০৫:৩৮ এম
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাশতলা ব্রিজ-ঘোলা খেয়াঘাট-ওয়াপদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাচা রাস্তাটি বছরের পর বছর অবহেলায় অব্যাহতভাবে বেহাল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে কার্যত চলাচলের ঊপযোগী নয় হয়ে পড়ে, যার ফলে পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের অভিজ্ঞতা ভোগ করছেন। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসানে সড়কটি দ্রুত পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
জানা গেছে, রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন সড়কটি শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হিসেবে পরিচিত। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল এই সড়কের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু দীর্ঘদিন উন্নয়নের অভাবের কারণে সামান্য বৃষ্টিতেই সড়কের ওপর কাদা জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরী রোগী হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিমত হল, যদি সড়কটি পাকাকরণ করা হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা যাবে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। বিগত সময়কাল ধরে শ্রীউলা ইউনিয়নে কাগজে-কলমে উন্নয়নের জোয়ার অস্বীকার করার উপায় নেই। তবে, জনগুরুত্বপূর্ণ ৬টি সড়কের মধ্যে ৩৫ কিমি রাস্তা কাঁচা থাকায় জনগণের দুর্ভোগ বেড়ে চলেছে। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান জানান, "এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ সড়কের পাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি ফাজিল মাদ্রাসা, ৮ মসজিদ, ৩টি খেয়াঘাট এবং ৫০ থেকে ৬০টি মুরগির খামারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাকাকরণের জন্য মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।"
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দীপু বলেন, "সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত বাস্তবায়নের জন্য সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।" এদিকে, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে সড়কটি পাকাকরণ হলে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন