বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০২ পি.এম
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেছেন মউক’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এই বোর্ড সভাটি বুধবার সকালে নগরীর গণপূর্ত ভবনে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং আধুনিক ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, স্থাপত্য অধিদপ্তরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড কর্মকর্তা ইফতেখার আলমসহ অন্যান্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড় দেখা যাচ্ছে। সীমানা অতিক্রম করে লম্বা ঘাসের ঝাঁক সড়কের বড় অংশ দখল করে নিচ্ছে।
দুই পাশ থেকে চাপ আসায় সড়কটি সংকুচিত হয়ে পড়ছে। এর সাথে রয়েছে বন্যপ্রাণীর চলাচল। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও নান্দাইল-তাড়াইল আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে।
এ বিষয়ে প্রতিকার দাবি করেছেন যানবাহনচালক ও স্থানীয়রা।
সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা ও গাড়ির চালকরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ঝোপঝাড় পরিষ্কার না করার কারণে পিচঢালা সড়কগুলো ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এসব ঝোপঝাড় থেকে হঠাৎ বন্যপ্রাণী চলন্ত গাড়ির সামনে লাফিয়ে পড়ে, যা নিয়ন্ত্রণ হারানোর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে।
এছাড়া, রাতে দুষ্কৃতকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকে। তারা যানবাহনের চালক ও পথচারীদের জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছে। এর ফলে রুটগুলোতে চলাচলকারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব সড়কের বিভিন্ন বাঁকে ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দূর থেকে দেখা যায় না। সম্প্রতি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় ট্রাফিক জটলা ও অসচেতনতার মধ্যে একটি দ্রুতগতির ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে তিনজন নিহত হন।
এছাড়া, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে এর চালক নিহত হন।
স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে জঙ্গল থাকার কারণে রাতে চালকেরা প্রায়ই রাস্তার সঠিক সীমানা বুঝতে ভুল করেন। দুর্ঘটনার পাশাপাশি, এসব ঝোপঝাড়ের সুযোগ নিয়ে নান্দাইল ও তাড়াইল সীমান্তের নির্জন অংশগুলোতে রাতে গাছের ডাল ফেলে বা ব্যারিকেড দিয়ে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ লুট করে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নীতিমালা অনুযায়ী, নিরাপদ যানচলাচলের স্বার্থে সড়কের দুই পাশের ‘রাইট অব ওয়ে’ (সড়কসীমা) সব ধরনের প্রতিবন্ধকতা, লতাপাতা ও জঙ্গলমুক্ত রাখার জন্য স্পষ্ট নিয়ম রয়েছে। বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন বাঁক ও মোড়ে চালকের দৃষ্টিসীমা ঠিক রাখতে নিয়মিত বিরতিতে আগাছা কেটে পরিষ্কার করার জন্য সরকারি বাজেট ও নির্দিষ্ট জনবল বরাদ্দ থাকে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, বর্ষা মৌসুমের কারণে সড়কের দুই পাশে আগাছা কিছুটা দ্রুত বেড়ে গেছে। আমাদের সড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে সংশ্লিষ্ট সড়কগুলো চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা ও দুর্ঘটনা এড়াতে শিগগিরই ঝোপঝাড় ও জঙ্গল কাটার কাজ শুরু করা হবে বলে জানান এই সওজ প্রকৌশলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার মিঠামইনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জয়ন্ত মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৬) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত মন্ডল দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের ছেলে এবং হাফিজা আক্তার একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে নামে জয়ন্ত ও হাফিজা। গোসলের এক পর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর শিশু দু’টিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে জয়ন্তের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে হাফিজা আক্তারকে ভাসতে দেখেন। পরে কিছু দূরে জয়ন্তকেও পানিতে ভাসতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত ২ শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বাসস’কে বলেন, পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মোট ২২৬৮টি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলাগুলি করে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজিসহ মোট ৩৪২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৬টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজিসহ ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০টি ট্রাক ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫টি বাস, ২২টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। এছাড়াও, অভিযানের সময় মোট ৪৮৬টি গাড়ি ডাম্পিং এবং ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’-এ দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কারের আয়োজন করেছে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ।
রাজধানী ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলালিংককে ‘এক্সটার্নাল সাপ্লাই চেইন, কোলাবরেশন অ্যান্ড পার্টনারশিপস’ এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ইনোভেশন’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানটির ‘বাংলালিংক পাওয়ার’ সেলফ-রিটেইলার অ্যাপের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
‘বাংলালিংক পাওয়ার’ প্ল্যাটফর্মটি চলতি বছরের মার্চে চালু করা হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে মোবাইল রিচার্জ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন। এখানে কোনো আগাম বিনিয়োগ ছাড়াই সেলফ-রিটেইলার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ডিজিটাল কেওয়াইসি যাচাই, রিয়েল-টাইম কমিশন দেখার সুবিধা এবং ডিজিটাল পুরস্কার ব্যবস্থার মাধ্যমে বিক্রয় ও আয়ের হিসাব পরিচালনার সুযোগও রয়েছে।
বাংলালিংক জানিয়েছে, ডিজিটাল বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে সবার জন্য আয়ের সুযোগ তৈরি করার লক্ষ্যেই এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। বিশেষত তরুণ, নারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দোকান স্থাপন ছাড়াই আয়ের সুযোগ তৈরি করা হয়েছে।
বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘বাংলালিংক পাওয়ার’ কোনো আগাম বিনিয়োগ ছাড়াই মানুষের জন্য সহজে আয়ের সুযোগ তৈরি করছে। স্মার্টফোন ব্যবহার করে সরাসরি ব্যবসা পরিচালনার সুযোগের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি প্রচলিত খুচরা বিক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ‘বাংলালিংক পাওয়ার’ আনুষ্ঠানিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ সীমিত এমন মানুষদের বৃহত্তর ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার কাজ করছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, প্রযুক্তির মাধ্যমে মানুষ সরাসরি উপকৃত হলেই ডিজিটাল রূপান্তর অর্থবহ হয়। ‘বাংলালিংক পাওয়ার’ ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে আয় ও সামাজিক অন্তর্ভুক্তির নতুন সুযোগ তৈরি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ