০৫:৫৩ পি.এম
চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকের মাধ্যমে ব্রাজিল দলের পরাজয় নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেওয়ার ঠিক এক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জুয়েল রানা (২৭) নামের এক ব্রাজিল সমর্থক।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে বাঁশখালী উপজেলার দারোগাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত জুয়েল রানা উত্তর চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকার শামসুল আলমের ছেলে। দুর্ঘটনার সময় জুয়েল রানা অটোরিকশায় করে যাওয়ার সময়ে দারোগাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এই দুর্ঘটনার সম্পর্কে আরও জানা গেছে যে, ঘটনার এক ঘণ্টা আগে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন, “দল করি হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা যদি অভিযোগ বা মামলা করেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তকরণে পুলিশ কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন