মোঃ রাসেল সরকার (স্টাফ রিপোর্টার)
০৫:০৭ পি.এম
চক্ষুস্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক সৃষ্টি করেছে সিরাজগঞ্জ। দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে সিরাজগঞ্জকে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (ঢাকা)-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সাঈদ মেহবুব উল কাদির, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, ওএসবির মহাসচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন নিউটন এবং সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক আল মামুন।
সংশ্লিষ্টরা জানান, জেলার মানুষের মধ্যে ছানি রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও অস্ত্রোপচারের আওতা বাড়ানোর মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে জেলার ছানি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে ঘোষণা চক্ষুস্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ উদ্যোগের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নত চক্ষু চিকিৎসার আওতায় আসবে এবং ছানি রোগের কারণে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিজয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিগরাজ নৌ ঘাঁটিতে যুদ্ধজাহাজ দেখতে সাধারন মানুষ ভিড় করে।
প্রতিবছরের মতো এবারও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সারাদেশে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মোংলায় শিশু, নারী, পুরুষসহ নানা বয়সি মানুষের উপস্থিতিতে নৌবাহিনীর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করেন।
জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বানৌজা বিজয় জাহাজের সক্ষমতা, ব্যবহৃত প্রযুক্তি, নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ পরিচালনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত অবহিত করেন। আগত দর্শনার্থীরা জানান, সাধারণত যুদ্ধজাহাজ দেখার সুযোগ থাকে না। তাই সন্তানদের দেশের নৌবাহিনী সম্পর্কে জানাতে এবং দেশপ্রেম জাগ্রত করতে তারা এখানে নিয়ে এসেছেন।
জাহাজটি ঘুরে দেখে দর্শনার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর অবদান কাছ থেকে জানতে পারা সত্যিই গর্বের বিষয়।
বানৌজা বিজয় জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ বলেন, দেশের নাগরিকদের নৌবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে এবং জনগণের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই নৌবাহিনীর জাহাজের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলসহ সারাদেশে নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন নৌঘাঁটি, জাহাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্মৃতিস্তম্ভে দোয়া, গার্ড অব অনার, সম্মাননা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষা করেছেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করার জন্য সুগভীর ষড়যন্ত্র চলছিল। বাংলাদেশের সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করার চেষ্টা অব্যাহত ছিল।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম ও ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সেনাবাহিনীর জন্য গর্বের বিষয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভেকু মেশিন ব্যবহার করে এক নারীর বাড়ির সীমানা প্রাচীর ও গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে। জানা গেছে, হাটাশ গ্রামের মো. আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল স্থানীয় একটি মহলের। এই বিরোধের কারণে বাছির মিয়া ও মুখলেছুর রহমান হিরনসহ প্রধান আসামিরা দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বাড়ি থেকে উচ্ছেদ এবং ইটও আস্ত না রাখার হুমকি দেয়া হয়েছিল।
গত মঙ্গলবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ভেকু মেশিন নিয়ে বাদিনীর বাড়ির সামনে হাজির হন। ১ থেকে ৫ নম্বর আসামির নেতৃত্বে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় সীমানা প্রাচীর ও প্রধান গেট। এ সময় বাধা দিতে গেলে বাদী নাছিমা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
মামলার বাদী নাছিমা বেগম জানান, "ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা টাকা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে ভেকু মেশিন এনে আমাদের সীমানা প্রাচীর ও গেট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।"
বাদীর ছেলে লেয়াকত আলী অভিযোগ করেন, এ সময় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, "প্রভাবশালী এই মহলটা জোরপূর্বক আমাদের জমি দখল করতে চায়। চাঁদা না দেয়ায় তারা দিনদুপুরে ভেকু দিয়ে আমাদের বাড়িঘর ও সীমানা প্রাচীর ভেঙে তছনছ করেছে। থানায় মামলা নিতে চায়নি, এখন বাধ্য হয়ে আদালতে গিয়েছি। আমাদের ওপর করা এই জুলুমের বিচার চাই।"
ঘটনার পর অভিযুক্ত বাছির মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, তবে অপর অভিযুক্ত মুখলেছুর রহমান হিরন দাবি করেছেন, "তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, জনগণ একত্রিত হয়ে সীমানা প্রাচীর ভেঙে খাস জমি উদ্ধার করেছে।"
বাদীপক্ষের আইনজীবী জানান, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে ন্যায়বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে দ্রুত বিচার আদালতে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রতি কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চীনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের প্রাক্কালে ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে সিএনএন-কে জেলেনস্কি বলেন, পুতিনকে কীভাবে ডাকা হবে তা ট্রাম্পের নিজস্ব বিষয়, কিন্তু ইউক্রেনের জনগণের কাছে তিনি একজন শত্রু এবং খুনি। জেলেনস্কির মতে, পুতিনের কারণে মানুষের হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যা তাকে বিশ্বের অধিকাংশ মানুষের কাছে খুনি হিসেবে চিহ্নিত করে। তাকে ‘বন্ধু’ বলার মাধ্যমে তার ওপর কোনো চাপ সৃষ্টি হয় না।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-এ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। খারকিভে ১১ জন এবং রিভনেতে একজন আহত হয়েছেন। এর আগে, শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক ড্রোনের হামলায় অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন, যা জেলেনস্কির মতে চলতি বছরের সবচেয়ে বড় হামলা।
শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং তাদের সুসম্পর্ক ইতিবাচক। অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় ওয়ারশ একে মস্কোর ‘উসকানি’ বলে অভিহিত করেছে এবং ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ