ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ চলাকালেই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন লেভানদোস্কি


বিশ্বকাপ চলাকালেই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন লেভানদোস্কি

লিওনেল মেসির পর এবার মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা গোলমেশিন রবার্ট লেভানদোস্কি। খবর অনুযায়ী, গ্রীষ্মকালীন দলবদলে মেজর লিগ সকারের (এমএলএস) দল শিকাগো ফায়ারে যোগ দিতে যাচ্ছেন পোলিশ এই মহাতারকা।

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন কনফারেন্সের ক্লাবটির সঙ্গে দুই বছরের একটি চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই চুক্তির মাধ্যমে এমএলএসের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন তিনি।

আসন্ন এই বিগ সাইনিং নিয়ে ইতিমধ্যেই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে শিকাগো শিবিরে। চলতি মাসের শুরুর দিকে ক্লাবটির ফুটবল ডিরেক্টর ও প্রধান কোচ গ্রেগ বেরহাল্টার গণমাধ্যমকে জানান, তারা বিশ্বমানের তারকাদের ডেরায় ভেড়াতে মরিয়া।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি বলেন, ‘আমরা মনে করি লেভানদোস্কির মতো মাপের একজন ফুটবলারকে পাওয়া শুধু আমাদের ক্লাবের জন্যই নয়, বরং গোটা মার্কিন লিগের জন্যই এক বিরাট প্রাপ্তি।’

পোলিশ ফরোয়ার্ডের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে কোচ আরো বলেন, ‘খেলার মাঠে দক্ষতার বিচারে আমরা তাকে লিওনেল মেসির সমপর্যায়ের মনে করি। শিকাগো শহরের ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে দারুণ এক উপহার।’

ওয়ারশতে জন্ম নেওয়া এই গোলমেশিনের ক্যারিয়ারের পরিসংখ্যানও চোখধাঁধানো। জ্নিকজ প্রুশকোভ ও লেখ পোজনান দিয়ে শুরু করে বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মতো ইউরোপের শীর্ষ ক্লাব মাতানো লেভার নামের পাশে রয়েছে ৯০০-রও বেশি ম্যাচে অবিশ্বাস্য ৬৬২টি গোল। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে ট্রফি ক্যাবিনেটে পুরেছেন ৩৩টি বড় শিরোপা। এবার সেই সব কীর্তি বগলদাবা করেই ‘উইন্ডি সিটি’ খ্যাত শিকাগোতে পা রাখছেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চেও পোল্যান্ডের ফুটবল ইতিহাসের অবিসংবাদিত নায়ক লেভানডফস্কি। দেশের জার্সিতে ১৬৭ ম্যাচে সর্বোচ্চ ৮৯টি গোল করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে নিজ দেশের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া এই ফুটবলার এবার মার্কিন লিগে কেমন ঝড় তোলেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তের গোলে শেষ ষোলো নিশ্চিত করল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১০ এম


শেষ মুহূর্তের গোলে শেষ ষোলো নিশ্চিত করল কানাডা

বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠল কানাডা ও দক্ষিণ আফ্রিকার লড়াই। নির্ধারিত সময়জুড়ে দুই দলই তৈরি করেছিল একাধিক সুযোগ, তবে গোলের দেখা পাচ্ছিল না কোন পক্ষই। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্তেফান ইউস্তাকিওর অসাধারণ গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। এই ম্যাচে সাহসী লড়াই করেও বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ম্যাচের শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে তারা বারবার ব্যর্থ হয়। দক্ষিণ আফ্রিকা প্রথম দিকে কিছু ভালো আক্রমণ গড়লেও কানাডার গোলরক্ষক ছিলেন সজাগ। অন্যদিকে কানাডাও কর্নার ও আক্রমণ থেকে কিছু দারুণ সুযোগ তৈরি করেছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ও গোলরক্ষক দুর্দান্তভাবে প্রতিরোধ গড়ে তোলেন।

প্রথমার্ধের শেষ দিকে কানাডা সবচেয়ে বড় সুযোগটি পায়। কর্নার থেকে পাওয়া বলের দুর্দান্ত হেডটি প্রায় গোল হয়ে যাচ্ছিল। কিন্তু গোললাইন থেকে ঝাঁপিয়ে পড়ে বল ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার একজন রক্ষণভাগের খেলোয়াড়। ফিরতি বল থেকেও কানাডা গোল করতে পারেনি।

বিরতির পর কিছুটা ধীরগতির হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কানাডা। বদলি হিসেবে মাঠে নামানো আলফন্সো ডেভিস আক্রমণে নতুন গতি এনে দেন। তার গতিময় দৌড় ও নিখুঁত পাসে একের পর এক সুযোগ তৈরি হতে থাকে। জনাথন ডেভিড, ইউস্তাকিও ও অন্যান্য ফরোয়ার্ডরা চেষ্টা চালিয়েছিল, তবে দক্ষিণ আফ্রিকার রক্ষণপ্রাচীর ভাঙা খুবই কঠিন হয়ে উঠছিল।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও হাল ছাড়েনি। পাল্টা আক্রমণে কয়েকবার কানাডার রক্ষণকে চাপে ফেললেও শেষ মুহূর্তে তারা লক্ষ্যভেদ করতে পারে নি। কানাডার গোলরক্ষক গুরুত্বপূর্ণ সময়ে কিছু দারুণ সেভ করে দলের স্বার্থে কাজ করেছেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার অপেক্ষায় ছিল, ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডান দিক থেকে ভেসে আসা বলটি দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ প্রথমে দূরে সরিয়ে দেয়। তবে, বক্সের বাইরে বল পেয়ে স্তেফান ইউস্তাকিও একবার নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের শক্তিশালী শটে গোল করেন। চাপের মুহূর্তে তার নিখুঁত শট দক্ষিণ আফ্রিকার গোলরক্ষকের জন্য কোনো সুযোগই ছেড়ে দেয় নি। গোলের পর সতীর্থদের সঙ্গে কানাডার খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।

গোল খাওয়ার পর, দক্ষিণ আফ্রিকা শেষ কয়েক মিনিটে সমতা ফেরানোর চেষ্টা চালায়। একের পর এক আক্রমণ তুললেও কানাডার রক্ষণ সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। শেষ মুহূর্তে বক্সে ভাসানো একটি ক্রসও নিরাপদে ধরে ফেলেন কানাডার গোলরক্ষক। এরপরই শেষ বাঁশি বাজলে কানাডা শিবিরে উল্লাসে ফেটে পড়ে।

নাটকীয় এক লড়াই শেষে ১-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কানাডা, আর তিনটি ম্যাচে দুর্দান্ত লড়াই উপহার দেওয়ার পর এবারের বিশ্বকাপে এখানেই শেষ হলো দক্ষিণ আফ্রিকার যাত্রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর শাহবাগ থেকে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১২ এম


রাজধানীর শাহবাগ থেকে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জন

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লাখ জাল টাকা সহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।

রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, শনিবার রাতে মোতালিব প্লাজার পাঁচ তলায় একটি দোকানে কিছু ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকার সঙ্গে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। এই কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১৬ এম


ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করুন

ইসরাইল-যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের জন্য আবেদন তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। খবরটি এসেছে আলজাজিরা থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের নিশ্চয়তা প্রদান বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনগত ও বিচারিক অগ্রাধিকার।

মোজতবা খামেনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক অপরাধী, ঔদ্ধত্যবাদী শক্তি ও আগ্রাসীরা ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি তাদের চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে ইরানের মানুষদের ক্ষতিগুলোর উল্লেখ করেছেন। এই ক্ষতির মধ্যে মিনাব ও লামের্দে শিশু হত্যা এবং যুদ্ধাপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। চিকিৎসাকেন্দ্রগুলোতে হামলার ঘটনাও তার অভিযোগের মধ্যে রয়েছে। এছাড়াও তিনি বলেছেন, যুদ্ধের ফলে ইরানি জনগণের শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতির ঘটনার বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত।

তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘হাজার হাজার গুরুত্বপূর্ণ আইনি মামলাসম’ মধ্যে একটি বলে উল্লেখ করেছেন এবং বলেন, এর বিচার হওয়া অত্যন্ত প্রয়োজন।

ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য, ‘মার্কিন-জায়নবাদী শত্রুপক্ষের’ নেতাদের প্রকাশ্য নির্লজ্জ দম্ভোক্তি নিঃসন্দেহে অপরাধ স্বীকার করে নেওয়ার পরিণতি।

তিনি আরও জানান, দুই দফা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের তদন্ত ঠিক একইভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা হয়েছে এবং এসব তদন্ত ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:১৯ এম


সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে।

গত ২০ জুন দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার, ৮ জুন চৌহালী উপজেলার চর বিনানই ঘাট এলাকার প্রায় ১৫০ মিটার এবং ১৭ এপ্রিল রাতে কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদীর তীর সংরক্ষণ এলাকায় দুটি স্থানে বেশকিছু অংশ যমুনায় বিলীন হয়ে যায়। এটি নদী পাড়ের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান যে, নদীতে পানি বৃদ্ধির কারণে কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন রোধের জন্য তারা বালুর বস্তা ফেলা শুরু করেছে।

সিরাজগঞ্জ জেলা নদী বেষ্টিত, যেখানে কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলা যমুনা নদী দ্বারা ঘেরা। প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই নদীভাঙনের ঘটনা ঘটে। এই ভাঙনের জন্য বালু উত্তোলনকে দায়ী করা হচ্ছে। শুষ্ক মৌসুম এবং বর্ষা মৌসুম দু'তেই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আকস্মিক এই ভাঙনের কারণে নদী পাড়ের মানুষের মাঝে আতঙ্ক ও শঙ্কা ছড়িয়ে পড়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে গত ৮ জুন থেকে যমুনা নদীতে পানি বাড়াতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এলাকায় তিন সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ছয় সেন্টিমিটার বেড়েছে। তবে পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ১৪৮ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে বিপৎসীমা ১৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখানো হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছে বলেও জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক ভূঁইয়া জানান, কাওয়াকোলা ইউনিয়নে সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে। বড় কয়ড়া, বর্নি ও কৈগাড়ি জড়তা গ্রামে নদীভাঙনের তীব্রতা খুব বেড়ে গেছে। বসতবাড়ি, ফসলিজমি এবং ব্যবসাপ্রতিষ্ঠান সবকিছুই নদীতে বিলীন হয়ে যাচ্ছে। চরের ছেলেমেয়েদের জন্য পড়াশোনা করার একমাত্র মাধ্যম বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেকোনো সময় নদীতে বিলীন হতে পারে। দুর্যোগ আশ্রয়ণ প্রকল্পের ঘরে (মুজিব কিল্লা) অস্থায়ীভাবে শিক্ষার্থীদের ক্লাশের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি শিক্ষা অফিস ও ইউএনওকে অবগত করা হয়েছে। ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান জানাচ্ছেন, স্কুলটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। এখন স্কুলটি নদীর মধ্যে হেলে পড়েছে। বাধ্য হয়ে তারা প্রায় চার লাখ টাকায় স্কুলটিকে নিলামে বিক্রি করতে বাধ্য হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে অস্থায়ীভাবে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যেভাবে ভাঙছে, আশ্রয় প্রকল্পটিও যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলছেন, পানি বাড়ার কারণে কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। তারা জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%