০৮:৪২ এম
আগামী ৫ আগস্ট ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। একই মাঠে ৭ আগস্ট দ্বিতীয় ম্যাচের পর উভয় দল বেলফাস্টে পাড়ি জমাবে। সেখানে ১০, ১২ এবং ১৫ আগস্ট সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইরিশ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএলে) অংশ নিতে তিনি দলে নেই। জিএসএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। গত মাসে ভারত সফরে যাওয়া দলের তালিকায় ছিলেন না ফরিদুল হক মালিক ও বিলাল সামি। আর চোটের কারণে দলে জায়গা পাননি স্পিনার মুজিব উর রহমান।
পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য দলে ফিরিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকী, ইয়ামিন আহমদজাই এবং সেলিম শাফিকে। দীর্ঘদিনের পর দলে ফেরা ফারুকী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন এই পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি। আহমদজাই ২০২২ সালের নভেম্বরে আফগানিস্তানের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো আফগানিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রহমত শাহ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রহমানউল্লাহ গুরবাজ। ২০২১ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে সহ-অধিনায়কের ভূমিকা পালন করে আসছেন রহমত শাহ। তিনি ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৫.২২ গড় অর্থাৎ ৪,১২১ রান)।
অধিনায়কত্ব ছাড়ার পর এই সিরিজে সাধারণ খেলোয়ার হিসেবে মাঠে নামছেন হাশমাতুল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে গত মাসে ভারতে অনুষ্ঠিত সিরিজ পর্যন্ত মোট ৫৫টি ওয়ানডেতে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
আফগানিস্তান স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমাতুল্লাহ শহীদি, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটকিপার), নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গজানফর, ইয়ামিন আহমদজাই, সেলিম শাফি, ফজলহক ফারুকী ও জিয়া উর রহমান শরিফী।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন