১২:৫১ পি.এম
নাহিদ রানার জন্য হয়তো আক্ষেপের অনুভূতি কাজ করছে। তিনি স্বগতোক্তির মাধ্যমে হয়তো বলছেন, ‘ইশ, আমারও এখানে থাকার কথা ছিল।’ আগামীকাল নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা যে ডারউইনে টেস্ট খেলতে নামবেন।
নাহিদও সতীর্থদের সাথে কাঁধে কাঁধ রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার সুযোগ পেতেন। অস্ট্রেলিয়া সফর যখন চূড়ান্ত হচ্ছিল, তখন হয়তো তিনি প্রতিপক্ষের মাঠে গতির ঝড় তোলার স্বপ্ন দেখছিলেন। কিন্তু কি নির্মম পরিহাস, চোটের কারণে তার স্বপ্ন পূরণে বাধা এসে দাঁড়ালো।
শিনবোনের চোটের জন্য নাহিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন। আফসোস হওয়া তাই খুবই স্বাভাবিক। কারণ, অস্ট্রেলিয়ার মাটিতে আবার কবে বল করার সুযোগ আসবে তা কেউ জানে না? ২৩ বছর পর বাংলাদেশ যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়েছে, এ দলের কারোও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
এদিকে, আফসোসটি শুধুমাত্র নাহিদের জন্য নয়, বাংলাদেশের জন্যও। কারণ, পেস সহায়ক উইকেটে নাহিদের গতির ঝড়ের প্রয়োজন ছিল বাংলাদেশেরও। দীর্ঘ সংস্করণের সিরিজে তার অনুপস্থিতি অনুভব করবেন বলে প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছেন। ইতিমধ্যে বিশ্বকে তার গতি দিয়ে মুগ্ধ করা নাহিদ সম্পর্কে শান্ত মন্তব্য করেছেন, ‘অবশ্যই ওকে মিস করব। এখন আসলে এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্য নাহিদ রানা এখানে নেই। তবে যেই পেস ইউনিটটা এখানে আছে, আমি বিশ্বাস করি তারা কন্ডিশনটি ভালোভাবে কাজে লাগাতে পারবে।’
ডারউইনের উইকেট বোলারদের জন্য একটু বেশি সুবিধাজনক হলেও ব্যাটারদের জন্যও সহায়ক হবে বলে শান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার তাই মনে হয়। উইকেটে ঘাস রয়েছে তবে আমার মনে হয় উইকেটটি ভালো হবে। তাই বোলিং এবং ব্যাটিং, দুই দিকেই সহায়ক হবে। তবে আমার ধারণা বোলাররা হয়তো একটু বেশি সুবিধা পেতে পারে। তাই উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং, দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন