০৭:৫৬ পি.এম
সিলেটের ওসমানীনগরে ট্রাক এবং অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের মধ্যে তিনজন এক পরিবারের সদস্য। উক্ত ঘটনায় ওই পরিবারের আরও দুই সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনায় তারা মৃত্যু বরণ করেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. নিয়ামত (৪৫), তার স্ত্রী উসুফা বেগম, তাদের মেয়ে আয়শা আক্তার (৫), এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মো. লালন মিয়া (২৬)।
আরও পড়ুন: পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
দুর্ঘটনায় নিহত নিয়ামত ও উসুফা দম্পতির আরো এক ছেলে ও এক মেয়ে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।
নিহত মো. নিয়ামতের মামা আব্দুল আউয়াল জানান, নিহত নিয়ামত ও উসুফা অনেকদিন ধরে জগন্নাথপুরে বসবাস করছিলেন। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শনিবার তারা কিশোরগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর যাচ্ছিলেন। বাস থেকে অটোরিকশায় করে জগন্নাথপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, এবং এতে অটোরিকশার যাত্রীদের মধ্যে চারজন নিহত হন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেছেন, এই দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন