ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ


শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য খাতের দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে। বিশেষত, ওষুধ বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি সংক্রান্ত সমস্যা সমাধানে দুই দেশ সম্মিলিতভাবে কাজ করবে।

আজ বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজনের জন্য শ্রীলঙ্কাকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করার জন্য শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: উপসহকারী কৃষি কর্মকর্তার ২,৩৬০ পদে নিয়োগে আইনগত বাধা নেই: এটর্নি জেনারেল

দুই মন্ত্রী বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: ইসমাইল জবিউল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


জিয়াউর রহমান দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: ইসমাইল জবিউল্লাহ

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা ) এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ মন্তব্য করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যা রাজনৈতিক ক্ষেত্রের বাইরেও প্রভাব ফেলেছিল।

আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

মো. ইসমাইল জবিউল্লাহ উল্লেখ করেন, তাঁর (জিয়াউর রহমান) নেতৃত্বে দেশে প্রথমবারের মতো ‘মিক্সড ইকোনমি’ বা মিশ্র অর্থনীতি এবং পরবর্তীতে ‘ওপেন ইকোনমি’ ধারণার সূচনা হয়। সেই সময় ব্লক অর্থনীতির বাইরে এসে দেশের গ্রামীণ অর্থনীতি সচল হয়ে ওঠে এবং বেসরকারি উদ্যোক্তা ও শিল্প খাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হয়।

তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাক শিল্প (গার্মেন্টস ইন্ডাস্ট্রি) খাতের প্রসারে তাঁর সরকারের নীতি ও সহযোগিতা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব আজ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আট মাসের সরকার পরিচালনার প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা, হাসপাতাল স্থাপন এবং সামরিক বাহিনীর আধুনিকায়নের মতো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ব্যাংক ঋণ সহজীকরণ এবং আইটি খাতকে বেকারত্ব থেকে রেহাই দেওয়ার জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদের এক অনন্য প্রতীক হিসেবে দল ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দল ও রাষ্ট্রের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেবল নেতার ইমেজের ওপর সম্পূর্ণ নির্ভর করে বসে থাকলে চলবে না; দলের প্রতিটি কর্মীকে নেতার আদর্শ ধারণ করে মাঠে-ময়দানে কাজ করতে হবে। দেশে অর্থনৈতিকভাবে উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বেকারত্ব দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ ও অর্থনৈতিক নীতিগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব।

তিনি বলেন, অতীতে দেশের প্রতিটি সংকটে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী— সবাই মিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তার পেছনে ছিল এক গভীর প্রেরণা।

তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আড়ালে রাজনৈতিক লুটতরাজ, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, অর্থনীতিতে ‘বটমলেস বাসকেট’ বা তলাবিহীন ঝুড়ির খ্যাতি পাওয়া, পণ্যের সিন্ডিকেটকরণ, ব্যাংক লুট এবং রক্ষীবাহিনী সৃষ্টির মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে বিভাজনের সৃষ্টি করে রাষ্ট্রকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্রকে সম্মান না করে ১৯৭৫ সালের মার্চ মাসে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করা হয়।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদী শক্তি ও সেনাবাহিনীর একটি অংশের চক্রান্ত প্রতিহত করা হয়। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে একটি ইতিবাচক মিল রয়েছে— তা হলো সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সাধারণ সৈনিক ও জনগণের সংহতি। এটি ছিল মূলত জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ঐতিহাসিক মুহূর্ত।

উপদেষ্টা বলেন, সেই সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান সামনে এগিয়ে আসেন এবং দেশবাসীকে রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সিপাহিদের পাশাপাশি আপামর জনতাও এই বিপ্লবে অংশ নেয়, যা আধিপত্যবাদের বিরুদ্ধে এক শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ নেতার প্রতিষ্ঠান ইউটোপিয়া কনস্ট্রাকশন পেলো ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


আ.লীগ নেতার প্রতিষ্ঠান ইউটোপিয়া কনস্ট্রাকশন পেলো ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতাকর্মীদের প্রভাব অব্যাহত রয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ ও ঠিকাদারি কার্যক্রমে আ.লীগের নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে চলেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় প্রায় ৬০ কোটি টাকার ঠিকাদারি কাজ পেয়েছে আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির নাম ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তিনটি প্যাকেজের বিপরীতে প্রতিষ্ঠানটির মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে নগরীর বিভিন্ন সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং সংগৃহীত বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের মতো গুরুত্বপূর্ণ কাজ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। গত ৫ মে এসব কাজের জন্য ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

এই প্রতিষ্ঠানের একটি প্যাকেজ অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ প্যাকেজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা। এছাড়া অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার কাজ এবং অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড ও অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার কাজও পেয়েছে ইউটোপিয়া। তিনটি প্যাকেজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।

তথ্য অনুযায়ী, ফরিদ আহমেদ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা উত্তর সিটিতে তার ঠিকাদারি ব্যবসা পুরোনো। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে কোম্পানি খুলে চার বছরে (২০২১-২০২৪) মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে তিনি অন্তত ৮৩ কোটি টাকার কাজ পান। ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্রেড লাইসেন্স বর্তমানে ফরিদ আহমেদের স্ত্রী রামিহা আহমেদের নামে। তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ফরিদ আহমেদ আছেন ব্যবস্থাপনা পরিচালকের পদে।

ইউটোপিয়ায় ফরিদ আহমেদের অংশীদারিত্ব ৬০ শতাংশ, তার স্ত্রী রামিহা আহমেদের ৪০ শতাংশ। তবে প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে নিজেদের আড়াল করতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুবকর সিদ্দীককে প্রশাসনিক ক্ষমতা দিয়ে রেখেছেন এই নেতা।

ট্রেড লাইসেন্স থেকে স্ত্রীর নাম সরিয়ে নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে লাইসেন্স করান। পরে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্সের নিবন্ধন বহাল করেন। দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপির কার্যক্রমে স্বাক্ষরের ক্ষমতাও দেওয়া হয় কর্মকর্তাকে। নিজের মালিকানা ও সম্পৃক্ততা গোপনের জন্য নানা কৌশল অবলম্বন করে নতুন নামে ব্যবসা চালাতে আবার সক্রিয় হন আওয়ামী লীগের ওই নেতা। ইউটোপিয়া বর্জ্য ব্যবস্থাপনার যে তিনটি কাজ পেয়েছে, সেগুলো মূলত সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের। এসব কাজে চুক্তির তুলনায় কম কর্মী নিয়োগ ও তাঁদের কম মজুরি পরিশোধ করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

ঢাকা উত্তর সিটির ২৬টি ওয়ার্ডে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের কাজ বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়। এসব কাজের জন্য গত ৫ মে ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পেয়েছে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরেই ফরিদ আহমেদ বিভিন্ন কৌশল অবলম্বন করেন। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থেকে নিজের নাম সরানো দিয়ে। আওয়ামী লীগের পতনের দুই সপ্তাহ পর ১৯ আগস্ট ট্রেড লাইসেন্সে নিজের নামের বদলে প্রতিনিধি হিসেবে তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান রামিহা আহমেদের নামে লাইসেন্স ইস্যুর আবেদন করা হয়।

বিভিন্ন সময় কখনো স্ত্রীর নামে ট্রেড লাইসেন্স, কখনো তা পরিবর্তন করে প্রতিষ্ঠানের কর্মকর্তার নামে, শেষে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্স নিবন্ধন করা হয়। এর মধ্যে গত বছরের ১২ এপ্রিল ইউটোপিয়ার লাইসেন্সে স্ত্রী রামিহা আহমেদ নাম পাল্টে সিইও আবুবকর সিদ্দীকের নামে করার আবেদন করা হয়। আবেদনে যুক্ত বোর্ড সভার কার্যবিবরণীতে ব্যবস্থাপনা পরিচালক ফরিদ নিজেই ছিলেন। গত ১৭ মে ট্রেড লাইসেন্স আবার সিইও আবুবকরের পরিবর্তে রামিহা আহমেদের নামে করার আবেদন করা হয়। ইউটোপিয়ার ট্রেড লাইসেন্স ফরিদের স্ত্রী রামিহার নামেই রয়েছে। তবে সর্বশেষ বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী নিজেদের আড়াল করে দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপিসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা তথা স্বাক্ষর করার ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সিইও আবুবকর সিদ্দীক ও ব্যবস্থাপক শাহীন আলমকে।

২০২১ সালেই ফরিদের প্রতিষ্ঠান চারটি দরপত্রের কাজ পায়। যার প্রতিটিই ছিল ঢাকা উত্তর সিটির বিভিন্ন অঞ্চলের আওতাধীন ওয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। ওই সড়ক ঝাড়ু ও নালা পরিষ্কারে শ্রমিক নিয়োগ ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের কাজ। ওই চারটি কাজের আর্থিক মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা। অন্য কাজগুলোর বেশিরভাগই ছিল এমন শ্রমিক কিংবা কর্মী সরবরাহের। যে কাজে অনিয়মের মাধ্যমে কর্মী কম খাটিয়ে ও কম পারিশ্রমিক দিয়ে অর্থ আত্মসাৎ করা যায়। ফরিদের প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের পাওয়া ওই কাজগুলো মধ্যে ২০২২ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় অঞ্চল-৩ ও ৫-এর বর্জ্য সংগ্রহ, ২০২৪ সালে সাত কোটি টাকায় অঞ্চল-২ ও ৪-এর বিশেষ বর্জ্য সংগ্রহের কাজ, ২০২৩ সালে প্রায় সোয়া দুই কোটি টাকায় সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কার রয়েছে। ২০২৩ সালে ফরিদের মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট মশক নিধন কাজে কর্মী সরবারের কাজটি পায়। ওই কাজের চুক্তিমূল্য ছিল প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। ফরিদের প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার চারটি ঠিকাদারি কাজ পেয়েছে। ২০২২ সালে যান্ত্রিক শাখায় ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের ১৯ লাখ টাকার আরও একটি কাজ পায়।

ঢাকা উত্তর সিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার কিছু কর্মকর্তা ও প্রকৌশলীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। করপোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মী বিষয়টি জানেন।

ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, ইউটোপিয়ার মালিকানার বিষয়টি তার জানা ছিল না। এ রকম কিছু থাকলে তা খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন। ই-জিপিতে কোনো প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য থাকে না। সেখানে মূলত দরপত্রে প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করা হয়। কোন প্রতিষ্ঠান রেসপন্সিভ (যোগ্য) বা নন-রেসপন্সিভ (অযোগ্য) হবে, তা ই-জিপির প্রক্রিয়ায় নির্ধারিত হয়। এখানে তার কোনো হস্তক্ষেপ নেই। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে। দরপত্র প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে বোমা হামলার ভুয়া হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে বোমা হামলার ভুয়া হুমকি

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিভিন্ন স্কুলে শত শত হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এই ই-মেইলে বোমা হামলার হুমকি দেওয়ার পর কিছু স্কুল খালি করে দেওয়া হয়েছে। তবে পুলিশ এই হুমকিগুলোকে ভুয়া বলে মনে করছে।

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) একটি বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার সকালে অঞ্চলটির বিভিন্ন স্কুলে পাঠানো হুমকিমূলক ই-মেইল সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনাকে আপাতত ‘ভুয়া হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পুলিশকে জানানো হয়েছে যে, ৩০০টিরও বেশি স্কুল একই ধরনের হুমকিসংবলিত ই-মেইল পেয়েছে।

এ ঘটনায় কিছু স্কুল খালি করা হলেও, পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অ্যান্থনি ম্যাকন্যালি বলেন, ‘জনসাধারণের জন্য ঝুঁকির মাত্রা বর্তমানে কম বলে মূল্যায়ন করা হয়েছে।’

অন্যদিকে, স্কটল্যান্ডের বেশ কিছু স্কুলেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাওয়ার খবর পাওয়া গেছে।

ইতালির বিভিন্ন অঞ্চলে পূর্বে ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর শত শত স্কুল খালি করে দেওয়া হয়েছিল। এসব ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসহকারী কৃষি কর্মকর্তার ২,৩৬০ পদে নিয়োগে আইনগত বাধা নেই: এটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


উপসহকারী কৃষি কর্মকর্তার ২,৩৬০ পদে নিয়োগে আইনগত বাধা নেই: এটর্নি জেনারেল

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনার কারণে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই, আজ এ তথ্য জানিয়েছেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সরকার গত ৬ সেপ্টেম্বর উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য একটি চার সদস্যের কমিটি গঠন করে। এই কমিটি গঠনের বিরুদ্ধে ৫৫ জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট এই রিটের শুনানি নিয়ে ২৮ সেপ্টেম্বর রুল জারি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ কার্যক্রম স্থগিত করে। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি লিভ টু আপিল দাখিল করা হয়।

আজ আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত লিভ টু আপিলের শুনানি শেষে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশ দেন।

আজকের এই আদেশের ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি (৫৫ পদ সংরক্ষিতসহ) পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ করেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরি। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%