০৯:২৫ পি.এম
আটোয়ারী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের বিপুল সংখ্যক অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশটির ফোকাস ছিল বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি এবং বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মোঃ জরিফ হোসেন চৌধূরী সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এ,জেড,এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, বিএনপি নেতা আব্দুল্লাহিল বাকী এবং আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান। এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, তারেক হোসেন চৌধুরী মুক্তা, এ রায়হান চৌধুরী রকি, হিরু ঘোষ সহ অনেকে।
সমাবেশে অভিভাবকগণ অভিযোগ করেন বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকরা যথাযথভাবে পাঠদান করেন না। অধিকাংশ শিক্ষক প্রাইভেট কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ওঠে। অভিভাবকরা আরো বলেন, কিছু শিক্ষক প্রাইভেট-কোচিং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যারা ওই শিক্ষকদের নিকট প্রাইভেট পড়ছেন, তাদের পরীক্ষার খাতায় ঠিকভাবে মার্ক প্রদান করা হয়। তবে যারা তাদের কাছে প্রাইভেট পড়ছেন না, তাদের পরীক্ষার খাতায় পূর্ণ মার্ক দেওয়া হয় না। এই পরিস্থিতিতে অনেকে আক্ষেপ প্রকাশ করেন।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
এটা শিক্ষার্থীদের মধ্যে চরম বৈষম্যের সৃষ্টি করছে। বৈষম্য দ্রুত দূর করতে হবে। এই কারণে অভিভাবকরা অবিলম্বে শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করার দাবি জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দশ অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, “আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে একসাথে কাজ করতে হবে” বলে অভিভাবকদের আশ্বাস দেন।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন