ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা


মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
গবেষণার মানোন্নয়ন, বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধি এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল) থেকে থিসিস ডিফেন্স পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালায় মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ৪২ জন স্নাতকোত্তর এবং ২ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, স্নাতকোত্তর (এমএস) ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা প্রস্তাবনা (সিনোপসিস) প্রণয়ন, গবেষণা নকশা তৈরি, গবেষণা পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, থিসিস এবং বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার দক্ষতা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ্য। একই সঙ্গে একাডেমিক ও গবেষণা তহবিল প্রদানকারী সংস্থার উপযোগী গবেষণা পরিকল্পনা তৈরির বিভিন্ন কৌশলও তুলে ধরা হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কর্মশালায় সভাপতিত্ব করেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাসলিমা খানম।

অনুভূতি প্রকাশ করে স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনিয়া মোত্তকী বলেন, গবেষণার শুরুতেই রিসার্চ গ্যাপ চিহ্নিত করা, গবেষণার পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে এমন বাস্তবভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। নিজেদের দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, গবেষণায় যেসব শিক্ষার্থীরা আসতে চায় এ ধরনের আয়োজন তাদের জন্য খুব কাজে দিবে। গবেষণায় নতুন শিক্ষার্থীরা প্রায়ই বুঝে উঠতে পারে না কোথা থেকে শুরু করবে। এই ধরনের কর্মশালা তাদের গবেষণার পথ সহজ করবে এবং দক্ষ গবেষক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. তাসলিমা খানম বলেন, দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে হাতে-কলমে গবেষণার বিভিন্ন বিষয় শেখানো হবে। গবেষণা প্রস্তাবনা তৈরি থেকে শুরু করে চূড়ান্ত থিসিস ডিফেন্স পর্যন্ত প্রতিটি ধাপের সঠিক নিয়ম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বৈজ্ঞানিক প্রতিবেদন লেখার কৌশল এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে। সঠিক রেফারেন্স ব্যবহার, গবেষণার ফলাফল উপস্থাপন এবং মানসম্মত গবেষণা প্রকাশে এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণামূলক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের মধ্যে কর্মশালাটি ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করবে সৃষ্টি করবে বলে আশা করছি।'
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং ঠেকাতে চালু করুন এই গুরুত্বপূর্ণ অপশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং ঠেকাতে চালু করুন এই গুরুত্বপূর্ণ অপশন

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা নতুন কিছু নয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে ফেসবুকে একটি দরকারি ফিচার রয়েছে, যার নাম ‘ভেরিফিকেশন সেলফি’। এটি অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করে এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও বড় ভূমিকা রাখে।

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো এই ভেরিফিকেশন সেলফি। এই ফিচারটি ব্যবহার করলে প্রয়োজনে মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ আপনার পরিচয় দ্রুত যাচাই করতে সক্ষম। ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়।

যেভাবে চালু করবেন:

ফেসবুক হেল্প সেন্টার থেকে জানা যায়, ফিচারটি চালু করতে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। সেখানে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসী থেকে সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টারে প্রবেশ করতে হবে।

এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ভেরিফিকেশন সেলফি নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি বেছে নিন।

পরবর্তী ধাপে নেক্সট বাটনে চাপলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার নেক্সট নির্বাচন করে স্টার্ট সেলফি অপশনে ক্লিক করতে হবে।

এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো অথবা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে, শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না, এরকম কোনো নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে প্রযুক্তি বিশেষজ্ঞরা শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী’র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে নকলা উপজেলা এনজিও ফোরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


প্রধানমন্ত্রী’র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে নকলা উপজেলা এনজিও ফোরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

প্রধানমন্ত্রী’র ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলের অংশগ্রহণের ধারাবাহিকতায় শেরপুরের নকলা উপজেলা এনজিও ফোরাম স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেছে। এর অংশ হিসেবে শনিবার উপজেলা এনজিও ফোরামের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের অনুকূলে বিভিন্ন প্রজাতির গাছের চারা হস্তান্তর করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)’র নির্বাহী পরিচালক লূৎফর রহমান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ আলী, মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমান, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুস সাকিব, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও প্রকল্প সংগঠক মো. নুর হোসেন, সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)’র শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান, শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক সুমন সরকার, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এবং উদ্দীপন ও আরডিএস-এর প্রতিনিধিগনসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পরে গাছের চারা গুলো বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে রোপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা মনোনিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ চৌধুরী

সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী মন্তব্য করেছেন যে, দেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করতে সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আজ সাধারণ আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় অধিবেশনটি সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আলোচনায় অংশগ্রহণ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক ক্ষেত্রের জন্য একটি নতুন মাত্রা নিয়ে এসেছে।

বিশেষভাবে সৃষ্ট চীন সফরকে তিনি উচ্চ পর্যায়ের একটি অত্যন্ত সফল সফর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এ সফরের জন্য সংসদ ও দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান তিনি।

আলতাফ হোসেন চৌধুরী উল্লেখ করেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্য বিগত সরকারের সময় বিভিন্নভাবে নির্যাতন, মামলা, কারাবাস ও হয়রানির শিকার হয়েছেন। গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে তারাও সংসদে এসেছেন।

সরকারের চার মাসের কর্মকা- তুলে ধরতে গিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যে সরকার কাবিখা, কাবিটা, টিআর এবং ভিজিএফ কর্মসূচির বরাদ্দ দিয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডার জন্য অনুদান, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী এবং ভান্তেদের ভাতা, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন এবং প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি কঠিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকটের মধ্যেও এই সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য তিনি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেগা প্রকল্প বাস্তবায়নে রক্ষণশীল নীতি বর্তমান সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


মেগা প্রকল্প বাস্তবায়নে রক্ষণশীল নীতি বর্তমান সরকারের

মেগা প্রকল্প তৈরি করে মানুষের মধ্যে উন্নয়নের একটি ধারণা সৃষ্টি করার মাধ্যমে মেগা লুটের উদ্দেশ্যে সরকার সম্পূর্ণরূপে অনাগ্রহী। ফ্যাসিস্ট আমলে গৃহীত কিছু মেগা প্রকল্পকে এখন বন্ধ করলে বড় ধরনের সমস্যা ও অপচয় হতে পারে এবং সেগুলোকে রেশনালাইজড করার জন্য বাছাই করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি বলেন, 'সরকার মেগা প্রকল্পের ব্যাপারে রক্ষণশীল। আমরা মেগা প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রিক ও প্রয়োজনীয় প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার খুব হতাশাজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার সচেষ্ট।'

শনিবার (২৭ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বাজেটের সুফল পেতে অর্থের যোগান ও বাস্তবায়ন দক্ষতা নিয়ে অনুষ্ঠিত এক ছায়া সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি প্রধান অতিথির বক্তৃতা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

জোনায়েদ সাকি বলেন, 'করের পরিধি বাড়ানোর জন্য খুদে দোকানিরা যাতে ন্যূনতম কর দিতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য হল, হয়রানির উদ্দেশ্যে নয়, ন্যায়ের ভিত্তিতে কর আদায় করা। সাধারণ মানুষকে মূল্যস্ফীতির অভিঘাত থেকে রক্ষা করার জন্য ৬০ টি নিত্যপণ্যের ওপর কর হ্রাস করা হয়েছে। করের পরিধি বৃদ্ধি করতে গিয়ে কেউ হয়রানি খাবে না।'

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 'আওয়ামী সরকারের ভুলনীতি, অনিয়ম, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে ভঙ্গুর পরিস্থিতি নিয়ে যাত্রা শুরু করেছে। সেই সময় রাজনৈতিক হস্তক্ষেপ ও সুশাসনের অভাবের কারণে বাজেটের প্রত্যাশিত সুফল জনগণ পায়নি। বাজেটের সুফল পেতে অর্থের যোগান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এর বাস্তবায়ন দক্ষতা আসলেই জরুরি। আওয়ামী সরকারের সময় বাজেটের অর্থ সঠিকভাবে ব্যবহার না করা হয়েছে, যা অবকাঠামোগত উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম সৃষ্টি করেছে। প্রতিটি প্রকল্পই অত্যধিক মূল্যে হয়। মেগা প্রকল্পের আড়ালে হয়েছে মেগা চুরি। এমনকি ছোট প্রকল্পগুলিতেও চুরি মেগা প্রকল্পের চুরিকে ছাড়িয়ে গিয়েছিল। রাজনৈতিক কারণে দুর্নীতির লক্ষ্যে বিদ্যুত ও জ্বালানি খাত কিছুমাত্র কোম্পানির কাছে ইজারা দেয়া হয়েছে।'

তিনি বলেন, 'সরকার বলছে চলমান তারল্য সংকট মোকাবেলায় টাকা ছাপানোর প্রয়োজন নেই। কিন্তু আমরা দেখছি, টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংককে ৯ হাজার কোটি টাকা ধার প্রদান করেছে কেন্দ্রীয় ব্যাংক। ভবিষ্যতে যদি আরো টাকা ছাপিয়ে এই সংকট মোকাবেলা করা হয়, তাহলে মূল্যস্ফীতি আরো বাড়বে। বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারকে শিল্প কলকারখানায় গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।'

তিনি আরো বলেন, 'সরকারের নীতি সহায়তার মাধ্যমে গ্যাস, বিদ্যুত ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না হলে বিনিয়োগ এবং কর্মসংস্থান মুখ থুবরে পড়বে। আওয়ামী সরকারের সময় গ্যাস প্রদানের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে উদ্যোক্তারা দেশি ও বিদেশি তহবিল নিয়ে কারখানা স্থাপন করলেও এখনো পর্যন্ত গ্যাস সংযোগ পায়নি। ৫৫০ টি ছোট, মাঝারি ও বড় শিল্প কারখানা গ্যাস প্রাপ্তির সব প্রক্রিয়া সম্পন্ন করলেও গ্যাস পাচ্ছে না। এ কারণে ২৩ হাজার কোটি টাকার অলস বিনিয়োগ পড়ে আছে। অথচ মাস গেলে সুদ পরিশোধ করতে হচ্ছে।'

কিরণ বলেন, 'এবার বাজেটে চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণের মতো ৬০ টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর কমানোর মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে অন্যদিকে মুদি দোকান, কনফেকশনারীসহ তৃণমূল পর্যায়ের ১৬ টি ব্যবসায়িক খাতে ভ্যাট আরোপ এবং জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি আবারও জনগণকে অস্বস্তিতে ফেলবে। ছোট ছোট ব্যবসায়ীদের ওপর নতুন করের বোঝা ভোক্তাদের উপরই পড়বে। ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে।'

“জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি” এই শিরোনামের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বক্তাগণ প্রাইমএশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, ইআরএফের প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক দৌলত আক্তার মালা, কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ফারুক আহাম্মদ (ফারুক মেহেদী) এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ। প্রতিযোগিতার সমাপ্তিতে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। এ ছায়া সংসদটি আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%