০৬:০৭ পি.এম
মুন্সীগঞ্জ জেলা কারাগারে দেশের কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখানে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু করা হয়েছে প্রথম ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। এ ছাড়াও বন্দিদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে এ সেবার অগ্রগতি পরিদর্শন সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। এ নতুন ব্যবস্থার মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সুযোগ পাবেন। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পরবর্তীতে অন্যান্য কারাগারেও এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার
আইজি প্রিজনস আরও জানান, বন্দিদের মানসিক সুস্থতা এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা, ডেপুটি জেলার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন