০২:০৫ পি.এম
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা বিএনপি সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। এই বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহবান জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোংলার পথে যাত্রা শুরু, স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
অবস্থান কর্মসূচির সময় দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণের সঙ্গে রেখে কঠোরভাবে প্রতিহত করা হবে।
নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।
বক্তাগণ আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যে বিএনপি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তারা যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারখ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মোঃ ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান, হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক এবং জেলা ছাত্র দলের আহবায়ক সোহেল রানা।
আরও পড়ুন: খুলনায় ২৭ বছরের যুবক তুষারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন