০৯:০১ পি.এম
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পর আজ ভারতের কাছে স্বাগতিকরা ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বানু এই বড় হারের পেছনে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার মধ্যে বিশাল পার্থক্যের কথা উল্লেখ করেছেন।
সুমাইয়া দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘‘দক্ষিণ এশিয়ান হ্যান্ডবলে ভারত বরাবরই শক্তিশালী দল, এটা আমাদের সকলের জানা, তবে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা ভালো খেলব।” তিনি আরও জানান, ‘‘আমাদের কোচ বলছেন গোলের ব্যবধান যাই হোক না কেন, আমরা ভালো খেলব, এটাই হচ্ছে আমাদের প্রথম ইচ্ছা।”
ভারতের সাথে বাংলাদেশের মূল পার্থক্য কোথায়, এমন প্রশ্নের জবাবে সুমাইয়া বলেন, ‘‘তারা অনেক বেশি টুর্নামেন্ট খেলে থাকে, আমাদের দেশে এত টুর্নামেন্ট হয় না। এবং তাদের গতি অনেক বেশি, আপনারা দেখছেন... তারা সব দিক দিয়েই আমাদের থেকে এগিয়ে ছিল।” তিনি র্যাংকিংয়ের বিশাল পার্থক্যের কথাও তুলে ধরেন, ‘‘তারা র্যাংকিংয়ে আমাদের থেকে অনেক এগিয়ে, তারা ১০ নাম্বার র্যাংকিংয়ে আছে, আমরা ৪৮ নাম্বার।”
আরও পড়ুন: আজ ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ
মাঠে বারবার মিস পাস হওয়া বা বল ফসকে যাওয়ার কারণ হিসেবে মানসিক প্রস্তুতির ঘাটতি মানতে রাজি নন সুমাইয়া। তিনি স্পষ্টভাবে বলেন, ‘‘না না একদমই না, আমাদের কোচরা শুরু থেকে শেষ পর্যন্ত মোটিভেশন দিয়ে আসছেন যে গোলের পার্থক্য কোনো বিষয় নয়, তোমাদেরকে যেটা শিখিয়েছি ম্যাচে সেটাই করার চেষ্টা করবে।”
ডিফেন্সের দুর্বলতা নিয়ে সতীর্থদের পাশে দাঁড়িয়ে এই গোলরক্ষক বলেন, ‘‘আমাদের মেয়েরা অনেক চেষ্টা করছে ডিফেন্স করার, মাঝে মাঝে সেটা অনেক ভালো হয়েছে আবার কখনও ঠিকমত হয়নি। কারণ ভারত শক্তিমত্তার দিক থেকে আমাদের তুলনায় অনেক এগিয়ে।”
এই টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না জানিয়ে সুমাইয়া বলেন, "আমাদের প্রিপারেশন ভালো ছিল, তবে তারা অনেক ভালো টিম... তারা অনেক নিয়মিত অনুশীলনের উপরে থাকে।”
দীর্ঘ বিরতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "আমাদের টুর্নামেন্ট খুবই কম হয়। আমরা ২০১৯ সালে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি, এসএ গেমস। তারপর ২০২৩ সালে ইসলামিক সলিডারিটি... এরপর আর কোনো সিনিয়র লেভেলে খেলা হয়নি। এখানেই তো বড় একটা পার্থক্য হয়ে গেছে।”
আরও পড়ুন: আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
তবে পর্যাপ্ত সুযোগ পেলে ভালো করার আশা প্রকাশ করে তিনি বলেন, "তাদের সাথে আমাদের অনেক গ্যাপ, তবে আমরা যদি ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাই, অবশ্যই ভালো করবো ইনশাআল্লাহ।"
আগামীকাল টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে সুমাইয়া জানান, "কালকে মালদ্বীপের সাথে ম্যাচ, আমরা ভালো করবো, আমাদের কোচ যে নির্দেশনা দিবে সে অনুযায়ী খেলবো ইনশাআল্লাহ।"
মালদ্বীপকে হারালে ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্ট জয়ের লক্ষ্যের বিষয়ে এই গোলরক্ষক বলেন, "আজকে যা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করবো না। কালকের ম্যাচটা নিয়ে আমরা ভাববো, যদি কালকে আমরা জিততে পারি, অবশ্যই ফাইনাল খেলবো।
আরও পড়ুন: রোনালদোকে নামেমাত্র ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা দিল পর্তুগাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন