০১:৪৭ পি.এম
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুতিদের দখলে থাকা এলাকা পুনর্দখলের জন্য সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করেছে। সাম্প্রতিক সময়ে হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এই ঘোষণা এসেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। রবিবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “দেশের সব এলাকায় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।”
সরকারি বাহিনী হুতিদের দখলে থাকা রাজধানী সানা সহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর মধ্যে হুতিদের প্রধান ঘাঁটি উত্তরাঞ্চলের সাদাও রয়েছে। হুতিরা দাবি করেছে, জোটের ১২ ঘণ্টার ৫০টি হামলার জবাবে তারা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে। তবে সৌদি আরব এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ধ্রুব রাঠির বিরুদ্ধে ৮ বছরের পুরোনো মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি
গত মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বেশ কিছু এলাকা দখল করে, যার মধ্যে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব নৌপথের এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, হুতিরা তাইজ ও এডেনের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথের নিয়ন্ত্রণ নিয়েছে, ফলে তাইজ শহরটি কার্যত ঘেরাও হয়ে পড়েছে। তবে শহরটি এখনও ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
হুতিদের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবও ইয়েমেনে তাদের অবস্থানে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হুতি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি। এর আগে ইয়েমেনের সরকারি বাহিনী সানা, সা’দা ও তাইজসহ বিভিন্ন এলাকায় হুতিদের অবস্থানে হামলা চালায়। ২০১৪ সাল থেকে ইয়েমেনে সংঘাত চলছে। দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর সাম্প্রতিক সময়ে আবারও লড়াই তীব্র হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন