বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০১:৪৩ পি.এম
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক এমপি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মরহুম আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল ও জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরো বলেন, ‘তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে মরহুম আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
বিএনপির রাজনীতিতে আব্দুল হাইয়ের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, 'বিভিন্ন সময়ে দেশে স্বৈরাচার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক।'
তিনি জানান, 'গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।'
তারেক রহমান বলেন, ‘আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারাল। তাঁর মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সভাপতি আলহাজ মো. আব্দুল হাই বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে খুনের অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। তিনি দাবি করেছেন, এটি একটি হত্যাকাণ্ড নয়, বরং আত্মহত্যার ঘটনা। এদিকে, পুলিশ তাকে এবং অন্য অভিযুক্তদের খুঁজছে। খবর এনডিটিভির।
গত শুক্রবার লখনউয়ের একটি ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যু ঘটে। এই ঘটনার পর শ্রদ্ধা দুবে এবং তার বোন রশ্মি আত্মগোপন করেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, শ্রদ্ধা ও অন্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রকাশিত এক মিনিটের বেশি সময়ের ভিডিও বার্তায় শ্রদ্ধা দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। শিবার মৃত্যু হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি ভালো নেই এবং শারীরিকভাবে সুস্থ নন। এ ঘটনার সাথে তার নাম যেন কোনো প্রভাবশালী কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়ানো না হয়, সেই অনুরোধও জানান তিনি।
ভিডিও বার্তায় শ্রদ্ধা আরও বলেন, তিনি পুলিশকে পুরো সত্য জানাতে চান এবং কোথাও পালিয়ে যাননি। কোনো নারীর বিষয়ে মন্তব্য করার আগে সবাইকে ভালোভাবে চিন্তাভাবনা করার আহ্বানও জানান তিনি।
এ ঘটনায় শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি, দানিশ নামে এক চালক, আদিল নামে এক সহযোগীসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
শিবার মায়ের অভিযোগ, প্রায় চার মাস ধরে শ্রদ্ধা তাঁর ছেলেকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করছিলেন। এ ছাড়া শিবার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং তাঁর সম্মানহানির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টার দিকে শ্রদ্ধা ফোন করে রঞ্জনা শর্মাকে জানান, শিবা তার ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আবার ফোন করলে শ্রদ্ধা জানান, তার চালক শিবাকে হাসপাতালে নিয়ে গেছেন। এ সময় চালকের ফোন নম্বরও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শিবার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে শ্রদ্ধা দুবে ও অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রেমিককে হত্যার অভিযোগে অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, তার প্রেমিক আত্মহত্যা করেছেন।
পুলিশ ২৮ বছর বয়সি রেস্তোরাঁ ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। গত শুক্রবার লখনৌয়ে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে তার মৃত্যু ঘটে। ঘটনার পর শ্রদ্ধা এবং তার বোন পলাতক ছিলেন।
এক মিনিটেরও বেশি সময়ের ওই ভিডিওতে শ্রদ্ধা অনুরোধ করেছেন, তার নাম যেন কারো সঙ্গে না জড়ানো হয়। তিনি জানান, তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে এবং বিবৃতি দিতে প্রস্তুত।
ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সার বলেন, “আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মা মামলা সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।”
শ্রদ্ধা দাবি করেছেন যে, তিনি পুলিশকে ‘পুরো সত্যি’ জানাতে চান এবং তিনি কোথাও পালিয়ে যাননি। তিনি বলেন, “কোনো নারী সম্পর্কে কিছু বলার আগে মানুষের শতবার ভাবা উচিত।”
এই মামলায় শ্রদ্ধা ছাড়াও তার বোন রেশমি, গাড়িচালক দানিষ এবং আদিল নামের এক সহযোগীকে আসামি করা হয়েছে।
নিহতের মায়ের অভিযোগ, শ্রদ্ধা তার ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ও সম্মানহানির হুমকি দিয়ে আসছিলেন। তিনি দাবি করেন যে, তাদের সম্পর্কের সময় শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।
লখনৌ পুলিশ শ্রদ্ধা দুবে ও তার বোনের সন্ধান দিতে পারলে ২৫ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপানের সরকার তাদের নাগরিকদের জন্য সৌদি আরবে ভ্রমণের বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। ওই বার্তায় উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবে ‘অপরিহার্য নয়’ এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকার জন্য সতর্কতার মাত্রা পরিমাপক চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে।
একটি হালনাগাদ তথ্যে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, দেশটির উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকার জন্য সতর্কতার মাত্রা ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে।
ইয়েমেন সীমান্তের নিকটবর্তী এলাকাগুলো ৩ নম্বর সতর্কতার মাত্রায় রয়েছে; এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করা বা সেগুলোর নিকটবর্তী যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে হুথি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
যারা সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক (২৮) মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। দেশে ফিরে আসার পর আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
বুধবার রাতে মাদক কেনার টাকার জন্য তারেক বাড়িতে ভাঙচুর করেন। একপর্যায়ে, বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু ঘটে বলে জানা গেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানিয়েছেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ