বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২৩ পি.এম
শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তাঁর পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার না করা হয়। তিনি উল্লেখ করেছেন যে, যদি এ ধরনের ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লুবাবা তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তাঁর অনুমতি ছাড়া কোন ব্যক্তি, গণমাধ্যম বা প্রতিষ্ঠান যেন পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, পোস্ট বা প্রচারণা প্রকাশ না করে।
লুবাবা আরও জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশে আগ্রহী নন। ধর্মীয় বিধান অনুসরণ করে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান তিনি। তাই, তাঁর পুরোনো ছবি ব্যবহার করে কোনো প্রচারণা বা সংবাদ প্রকাশ করাকে নিজের সিদ্ধান্ত ও সম্মতির পরিপন্থী বলে মনে করেন এই শিল্পী।
তিনি সতর্ক করেছেন যে, অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাষ্ট্রের আইনের আশ্রয় নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
ফেসবুক পোস্টে লুবাবা আরও লেখেন, "আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।"
পোস্টের শেষাংশে লুবাবা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা এবং ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়ে বলেন, তাঁর অনুমতি ছাড়া কোনো ছবি ব্যবহার না করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শাহজাদপুর শহরের ব্যস্ততম সড়কগুলোতে প্রতিদিনই যানবাহনের চাপ বাড়ছে। এর সঙ্গে সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা এবং অতিরিক্ত রিকশা-ভ্যান চলাচলের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ পরিস্থিতিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ, সড়কের জায়গা দখলমুক্ত রাখা এবং চালক ও পথচারীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, শাহজাদপুর শহরকে যানজটমুক্ত ও চলাচলের উপযোগী রাখতে নিয়মিতভাবে অভিযান ও তদারকি করা হচ্ছে। তবে যানজট নিরসনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; চালক, ব্যবসায়ী, পথচারী ও সাধারণ নাগরিকদেরও আইন মেনে চলতে হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের চলমান উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শাহজাদপুর শহরের যানজট অনেকটাই কমে আসবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়ক ব্যবস্থাপনা উন্নত করার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসনের চলমান কার্যক্রম ও জনসচেতনতা একসঙ্গে জোরদার করা গেলে ধীরে ধীরে শাহজাদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ