ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান: স্বরাষ্ট্রমন্ত্রী


আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নির্মাণ নিষিদ্ধের সিদ্ধান্ত, পরিবেশবান্ধব পর্যটনে গুরুত্
ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সামগ্রিক উন্নয়নে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি সহায়তায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এতে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পর্যটন শিল্পের বিকাশের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নিষিদ্ধ
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপ দুটিতে নতুন করে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ইসিএ এলাকার সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ
মন্ত্রী আরও জানান, পূর্বে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছিল বলে পর্যালোচনায় এসেছে। এ বিষয়ে পরিবেশ আইনের সংশ্লিষ্ট বিধান এবং হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে বিস্তারিত সারসংক্ষেপ তৈরি করা হবে। পরবর্তী সময়ে এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে।
এ ছাড়া সমুদ্রসৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণসংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সমন্বিত পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
মহেশখালীর মেগা প্রকল্পের সঙ্গে সমন্বয়
মহেশখালীতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে বিদ্যুৎকেন্দ্র, পাওয়ার হাব, টার্মিনালসহ বিভিন্ন বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্পের সঙ্গে পর্যটন উন্নয়ন পরিকল্পনার যেন কোনো ধরনের দ্বৈততা বা সমন্বয়হীনতা তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে কক্সবাজারের অবস্থান আরও শক্তিশালী হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পদ্মা সেতু সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার বিষয়ে তিনি জানান, স্থানীয়দের মধ্যকার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক রয়েছে। কথিত লকডাউনকে কেন্দ্র করে নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
সূত্র: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে যুবদলের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


কিশোরগঞ্জে যুবদলের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৬ : আজ জেলা যুবদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যা দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি আজ রোববার দুপুরে শহরের রথখলা এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক), জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এর আগে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে মূল বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপির ৬ ডিসি পদে নতুন নিয়োগ ও দায়িত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


সিএমপির ৬ ডিসি পদে নতুন নিয়োগ ও দায়িত্ব প্রদান

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডিসি (উপ-কমিশনার) পদে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি কালের কণ্ঠকে জানান, "নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমাদের সদস্যরা কাজ করছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল আনা হয়েছে।"

নতুন আদেশ অনুযায়ী, সিএমপির ডিসি পশ্চিম আলমগীর হোসেনকে ডিসি বন্দর জোনে পদায়ন করা হয়েছে। ডিসি বন্দর আমিরুল ইসলামকে ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিএমপিতে নতুন পদায়নকৃত ডিসি আরেফিন জুয়েলকে ডিসি নর্থ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিসি ট্রাফিক পশ্চিম নিস্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর জোনের ডিসির দায়িত্বও প্রদান করা হয়েছে।

ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনের ডিসি পদে পদায়ন করা হয়েছে। ডিসি নর্থ হাসান মোস্তফা স্বপনকে ডিসি ওয়েলফোর এন্ড ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পাকিস্তানি সিরিজ মুক্তির বিরুদ্ধে নেটফ্লিক্সকে বিক্ষোভের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ভারতে পাকিস্তানি সিরিজ মুক্তির বিরুদ্ধে নেটফ্লিক্সকে বিক্ষোভের হুমকি

ভারতে পাকিস্তানি সিরিজের মুক্তি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ মুক্তির বিরুদ্ধে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এবার বিক্ষোভের হুমকি দিয়েছে। সিরিজটি ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিরিজটির মুক্তি বন্ধ করার দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছে সংগঠনটি। তারা একই সঙ্গে নেটফ্লিক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে এআইসিডব্লিউএ জানায়, ভারতে সিরিজটির মুক্তি এবং প্রচারণা অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারি নির্দেশনা না মানার অভিযোগ তুলে নেটফ্লিক্স ইন্ডিয়ার কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানায় সংগঠনটি। তারা দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানায়।

এআইসিডব্লিউএ দাবি করে, সিরিজটির পাশাপাশি ভারতে পাকিস্তানি কনটেন্টের সব ধরনের উৎস বন্ধ করতে হবে। এর মধ্যে পাকিস্তানি তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলও অন্তর্ভুক্ত রয়েছে। নেটফ্লিক্সকে কনটেন্ট প্রদান বন্ধ করতে এবং প্ল্যাটফর্মটি বর্জন করতে ভারতীয় বিনোদন অঙ্গনের সদস্যদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

সিরিজটি ভারতে মুক্তি পেলে নেটফ্লিক্সের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করার হুমকিও দিয়েছে তারা। দর্শকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানানো হয়েছে। এআইসিডব্লিউএর পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের সেনাদের আত্মত্যাগ বিক্রির জন্য নয়।’

এর আগে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও (এফডব্লিউআইসিই) সিরিজটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিল। নেটফ্লিক্স ভারতে সিরিজটি প্রচার করলে দেশজুড়ে প্ল্যাটফর্মটির বিভিন্ন প্রযোজনার কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় সংগঠনটি। প্রয়োজনে চলমান প্রকল্প থেকে নিজেদের সদস্যদের সরিয়ে নেওয়ার কথাও জানায় তারা।

এদিকে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার নেটফ্লিক্সকে ২০২৫ সালের পাকিস্তানি কনটেন্ট বিষয়ক নির্দেশনা মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স মন্ত্রণালয়কে জানিয়েছিল, ভারতে তাদের গ্রাহকদের জন্য পাকিস্তানে নির্মিত কোনো চলচ্চিত্র বা সিরিজ প্রচার করা হয়নি। সাম্প্রতিক চিঠিতে সেই অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ। এটি পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের ২০১৩ সালে প্রকাশিত একই নামের জনপ্রিয় উর্দু উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। ছয়টি প্রেমের গল্প নিয়ে তৈরি সিরিজটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ।

এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলি আব্বাসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে গুলি করে কয়লাখনির ১১ শ্রমিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


বেলুচিস্তানে গুলি করে কয়লাখনির ১১ শ্রমিককে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ১১ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। রবিবার কোহলু জেলার একটি প্রত্যন্ত স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে খনিশ্রমিকদের বহনকারী দুইটি যানবাহন ছিনতাই করে। এরপর শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১১ জন নিহত হন।

তবে, এই হামলার দায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসা বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এদিকে, খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম অশান্ত অঞ্চল হিসেবে পরিচিত। এই প্রদেশটির সীমান্ত রয়েছে প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সঙ্গে। দীর্ঘদিন ধরে সেখানে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%