ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনা ফিরলে লাখো ছাত্র-জনতা রাজপথে থাকবে: নাহিদ


শেখ হাসিনা ফিরলে লাখো ছাত্র-জনতা রাজপথে থাকবে: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরলে লাখো কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে।

তিনি সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন।

নাহিদ ইসলাম আরও বলেছেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন, তাহলে এয়ারপোর্ট থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এ নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আপামর জনগণ, ১৪০০ শহিদ পরিবার, তিন লাখ আহত এবং লাখো কোটি ছাত্র-জনতা সেদিন ঢাকার রাজপথে থাকবে। শেখ হাসিনাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরবো না।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা জনগণের প্রতিরোধের মুখে পড়বে।

এনসিপির আহ্বায়ক বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। আপনি আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস ও হিম্মত আছে, তা মাঠে নামলেই দেখা যাবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নয়, নাগরিক স্বার্থই হবে উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয়। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আজ এসব কথা বলেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক নেতৃত্বের প্রতিফলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। তবে এই উদারতার সুযোগ নিয়ে কেউ অন্যায় করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

সম্প্রতি উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে যে কোনো নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তার প্রশ্নে একইভাবে পাশে থাকবো।’

মো. শফিকুল ইসলাম খান বলেন, একার পক্ষে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কোরবানির ঈদে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্যের কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলেছেন এবং সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করায় এবার নগরে দুর্গন্ধ সৃষ্টি হয়নি। এতে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।

প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই সবার অংশগ্রহণে একটি সমন্বিত ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফায়ার সার্ভিস ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ফায়ার সার্ভিস ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করলো

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য অগ্নিনিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে রোববার এবং সোমবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে, প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উলেন্দন করা হয়েছে।

রোববার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার আজকের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফিরিয়ে আনার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফিরিয়ে আনার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফেরাতে হবে, এ নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, মৌলিক সংস্কৃতির চর্চা শেষ হয়ে যাচ্ছে, যা আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। বিষয়টি নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তিনি সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত বছরগুলোর সংকটজনক অবস্থার কারণে রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব দেখা দিয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো জাতি, ধর্ম ও গোষ্ঠী নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।

তিন বলেন, দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে সরকার আন্তরিক। সরকার ইতোমধ্যে এই লক্ষ্য অর্জনে একাধিক বৈঠক করেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফিরিয়ে আনতে হবে এবং রাজনৈতিক ভাষা থেকে কুৎসিত ও অশালীন রূপ দূর করে সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। তিনি নিশ্চিত করেছেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পুনর্নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্র পুনর্নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে বিশ্বপরিসরে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দিনব্যাপী আয়োজিত উৎসবে ছিল আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণিজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, আবৃত্তি সংসদের ব্যবস্থাপনার উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনটির সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদ সহ অন্যান্য অতিথিরা।

উৎসব শেষে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ফলকের সামনে প্রতিমন্ত্রী সম্মাননা স্মারক প্রদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় বাংলা কিউআর চালুর বিষয়ে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বরগুনায় বাংলা কিউআর চালুর বিষয়ে মতবিনিময় সভা

বরগুনা, ৩ আগস্ট, ২০২৬ : দেশব্যাপী ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করার উদ্দেশ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে 'এক দেশ এক কিউআর' কর্মসূচির আওতায় বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আরডিএফ টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিলিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তাগণ এবং আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (বরগুনা) আকিঞ্চন বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি দিলীপ কর্মকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল অঞ্চলের এসডিপি ও কিউআরটি প্রধান প্রীতম ঘোষ।

বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী সভায় উল্লেখ করেন, বাংলা কিউআর চালুর ফলে জনগণ একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে খুব সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে, সেই সঙ্গে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ এবং স্বচ্ছ।

এছাড়া, দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী করবে।

সভায় ব্যবসায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%