্যারিস্টারের চরিত্রে। তবে, শেষ পর্যন্ত এই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নুসরাত ফারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায়হান খান ভাই আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল। এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’

ফারিয়া জানান, সিনেমাটির শুটিংয়ে তাঁর অংশ এখনো শুরু হয়নি। তিনি বলেন, ‘শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে।

এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল তাঁর। তবে এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়।

এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজও প্রায় শেষের পথে।

অন্যদিকে গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘লজ্জা’ নামের সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


দুদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিস্তৃত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন, এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে ভিলা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আর্থিক অনিয়ম ও লেনদেনের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, তা প্রায় ১৩ হাজার কোটি টাকায় পৌঁছায়। যুগান্তর দুদকের সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

সূত্র জানাচ্ছে, এর মধ্যে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সবচেয়ে বড়। বাকি অর্থের অভিযোগ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, বিভিন্ন পদে নিয়োগ, প্রকল্প, টেন্ডার এবং ঘুস লেনদেনের সঙ্গে জড়িত।

গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে অনুসন্ধানে। দুদক জানায়, নতুন অভিযোগটি আগের অভিযোগের সঙ্গে যুক্ত করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

ডিসি পদায়নেও টাকার খেলা

দুদক জানাচ্ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। একইভাবে সারা দেশে ৩৬ জন ডিসি পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। ৩৬ জনের ক্ষেত্রে অভিযোগে উল্লেখিত সর্বনিম্ন ও সর্বোচ্চ অঙ্কের সম্ভাব্য লেনদেনের পরিমাণ ৭২ কোটি থেকে ৩৬০ কোটি টাকা। বিষয়টি অনুসন্ধানে যাচাই করবে দুদক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্যের সঙ্গেও আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও করা হয়েছে।

প্রকল্পে ১২০০ কোটি টাকা বাড়ানোর অভিযোগ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আবেদনে। ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১২০০ কোটি টাকা ব্যয় বাড়ানোর অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৫৩ কোটি টাকা বরাদ্দ ছিল। ওই প্রকল্পের বরাদ্দ ও অর্থ গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

১০ কোটি ঘুসে ওয়াসার এমডি নিয়োগ

ঢাকা ওয়াসার এমডি হিসেবে আব্দুস সালামকে নিয়োগ দেওয়ার জন্য ১০ কোটি টাকা উৎকোচ নেওয়ার বিষয়টিও অনুসন্ধান করছে দুদক। এলজিইডির সাবেক চিফ ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশীদ খানকে ৫২ কোটি টাকা ঘুসের বিনিময়ে নিয়োগ এবং ৬৫ কোটি টাকার বিনিময়ে গাজীপুর সিটি করপোরেশনের সিইও হিসেবে আব্দুল লতিফ খানকে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

বিদেশে ১১ হাজার কোটি

দুদক দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। চার দেশে মোট অর্থপাচারের অভিযোগ ১১ হাজার কোটি টাকা। এসব অর্থ দিয়ে বিভিন্ন দেশে বিলাসবহুল ভিলা কেনা এবং ব্যবসায় বিনিয়োগের অভিযোগ রয়েছে। পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে অর্থ জমা রাখার অভিযোগও করা হয়েছে।

দুদকে দেওয়া আবেদনে আরও দাবি করা হয়েছে, আসিফ মাহমুদের দুই বোনজামাই ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে।

বাবা-এপিএস-পিওর বিরুদ্ধেও অভিযোগ

অভিযোগে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঠিকাদারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ করা হয়েছে। তার পিও মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ঘুস লেনদেনে তদবির ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া হেলিকপ্টারে কম্বল বিতরণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয় এবং বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে গুলিভর্তি ব্যাগ নিয়ে প্রবেশের ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি পাঁচ তারকা হোটেলে নিয়মিত যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি ব্যবহারের বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। এসব বিষয়েই অনুসন্ধান শুরু করেছে দুদক।

আগের অনুসন্ধানে যা ছিল

এর আগেও আসিফ মাহমুদসহ সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

ওই অনুসন্ধানে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের মাধ্যমে ৭৬ লাখ টাকা, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়নের জন্য ২ কোটি টাকা লেনদেনের অভিযোগের কথা বলা হয়েছে।

এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কর্মকাণ্ডে একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগের কথাও বলা হয়। চার সদস্যের একটি অনুসন্ধান টিমকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন বড় পরিসরে অনুসন্ধান

নতুন অভিযোগে একাধিক মন্ত্রণালয়, সিটি করপোরেশন, উন্নয়ন প্রকল্প, নিয়োগ-পদায়ন এবং চার দেশে অর্থপাচারের অভিযোগ একসঙ্গে এসেছে। বিশেষ করে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে অর্থ লেনদেনের তথ্য থাকায় বিষয়টি বড় পরিসরে অনুসন্ধানের আওতায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার ক্রিকেটে বড় স্বপ্ন, তৈরি হচ্ছে দুটি আন্তর্জাতিক ভেন্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ইন্দোনেশিয়ার ক্রিকেটে বড় স্বপ্ন, তৈরি হচ্ছে দুটি আন্তর্জাতিক ভেন্যু

পর্যটনের জন্য পরিচিত ইন্দোনেশিয়ার বালি এবার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে চলেছে। এখানে নির্মিত হচ্ছে বালি ইন্টারন্যাশনাল ওভাল।

এছাড়াও, দুটি মাঠকে শুধুমাত্র ভেন্যু হিসেবে নয়, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি উন্নতমানের ক্রিকেট উন্নয়ন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে ইন্দোনেশিয়ার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বালি ইন্টারন্যাশনাল ওভালকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। দেশের ক্রিকেট কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা তৈরি করা।

প্রকল্পটির উন্নয়নে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ওয়াকা) সহায়তা নেয়া হচ্ছে। তারা পিচ, মাটির মান, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার মতো বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছে।

ওয়াকার হাই-পারফরম্যান্স ও প্রতিভা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক ক্রিস ব্রাবাজন মন্তব্য করেছেন, ‘এই প্রকল্প ইন্দোনেশিয়ার ক্রিকেটে পরিবর্তন আনার সম্ভাবনা রাখে।’

স্থানীয় সংবাদমাধ্যম এটি নিউজ জানিয়েছে, ২০২৭ সালের মে মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বাছাইপর্বে ভেন্যুটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই বাছাইপর্বে আটটি দলের অংশগ্রহণের কথা রয়েছে।

আইসিসির পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মকর্তারাও এই প্রকল্পটিকে ইন্দোনেশিয়ার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

ইন্দোনেশিয়ার ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি এই পরিকল্পনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দেশটির নারী ক্রিকেট দল এশিয়া কাপে জায়গা করে নিয়েছে এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উন্নত অবকাঠামোর প্রয়োজনীয়তা বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির বার্তা: প্রযুক্তি ও খনিজ অস্ত্রায়নের ঝুঁকির বিরুদ্ধে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মোদির বার্তা: প্রযুক্তি ও খনিজ অস্ত্রায়নের ঝুঁকির বিরুদ্ধে সতর্কতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস নেতাদের সতর্ক করেছেন প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের ঝুঁকি সম্পর্কে। তিনি উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ বিশ্বে যৌথ অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে এতদিনের অর্জনগুলোকে নষ্ট করে দিতে পারে। বর্তমান আন্তঃসংযুক্ত বিশ্বে কোনো সংকটই আর একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বব্যাপী কোনো দেশকেই প্রভাবমুক্ত রাখছে না।

মোদি আরও বলেন, মহামারি, জলবায়ুজনিত দুর্যোগ ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন প্রমাণ করেছে যে বর্তমান পরস্পরনির্ভর বিশ্বে কোনো সংকটই শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। এ কারণে সংকট মোকাবিলায় ব্রিকসের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, সংক্রামক রোগের বিস্তার ঠেকানো এবং তা মোকাবিলায় ব্রিকসের সমন্বিত আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে ঐকমত্য হয়েছে। এ বিষয়ে আগাম সতর্কতা ও তথ্য সমন্বয়ের নির্দেশিকাও প্রস্তুত করা হয়েছে।

ভারতের সভাপতিত্বে ব্রিকসের কার্যক্রমে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন—এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মোদি। বিশ্ব নেতাদের সহযোগিতায় অভিন্ন লক্ষ্যকে ‘উভয়ের জন্য লাভজনক’ বাস্তবতায় রূপ দেওয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে নেতারা যৌথ ছবি তোলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে, অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোসহ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।

আগের দিন প্রকাশিত নয়াদিল্লি ঘোষণায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ব্রিকস। গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলের আইনগত বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়।

নয়াদিল্লি ঘোষণায় একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাড়তে থাকা সুরক্ষাবাদী নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, নির্বিচারে শুল্ক বৃদ্ধি ও পরিবেশবান্ধব বাণিজ্য বাধার নামে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে এবং উদীয়মান অর্থনীতিগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%