ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন বিএনপি নেতা বাবুল


গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন বিএনপি নেতা বাবুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী সাহেদুল আলম বাবুল। বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

কাজী সাহেদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়াও, প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুসারে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি

ইমেইলে বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও একই ধরনের হুমকি পাওয়ার খবর জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সরকারের মন্ত্রীদের একটি বৈঠকও ডাকা হয়েছে।

ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বুধবার এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা লা সেভেন টেলিভিশন চ্যানেলকে বলেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বোমা হামলার হুমকির শিকার হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ‘স্পষ্টতই এর পেছনে একটি কৌশল কাজ করছে। কারা এর পেছনে থাকতে পারে, তা এখনই বলা কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদের শনাক্ত করতে কাজ করছে।’

তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইমেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট, বাস্তব কোনো ঝুঁকির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং সাইবার হামলা।’

উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেও ভুয়া হুমকি

এদিকে বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানেও হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) তখন সেটিকে প্রতারণামূলক বলে ঘোষণা করেছিল।’

স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলো বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং সেগুলোকে ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তাগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই ধরনের গণহারে বোমা হামলার ভুয়া ইমেইল পাঠানো হয়েছিল।

চলতি মাসে ইউরোপজুড়ে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় বিভিন্ন ফ্লাইটের গতিপথ পরিবর্তন, উড্ডয়ন বন্ধ এবং যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজ পাহারা দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইউরোপের কয়েকটি শহরের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনাও ঘটেছে। হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা পরিবর্তন করে খাবার নষ্ট করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেয় হ্যাকাররা।

গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো একই ধরনের সাইবার হামলার সঙ্গে এসব হামলার মিল রয়েছে। ওই হামলায় দেশটির বহু সুপারমার্কেটের কার্যক্রম ব্যাহত হয় এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নারী ফুটবল দল চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


জাতীয় নারী ফুটবল দল চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত

চট্টগ্রাম, ১১ নভেম্বর ২০২৬ : আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই ম্যাচগুলোর প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) সবুজ মাঠে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারী ফুটবল দলের সদস্যরা।

সুরক্ষিত, নিরিবিলি ও মনোরম পরিবেশে নিজেদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। বাংলাদেশের মেয়েরা আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে সফর করবেন। দুই দল এখন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ দুটি ম্যাচেই জয়ী হয়েছে। ২০১৭ সালে সিঙ্গাপুরে ২-০ গোলে এবং ২০২৩ সালে ঢাকায় ৩-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। এবারের ম্যাচ দুটিতেও জয়লাভের আশা করছেন মারিয়া-আফঈদারা।

আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, কেইপিজেডের পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা মাঠে দলীয় অনুশীলনে ব্যস্ত রয়েছেন নারী ফুটবলাররা। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ফরাসি কোচ এরিক মেয়ারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কখনও বলের নিয়ন্ত্রণ, কখনো পাসিং, আবার কখনো আক্রমণ ও রক্ষণভাগের সমন্বিত কৌশল অনুশীলন করছেন খেলোয়াড়রা। গোলবারের সামনে গোলরক্ষকদের আলাদা অনুশীলনও চলছে। কোচরা মাঠের বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়ে খেলোয়াড়দের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন এবং প্রয়োজনীয় কৌশল বুঝিয়ে দিচ্ছেন। কখনও বিশেষ নির্দেশনা, কখনও কৌশলগত পরামর্শ, আবার কখনও নিজেদের মধ্যে বলের দ্রুত আদান-প্রদানের মধ্য দিয়ে এগিয়ে চলছে অনুশীলন। সবুজ ঘাসে ঢাকা বিস্তৃত মাঠ, চারপাশের সুশৃঙ্খল পরিবেশ এবং কর্মব্যস্ত শিল্পাঞ্চলের কোলাহল থেকে কিছুটা আলাদা নিরিবিলি আবহ প্রশিক্ষণের জন্য তৈরি করেছে অনুকূল পরিবেশ।

গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডে এই অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে প্রশিক্ষণ চালিয়ে যাবে দলটি। নিয়মিত কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে এক মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ফরাসি কোচ এরিক মেয়ার। তাঁর অধীনেই সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দল।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘নারী খেলোয়াড়দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে তাঁরা মাঠটি ব্যবহারের সুযোগ চেয়েছেন। আমরা জাতীয় নারী ফুটবল দলের অনুশীলনের জন্য কেইপিজেডের মাঠ ব্যবহারের সুযোগ করে দিতে পেরে আনন্দিত।’

‘একটি আন্তর্জাতিক ম্যাচের আগে খেলোয়াড়দের প্রস্তুতির জন্য ভালো মানের মাঠ ও উপযুক্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেইপিজেডের সুশৃঙ্খল ও সুরক্ষিত পরিবেশে তাঁরা মনোযোগ দিয়ে অনুশীলন করতে পারছেন। দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন- এটি অত্যন্ত গর্বের বিষয়। তাঁদের প্রস্তুতিতে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে কেইপিজেড কর্তৃপক্ষ গর্বিত। ভবিষ্যতেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের পাশে থাকার সুযোগ পেলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী।’

জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘কেইপিজেডের মাঠ ও পরিবেশ অনুশীলনের জন্য অত্যন্ত উপযোগী। এখানে খেলোয়াড়রা অনেকটা নিরবচ্ছিন্নভাবে প্রশিক্ষণ নিতে পারছেন। মাঠের পরিচ্ছন্নতা, সবুজ ঘাস এবং চারপাশের শান্ত পরিবেশ অনুশীলনে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে গোলরক্ষকদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্যও ভালো সুযোগ পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, কেইপিজেড কর্তৃপক্ষ যে আন্তরিকতা নিয়ে জাতীয় দলকে অনুশীলনের সুযোগ দিয়েছে, তা প্রশংসনীয়। এমন সহযোগিতা খেলোয়াড়দের মনোবল বাড়ায়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলকে সর্বোচ্চ প্রস্তুত করে তুলতে আমরা কাজ করছি।’

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘কেইপিজেডের মাঠে অনুশীলন করতে পেরে আমি এবং খেলোয়াড়রা খুবই খুশি। এখানকার সুন্দর ও শান্ত পরিবেশে অনুশীলনে পুরো মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। সতীর্থদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ তিনি বলেন, দলের সবাই কঠোর পরিশ্রম করছেন। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়ে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কাঙ্খিত জয় পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদী।

দলের তারকা খেলোয়াড় আফঈদা খন্দকার বলেন, একজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্সের জন্য মাঠের পরিবেশ ও অনুশীলনের সুযোগ অনেক গুরুত্বপূর্ণ। কেইপিজেডে এসে তাঁরা সেই সুযোগটি ভালোভাবেই পাচ্ছেন। এখানকার নিরাপদ পরিবেশে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অনুশীলন করা যাচ্ছে। তিনি বলেন, কেইপিজেড কর্তৃপক্ষের এই সহযোগিতা তাঁদের জন্য বিশেষ প্রাপ্তি। দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি শুধু প্রীতি ম্যাচ নয়, নিজেদের সক্ষমতা যাচাই এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ। ভালো প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ দুটিতে ইতিবাচক ফল অর্জন করতে চান তাঁরা।

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন দেশের অন্যতম পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। সবুজায়ন, পরিকল্পিত অবকাঠামো ও পরিচ্ছন্ন পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পাঞ্চল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে শিল্পায়নের সমন্বয়ের একটি দৃষ্টান্ত। এমন পরিবেশে জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন ক্যাম্প খেলোয়াড়দের প্রস্তুতিতে বাড়তি স্বস্তি ও অনুকূল পরিবেশ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুক্রবার শুরু

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বরিশাল সদর আসনের এমপি মুজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে তিন সহস্রাধিক ছাত্রী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

শুক্রবার সকালে অনুষ্ঠানের সূচনা হবে। উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দকে বরণ করে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এরপর নগর প্রশাসক এবং এ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন স্বাগত বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যের পরে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনসহ প্রধান অতিথির বক্তব্যের পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শতবর্ষ পূর্তির সূচনা করা হবে।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালার প্রথম দিনে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ বক্তৃতা, হাঁড়িভাঙা খেলা এবং চকলেট দৌড়ের পাশাপাশি স্মৃতিচারণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আহ্বায়ক ও নগর প্রশাসক জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েট অ্যান্ড সি: ডা. শফিকুর রহমানের মিথ্যাচারের জবাব শিগগির পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


ওয়েট অ্যান্ড সি: ডা. শফিকুর রহমানের মিথ্যাচারের জবাব শিগগির পাবেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়টি অস্বীকার করে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই মিথ্যাচারের জবাব শিগগিরই দেওয়া হবে।

আজ বুধবার, রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি প্রকাশ করেন।

তিনি মন্তব্য করেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’

এর আগে, রাশেদ খান একাধিক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ উত্থাপন করেন। তবে আজ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%