ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী


ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরান ‘তাৎক্ষণিকভাবে’ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘অবিলম্বে’ প্রত্যাহার করবে।

বৃহস্পতিবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, সমঝোতা স্মারকটি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেবে। তিনি উল্লেখ করেন, একই সঙ্গে যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার করবে।’

এছাড়া, তিনি আরও নিশ্চিত করেছেন যে, কাতারের সহায়তায় পাকিস্তান শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

শেহবাজ শরিফ জানান, ওই অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হবে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


নাটোরে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আজ জেলার বড়াইগ্রামে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

এই কংগ্রেসটি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।

কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কল্যাণ প্রসাদ পাল এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে প্রচলিত খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়া বক্তারা আরো বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পার্টনার প্রকল্প কাজ করছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরের জট কমাতে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


শাহজালাল বিমানবন্দরের জট কমাতে নতুন উদ্যোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘ দিন ধরে আটকে থাকা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ই-নিলামের একটি উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা কাস্টম হাউস। এই উদ্যোগের উদ্দেশ্য হলো কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করা।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস হাউস, ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন ধরনের মালামাল ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিশেষ আদেশ অনুযায়ী, কোনও লটের জন্য প্রথম নিলামে সংরক্ষিত মূল্য পূরণ না হলে প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে সংশ্লিষ্ট লট বিক্রি হবে।

নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিরা আগামী ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের নির্ধারিত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে দরপত্র জমা দিতে পারবেন।

নিলাম কার্যক্রম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। পরিদর্শন শেষে তারা অনলাইনে দরপত্র দাখিল করতে পারেন। তবে, অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই দুপুর ৩টায় ঢাকা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে।

এনবিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

ব্রিটেনের কট্টর ডানপন্থী নেতা টমি রবিনসন ইসলাম সম্পর্কিত একটি বিতর্কে অংশ নিতে অক্সফোর্ড ইউনিয়নে পৌঁছানোর পর, বুধবার অক্সফোর্ড শহরের কেন্দ্রস্থলে শত শত মানুষ বিক্ষোভ দেখান। স্টিফেন ইয়াক্সলি-লেনন নামে পরিচিত রবিনসন ‘ইসলাম সম্পর্কে পশ্চিমাদের সন্দিহান হওয়া যৌক্তিক- শীর্ষক প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন। অক্সফোর্ড থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি জানায়। বিতর্কে সাবেক অভিনেতা ও কট্টর ডানপন্থি কর্মী লরেন্স ফক্সও অংশ নেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, মে মাসে অনুষ্ঠিতব্য এই বিতর্কটি স্থগিত করা হয়েছিল। এর আগে এখানে বক্তৃতা দিয়েছেন ম্যালকম এক্স, দালাই লামা ও রানি দ্বিতীয় এলিজাবেথ। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ মুখোশ পরে ছিলেন। তারা ‘অক্সফোর্ড ফ্যাসিবাদবিরোধী’ ও ‘বর্ণবাদীরা আমাদের রাস্তা ছাড়ো’ বলে স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বর্ণবাদ নিয়ে বিতর্ক নয়, প্রত্যাখ্যান করুন’ এবং ‘ইউনিয়নের এমন আচরণই যথেষ্ট।’ কিছু ব্যানারে রবিনসনের সাম্প্রতিক রাশিয়া সফরের প্রসঙ্গও উঠে আসে। সেখানে লেখা ছিল, ‘টমি, তোমার দাম কত রুবল?’ এবং ‘পুতিনের পোস্টার বয়।’ বিক্ষোভে অংশ নেওয়া গ্রিন পার্টির স্থানীয় কাউন্সিলর ক্রিস জারভিস বলেন, ‘অক্সফোর্ড ইউনিয়নের কখনোই তাকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি।’ তিনি এএফপিকে বলেন, ‘প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে। কিন্তু সবার জন্য মঞ্চ দেওয়া বাধ্যতামূলক নয়। অক্সফোর্ড ইউনিয়ন কট্টর ডানপন্থী ব্যক্তিদের জন্য সেই মঞ্চ তৈরি করেছে।’ তিনি আরও জানান, অনুষ্ঠান ও বিক্ষোভের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেছে। অক্সফোর্ড সিটি কাউন্সিলের প্রধান সুসান ব্রাউন চলতি সপ্তাহে বলেন, রবিনসনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন।’ প্রকাশনা খাতে কর্মরত ৩০ বছর বয়সী ফোবি বলেন, ‘এ ধরণের মতাদর্শকে বৈধতা দেওয়া অত্যন্ত বিপজ্জনক।’ বিতর্কের বিরোধিতাকারীদের সঙ্গে রবিনসনের সমর্থকদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে পুলিশ শহরের একটি প্রধান শপিং সড়ক বন্ধ করে দেয়। রবিনসনের সমর্থকদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল এবং তাদের মধ্যে শিশুরাও উপস্থিত ছিল। তারা ইউনিয়ন জ্যাক পতাকা নাড়াচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির কুচকাওয়াজে সেনাপ্রধানের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


রাষ্ট্রপতির কুচকাওয়াজে সেনাপ্রধানের অংশগ্রহণ

বাংলাদেশ মিলিটারি একাডেমির ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি একই সঙ্গে কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাপ্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।

প্রধান অতিথি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন মহিলা অফিসার রয়েছেন।

এছাড়া ৪ জন ফিলিস্তিন, ১ জন তানজানিয়া, ১ জন জাম্বিয়া এবং ১ জন মালদ্বীপের অফিসার ক্যাডেট বিএমএ হতে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন, যারা পরে নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।

৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকশ ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত 'সোর্ড অব অনার' ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য 'সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক' অর্জন করেন।

এছাড়া, এ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ বিদেশী ক্যাডেট হিসেবে 'বিএমএ ট্রফি অব এক্সিলেন্স' অর্জন করেন সার্জেন্ট আবু বকর, তানজানিয়া।

পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন।

এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা এবং প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%