ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ


প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

জীবিকার সন্ধানে ২০১০ সালে ইতালিতে পাড়ি জমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল। স্ত্রী-সন্তান নিয়ে প্রবাসে গড়ে তুলেছিলেন সুখের সংসার। কিন্তু দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুহূর্তেই শেষ হয়ে গেল সেই স্বপ্ন। ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় স্ত্রী ও কন্যাসহ নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে। নিহতের পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে বাবুলের প্রবাসী বন্ধু একই গ্রামের শাহাদাত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত কামাল উদ্দিন বাবুল (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে ফুফাতো বোনের জামাই আমিন উল্যার সহায়তায় তিনি ইতালিতে যান। প্রবাসে যাওয়ার আগে একই ইউনিয়নের মমতাজ বেগম আরজুকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আরজু এবং পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও শিশুকন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে ছেলে আমির হোসেন অয়ন ঘটনাটি দেখে ফেললে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে অয়নের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল, তার স্ত্রী ও কন্যাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অয়ন বর্তমানে ইতালির স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের বাবা সিরাজ আলম অভিযোগ করে বলেন, পূর্ববিরোধের জেরে একই এলাকার ইতালি প্রবাসী শাহাদাত নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী এখনও এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত বা গ্রেপ্তারের তথ্য জানায়নি।

এদিকে একসঙ্গে ছেলে, পুত্রবধূ ও নাতনিকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পুরো পরিবার। নিহতদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন ও দ্রুত বিচার দাবি করেছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: বিরোধীদলীয় নেতা

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাংলাদেশের স্বাধীন ফরেন পলিসিতে (পররাষ্ট্রনীতি) কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। সবার আগে দেশের স্বার্থ।’

তিনি আরও বলেন, ‘কোনো চুক্তিই হোক বা যাই হোক, তা হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়।’

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবটিকে সমর্থন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দেশ আমাদের সবার। আমরা সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই এবং তা বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সংসদকে বাইপাস (পাশ কাটিয়ে) করে যেন কিছুই না হয়, সবকিছু হোক সংসদের ভেতরে। এই সংসদ যেন সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। চুক্তিগুলো সংসদে এলে জনপ্রতিনিধিরা তা জানতে পারবেন এবং এর মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি হবে।’

প্রধানমন্ত্রীর সফর করা উভয় দেশকেই বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তবে দেশের বাণিজ্য ঘাটতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। আমাদের রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি। আমাদের রপ্তানির মূল দুটি জায়গা— তৈরি পোশাক (আরএমজি) ও জনশক্তি। একে বহুমুখী (ডাইভার্সিফাই) করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। এর জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। আশা করি, প্রধানমন্ত্রী তার সফরে এই বিষয়গুলো মাথায় রেখেই দুটি দেশের সঙ্গে আলোচনা করেছেন।’

রাজনীতিতে নতুন সংস্কৃতির প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘এখানে সরকারি দল সব ক্রেডিট (কৃতিত্ব) নেবে আর বিরোধী দল সবকিছুতে শুধু বিরোধিতাই করবে—ব্যক্তিগত ও দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে। আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘনের’ জন্য শনিবার ইরান যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। এই অভিযোগটি দেশটিতে সর্বশেষ মার্কিন হামলার পর করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো এই নৃশংস হামলাগুলো যুদ্ধ শেষ করার সমঝোতা স্মারকের একটি স্পষ্ট লঙ্ঘন।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।

তারা তাদের দাবি করে বলেছে, যে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী একটি পণ্যবাহী জাহাজে হামলা করার পর, এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে সমীকরণে ইরানের ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


যে সমীকরণে ইরানের ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত হবে

শেষ মুহূর্তে বাতিল হওয়া একটি গোলই ম্যাচের গল্প পরিবর্তন করে দিয়েছে। জয় থেকে বঞ্চিত হয়ে ১-১ গোলে ড্র করেছে ইরান মিশরের বিরুদ্ধে। ফলে সরাসরি ‘রাউন্ড অব ৩২’-এ যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে, তবে এখনও নকআউটে খেলার আশা বেঁচে আছে ইরানিদের।

শনিবার (২৭ জুন) সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে শুরুতেই একটি ধাক্কা খায় ইরান। ম্যাচের পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। এর পর পেনাল্টি পেলেও মেহদি তারেমির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবর।

তবে হতাশা কাটিয়ে ১৪তম মিনিটে দুরূহ কোণ থেকে দারুণ এক শটে সমতা ফেরান রামিন রেজায়িয়ান। এরপর দীর্ঘ সময় দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

নাটকীয়তা জমে উঠেছিল যোগ করা সময়ে। ৯৩তম মিনিটে শোজা খলিলজাদেহ যখন বল জালে জড়ান, তখন ইরান শিবিরে আনন্দের জোয়ার বয়ে যায়। সেই গোলটি তাদের নকআউট নিশ্চিত করতে পারতো। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়। এই ঘটনার পর মুহূর্তেই আনন্দকে হতাশায় বদলে দিতে দেখা যায়।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ থেকে ৫ পয়েন্ট নিয়ে বেলজিয়াম ও মিশর শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে তিন ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে ইরান।

তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে ইরান বর্তমানে ছয় নম্বরে রয়েছে এবং তাদের গোল ব্যবধান শূন্য (০)। ইতোমধ্যে তারা दक्षिण কোরিয়া, উরুগুয়ে ও স্কটল্যান্ডকে পিছনে ফেলতে সক্ষম হয়েছে।

এখন নকআউট নিশ্চিত করতে ইরানের প্রয়োজন বাকি গ্রুপগুলোর অন্তত একটি অনুকূল ফল। ইরান শেষ ৩২-তে জায়গা পাবে যদি নিচের যেকোনো একটি সমীকরণ মিলে যায়-

* ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া হারাতে হয়।

* আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যেকোনো একটি দল পরাজিত হয়।

* ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচটি ড্র হয়।

* অথবা উজবেকিস্তানের কাছে ডিআর কঙ্গো ৮ গোলের কম ব্যবধানে হারাতে হয়।

অর্থাৎ, ইরানের ভাগ্য এখন তাদের নিজেদের হাতে নেই। অন্য ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে তারা শেষ ৩২-এর টিকিট পাবে কি না। শেষ মুহূর্তে বাতিল হওয়া গোলটি তাই ইরানের জন্য সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
গবেষণার মানোন্নয়ন, বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধি এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল) থেকে থিসিস ডিফেন্স পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালায় মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৪২ জন স্নাতকোত্তর এবং ২ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, স্নাতকোত্তর (এমএস) ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা (সিনোপসিস) প্রণয়ন, গবেষণা নকশা তৈরি, গবেষণা পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, থিসিস এবং বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ্য। একই সঙ্গে একাডেমিক ও গবেষণা তহবিল প্রদানকারী সংস্থার উপযোগী গবেষণা পরিকল্পনা তৈরির বিভিন্ন কৌশলও তুলে ধরা হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কর্মশালায় সভাপতিত্ব করেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাসলিমা খানম।

অনুভূতি প্রকাশ করে স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিয়া মোত্তকী বলেন, গবেষণার শুরুতেই রিসার্চ গ্যাপ চিহ্নিত করা, গবেষণার পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে এমন বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। নিজেদের দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, গবেষণায় যেসব শিক্ষার্থীরা আসতে চায় এ ধরনের আয়োজন তাদের জন্য খুব কাজে দিবে। গবেষণায় নতুন শিক্ষার্থীরা প্রায়ই বুঝে উঠতে পারে না কোথা থেকে শুরু করবে। এই ধরনের কর্মশালা তাদের গবেষণার পথ সহজ করবে এবং দক্ষ গবেষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তাসলিমা খানম বলেন, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে হাতে-কলমে গবেষণার বিভিন্ন বিষয় শেখানো হবে। গবেষণা প্রস্তাবনা তৈরি থেকে শুরু করে চূড়ান্ত থিসিস ডিফেন্স পর্যন্ত প্রতিটি ধাপের সঠিক নিয়ম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার কৌশল এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে। সঠিক রেফারেন্স ব্যবহার, গবেষণার ফলাফল উপস্থাপন এবং মানসম্মত গবেষণা প্রকাশে এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণামূলক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের মধ্যে কর্মশালাটি ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করবে সৃষ্টি করবে বলে আশা করছি।'
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%