০৬:০১ পি.এম
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির সব বিভাগীয় প্রধানদের নিয়ে প্রশাসক একটি মিনি বাসে করে পরিদর্শন করেছেন। আজ শনিবার (৮ আগস্ট) তিনি উত্তরা নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করার পর পরিদর্শনে যান।
পরিদর্শনকালে উত্তরা সেন্টার, দিয়াবাড়ী মেট্রো রেল, উত্তর সিটি করপোরেশনের মিয়াকো বন, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর-১২, পল্লবী, কালশী, ইসিবি চত্বর, বনানী, কাকলী, মহাখালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের অংশ, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, হোটেল সোনারগাঁও এলাকা, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় তিনি পরিদর্শন করেন।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
এ সময় প্রশাসক উত্তরা মেট্রো রেল, দিয়াবাড়ী খাল, মিয়াকো বন, সংসদ ভবন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নিচে বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতির পরিদর্শন করেন। প্রশাসক সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে সচেতনতার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নগরী গড়ার পরামর্শ দেন।
এ সময় তিনি বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনগণের কাছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে পরামর্শও দেন।
ডিএনসিসির আওতাধীন যেসব এলাকা খালি রয়েছে, সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ঢাকা গড়ার ওপর জোর দেন। প্রশাসক সংশ্লিষ্ট পরিবেশ বিভাগের প্রধানকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: প্যারিস খাল বাঁচাতে ডিএনসিসির সহায়তায় মাঠে তরুণ স্বেচ্ছাসেবীরা
শেষে তিনি ডিএনসিসির বিভিন্ন এলাকার সমস্যা সমাধানে আলাদা আলাদা টিম গঠন করে দ্রুত সমাধানের নির্দেশ দেন।
পরিদর্শনকালে ডিএনসিসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, প্রশাসকের পিএস মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন