০৯:২৫ এম
ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক গুঞ্জন ছড়ানোর প্রেক্ষাপটে, এবার কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলিউড অভিনেতা গোবিন্দা। তাঁর স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্ক, বিবাহবিচ্ছেদ এবং অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে কথিত বিয়ের দাবির মতো বিষয়গুলোকে তিনি মিথ্যা, মানহানিকর ও যাচাই না করা তথ্য হিসেবে উল্লেখ করে আইনি সতর্কবার্তা প্রদান করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোবিন্দার পক্ষ থেকে জারি করা আইনি নোটিশে বলা হয়েছে, যদি কেউ তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এমনকি ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ১০০ কোটি রুপি দাবি করার কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
নোটিশে গণমাধ্যম প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। গোবিন্দা বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, মানহানিকর, বিদ্বেষপূর্ণ, বানোয়াট কিংবা যাচাই না করা কোনো তথ্য তৈরি, প্রকাশ, আপলোড, সম্প্রচার বা শেয়ার না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রী: আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন
বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ছবি, ভিডিও, অডিও, বিকৃত ছবি, ডিপফেকসহ এআই দ্বারা তৈরি বা প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত বিভিন্ন কনটেন্টের প্রসঙ্গ।
গোবিন্দার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠস্বর, ছবি, পরিচয়, অবয়ব বা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো উপাদান তৈরি, পরিবর্তন বা বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল রানি স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার কথিত আদালতে বিয়ের দাবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর আগে গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছিল, যদিও পরে সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
আইনি নোটিশে বলা হয়েছে, গোবিন্দার ধারণা, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার এবং তাঁকে মানসিক ও সামাজিকভাবে হয়রানির উদ্দেশ্যে কিছু গুজব ছড়ানো হতে পারে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবক নিহত
ব্যক্তিগত জীবন নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে এবার স্পষ্ট বার্তা দিলেন গোবিন্দা। তাঁর দাবি অনুযায়ী, যাচাইহীন ও মিথ্যা তথ্য কিংবা প্রযুক্তির সাহায্যে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণের অঙ্ক সর্বোচ্চ ১০০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন