১০:৩৭ এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কনিকাড়া গ্রামের বাসিন্দা বাছির মিয়ার পুত্র।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নবীনগরে নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আশরাফ হোসেন রাজু। তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৩টার সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
গতকাল শুক্রবার রাতে জেলা পরিষদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলার নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর তাঁর নিজ গ্রামের খেলার মাঠে তৃতীয় জানাজা শেষে কনিকাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
তিনি নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আশরাফ হোসেন রাজুর এই অকাল ও মর্মান্তিক প্রয়াণে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক হাবিবুর রহমান আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন